শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সীমান্তে অস্ত্রসহ বিএসএফ’র ২ সদস্য আটক, রাতে ফেরত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০১৫

DSC_1884

 

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

।।কুমিল্লা সীমান্তে বিএসএফ’র হামলায় ৬ জন আহত।।

গরু ব্যবসায়ীকে ধাওয়া করে কুমিল্লার সীমান্তে ঢুকে বাংলাদেশীদের রক্তাক্ত আহত করে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বৌয়ারা সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্যকে অস্ত্রসহ আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে সোর্পদ করেছে স্থানীয় লোকজন। পালিয়ে সীমান্ত পাড়ি দিয়েছেন আরো এক বিএসএফ সদস্য। রাত ৯ টায় কটকবাজার সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যদের ফেরত দেয়া হয়।

এ সময় তাদের কাছ থেকে দু’টি রাইফেল, গোলাবারুদ ও দু’টি ওয়াকি টকি পাওয়া যায়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে তাদের আটক করা হয়।

বিএসএফ’র হামলায় আহতরা হলেন, কুমিল্লার বলারডেফা গ্রামের মোস্তফা কামাল (৪৫) ও তার ছেলে কামরুল ইসলাম (১৫) । আহত অন্য ৪ জনের পরিচয় পাওয়া যায়নি।

আটক হওয়া বিএসএস সদস্যরা হলেন, ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের সিপাহী রবিউল ইসলাম ও মুকেশ কুমার।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোখলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বৌয়ারা বাজার ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্ধ্যায় ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী কুলদীপ সিং এর নেতৃত্বে বিএসএফ সদস্যদের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সিপাহীদের কটকবাজার সীমান্ত দিয়ে রাত ৯ টায় ফেরত দেয়া হয়েছে। আমরা বিএসএফ সদস্যদের অনুপ্রবেশের তীব্র প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে যাতে এমন ধরণের ঘটনা পুনরায় না ঘটে সেজন্য তাদেরকে অনুরোধ করেছি।

তাদের কাছ থেকে দু’টি রাইফেল, গোলাবারুদ ও দু’টি ওয়াকি টকি পাওয়া গেছে। তারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে।

এদিকে স্থানীয়রা জানায়, ৩ জন বিএসএফ সদস্য রাজ্জাক নামের এক গরু ব্যবসায়ীকে ধাওয়া করে ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের ভিতরে কুমিল্লার বলারডেফা গ্রামে প্রবেশ করে। এ সময় তারা ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। তারা রাজ্জাককে না পেয়ে তারা মোস্তফা কামাল (৪৫) নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে আরো এক রাউন্ড গুলিবর্ষণ করে খামার থেকে গরু নিয়ে সীমান্তের দিকে রওনা দিলে মোস্তফা কামাল এটিকে নিজেদের গবাদি পশু বলে দাবি করলে বিএসএফ সদস্যরা রাইফেলের বাট দিয়ে মোস্তফা কামালের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এছাড়া বিএসএফ’র গুলির আঘাতে মোস্তফা কামাল তার পেটের ডান পার্শ্বে সামান্য আহত হয়।এরপর মোস্তফা কামালের ছেলে এসএসসি পরীক্ষার্থী কামরুল ইসলাম (১৫) ছুটে আসলে তাকে রাইফেল দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা ছুটে আসলে আরো ৪ জনকে তারা পিটিয়ে আহত করে। এক পর্যায়ে গ্রামবাসী এক হয়ে দুইজন বিএসএফ সদস্যকে আটক করে বৌয়ারা বাজার বিজিবি ক্যাম্পে সোপর্দ করে। আর এ সময় বিএসএফ টহল দলের সদস্য রিয়াজ আহমেদ ২ রাউন্ড ফায়ার করে পালিয়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি