রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরে স্ত্রীর ভাড়া করা সন্ত্রাসীর হামলায় স্বামীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০১৫

pic muradnagar comilla- 27-07-15

মুরাদনগর প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সাহেবনগর গ্রামে স্ত্রীর ভাড়া করা সন্ত্রাসীর হামলায় স্বামী বাবুল মিয়া’র (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় আরো ৩ জন।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মো: বাবুল মিয়া উপজেলার শাহেবনগর গ্রামের তারু মিয়ার ছেলে। তিনি রামচন্দ্রপুর বাজারের পাশে শাহেবনগর গ্রামের জায়েদ আলী মার্কেটের ব্যবসায়ি ছিলেন। বাবুলের স্ত্রী নাজমা বেগম উপজেলার কৈজুরী গ্রামের মৃত মকবুল হোসেনের কন্যা।
আহতরা হলেন, বাবুলের বড় ভাই মোতালেব হোসেন(৪২), ছোট ভাই আবুল হোসেন(২৫) ও তার স্ত্রী। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে বাবুল মিয়ার সাথে তার স্ত্রী নাজমা বেগমের পারিবারিক কলহ ও নানা প্রকার বিবাদ চলছিল। পারিবারিক কলহের সূত্র ধরে বাবুলের সাথে ঝগড়া করে নাজমা বেগম পাশ্ববর্তী কৈজুরী গ্রামে বাবার বাড়িতে চলে যায়।

বিকেলে নিজ গ্রাম থেকে নাজমা বেগমের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী সাহেবনগর গ্রামে স্বামীর বাড়িতে এসে স্বামী বাবুল মিয়াকে লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই বাবুল মিয়ার মৃত্যু হয়।

এতে বাবুলের ভাই ও ভাবিসহ আরো ৩ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে বাবুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেকে) প্রেরন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি