
আজিজুর রহমান, বরুড়াঃ
বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের এগারগ্রাম পশ্চিমপাড়া প্রবাসী আনোয়ার হোসেনের বসতঘর নির্মাণের তিন দিন পর ভাংচুর করে ঘর ভেঙ্গে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জানা যায়, প্রবাসী আনোয়ার হোসেন ২/৩ মাস পূর্বে পাশ্ববর্তী হুরুয়া গ্রামের আবুল হাসেমের কাছ থেকে সাড়ে ১০ শতাংশ জায়গা খরিদ করে। এরপর ঐ জায়গা ভরাট করে একটি টিনশেড ঘর নির্মাণ করে। গত বুধবার গভীর রাতে হঠাৎ অতর্কিত ভাবে সন্ত্রাসী কায়দায় নতুন টিনশেড ঘরটি ভাংচুর করে পিকআপ যোগে নিয়ে যায়। এ দিকে জায়গার মালিক আনোয়ার হোসেন জায়গা ক্রয়ের পর থেকে হোসাইন বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছিল। এই নিয়ে প্রবাসী আনোয়ার হোসেনের ভাই শিব্বির আহমেদ গত ১১ই আগষ্ট বরুড়া থানায় চারজনের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়রী করে। এরা হলেন হুরুয়া গ্রামের মৃত লুতু মিয়ার পুত্র আবুল হোসেন প্রকাশ হোসাইন আহমেদ, আবুল বাশারের পুত্র আবদুল বারীক, হাজী লুতু মিয়ার পুত্র আবদুল কুদ্দুস। শিব্বির আহমেদ জানান, আমাদের ধারণা হোসাইন আহমেদ তার সাঙ্গপাঙ্গো ও বিভিন্ন এলাকা ভাড়াটিয়া লোক এনে রাতের অন্ধকারে ঘরটি ভেঙ্গে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, হোসাইন আহমেদ জায়গা পাবে দাবী করছে, তারা ঘটনার সাথে জড়িত থাকতে পারে। এ দিকে বরুড়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন, ঘটনাটি শুনেছি। তবে সেখানে ঘর ছিল কিনা জানিনা। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

















































