স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় বাস খাদে পড়ে একজন কিশোরী (১৪) ও এক তরুণের মৃত্যু হয়েছে । এতে আহত হয়েছেন আরো ২৩ জন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. শাওনের (১৮) নাম জানা গেছে। তিনি নোয়াখালী সদর উপজেলার লালপুর এলাকার দিলু মিয়ার ছেলে।
আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা ইর্ষ্টাণ মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এশিয়া ক্লাসিক বাসটি ( ঢাকা মেট্টো-ব-১১-১৮২৩) অন্য কয়েকটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলে কিশোরীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর শাওন নামের আরো এক তরুনের মৃত্যু হয়।



























































