বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোমেন উপকূল অতিক্রম করবে মধ্যরাতে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৫

Ctg-patanga-weather-3

ডেস্ক রিপোর্টঃ

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কোমেন’ ক্রমেই দুর্বল হয়ে পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত এটি স্থিতিশীল থাকলেও গত তিন ঘন্টায় ১৬ কিলোমিটার অগ্রসর হয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপকূল হয়ে নোয়াখালীর দিকে যাচ্ছে। সন্ধ্যা সাতটা নাগাদ চট্টগ্রাম বন্দর থেকে এটি ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এরআগে বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম আবহাওয়া অফিসের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানিয়েছিলেন, ঘুর্ণীঝড় কোমেন ক্রমেই দুর্বল হয়ে গতিপথ পরিবর্তন করে নোয়াখালীর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যা সাতটার পর এটির সুস্পষ্ট গতিপথ নিশ্চিত হওয়ার কথা জানিয়ে তিনি ওই সময় চট্টগ্রামকে আশংকামুক্ত বলেছিলেন। বিকেল ৩টা পর্যন্ত কোমেন চট্টগ্রাম থেকে ৬৬ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম আবহাওয়া অফিসে কর্মরত মাসুদ করিম বলেন, ঘূর্ণিঝড়টি বিকেলের পর ১৬ কিলোমিটার অগ্রসর হয়েছে। এটি ক্রমেই দুর্বল হয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এটি মধ্যরাত নাগাদ চট্টগ্রামের সন্দ্বীপের পাশ দিয়ে বঙ্গোপসাগারের মধ্য দিয়ে নোয়াখালী হয়ে বরিশাল-ভোলার উপকূল অতিক্রম করতে পারে।

তিনি আরো জানান, কোমেন দুর্বল হলেও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেত বিপদ সঙ্কেতের আওতায় থাকবে।

এদিকে ঘূর্ণিঝড় কোমেন এর প্রভাবে চট্টগ্রামে বৃষ্টিপাত ও দমকা হাওয়া থেকে ঝড়ো হাওয়া অব্যাহত থাকার কথাও জানিয়েছেন এ আবহাওয়া কর্মকর্তা।

Ctg patanga  Weather pho08এদিকে ঘূর্ণিঝড় ‘কোমেন’ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি করপোরেশন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বৃহস্পতিবার নগরী ও জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। চট্টগ্রামের উপকূলীয় উপজেলা আনোয়ারা, বাঁশখালী, সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপ উপজেলার প্রায় ৬০ হাজার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। বুধবার মধ্যরাত থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল হাসান বাংলামেইলকে জানান, সকাল ১০টায় দুর্যোগ মোকাবেলায় করণীয় নির্ধারণে জেলা প্রশাসনের এক জরুরী বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সর্তক বার্তা অনুযায়ী, ঘূর্ণিঝড় কোমেন আঘাত আনলে জানমালের নিরাপত্তা ও দুর্যোগ পরবর্তী করণীয় নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের দুর্যোগপূর্ণ ৫ উপজেলা ও মহানগরীর জন্য ২৭৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক। এছাড়া দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত শুকনো খাবার ও খাবার পানি এবং ওষুধ মজুদ রাখা হয়েছে। ঝুঁকি এড়াতে সকাল থেকে জেলা ও মহানগরীতে বিদ্যুৎ সরবরাহ পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে চট্টগ্রাম বন্দরের মুখপাত্র জাফর আলম বুধবার রাত ২টায় বাংলামেইলকে জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় রাত ১টায় বন্দরের জরুরী বৈঠক শেষে চট্টগ্রাম বন্দরে ৩ নম্বর অ্যালার্ট জারি করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বন্দর জেটির সব ধরণের পণ্য উঠা নামা বন্ধ রাখা হয়েছে। কর্ণফুলীর মোহনায় থাকা জাহাজগুলোকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। এছাড়া বর্হিনোঙরে অবস্থান করা জাহাজগুলোকে সার্বক্ষণিক ইঞ্জিন চালু রেখে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার উইং কমান্ডার নুর ই আলম চৌধুরী বাংলামেইলকে বলেন, ‘সাত নম্বর সর্তক সংকেত দেখা দিলেও কাল রাত ১১টা থেকে বিমান বন্দরে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে এখনো বিমান বন্দরের অপারেশন স্বাভাবিক রয়েছে।’

এদিকে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্ততি রয়েছে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব রশীদ আহমেদ বলেন, ‘ঘূর্ণিঝড় মোকবেলায় সিটি করপোরেশন পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবেলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। নগরীর সব স্কুল কলেজে ছুটি ঘোষণা করে সেখানে দুর্গত মানুষজনকে আশ্রয় দিতে বলা হয়েছে।’

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব বিভাগে অনুষ্ঠিতব্য পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে টানা বৃষ্টিপাত হলেও কোথাও তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি