ডেস্ক রিপোর্টঃ
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের একটি মসজিদে বৃহস্পতিবারের (৬ আগস্ট) বোমা হামলায় চার বাংলাদেশি নিহত হয়েছেন।
এরা হলেন- আফাজ উদ্দিন, মো. জীবন, মইনুল মৃধা ও বেলাল হোসেন। আফাজের বাড়ি লক্ষ্মীপুরে, আর জীবনের বাড়ি কুমিল্লায়। অপর দু’জনের ঠিকানা জানা যায়নি।
জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল আজিজুর রহমান শনিবার (৮ আগস্ট) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, হামলায় আরও চার বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে দিনাজপুরের চাঁন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উড়োজাহাজে রিয়াদে নিয়ে আসা হয়েছে।
হতাহতরা সবাই সেখানে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানান কনসাল আজিজুর রহমান।
আসির প্রদেশের আভা শহরের মসজিদটিতে ওই আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মসজিদটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনাকারী স্পেশাল উইপোনস অ্যান্ড টেকটিকস (সোয়াত) ইউনিটের। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
























































