শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত, অস্ত্রসহ ৮ ডাকাত আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৫

comilla-db-robber-22.8.15

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পেরুল এলাকার এমআর ব্রীক ফিল্ডের সামনে পাকা রাস্তার পাশে ডাকাতির প্রস্তুতি কালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল কাদের (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন ডাকাত পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত ৩ জনসহ ৮ ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (২২ আগস্ট) ভোর ৪টা ২৫ মিনিটের দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ সংঘটিত হয়। নিহত ডাকাত আব্দুল কাদের (৩৫) মনোহরগঞ্জ উপজেলার বড় নিকন্দ গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে । আহত ৩ ডাকাত হলেন, মনোহরগঞ্জ উপজেলার দিসাবন্দ গ্রামের মোঃ আরব আলীর ছেলে সৌরভ চৌধুরী(১৮), গোয়ালীয়ারা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মোঃ নিয়ামত উল্ল্যাহ(৩৪) ও চাদঁপুর জেলার ষোলঘর গ্রামের বিল্লাল গাজীর ছেলে মোঃ জাহাঙ্গীর গাজী(৩০)। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আটক হওয়া ৫ ডাকাত হলেন, মনোহরগঞ্জ উপজেলার দিসাবন্দ গ্রামের সৈয়দ আহাম্মদের ছেলে মোঃ শহিদুল ইসলাম(৩৫), বড় নিখন্ড গ্রামের নজির আহাম্মদের ছেলে মোঃ জামাল উদ্দিন(২৫), তাহেরপুর মোল্লাবাড়ী গ্রামের সামছুল হক মোল্লার ছেলে মোঃ জুয়েল(২০), তাহেরপুর গ্রামের আঃ মতিনের ছেলে মোঃ বাবলু(৩০), চান্দিনা উপজেলার খৈসারা গ্রামের নূরুল ইসলামের ছেলে মোঃ নোমান মিয়া(২৯)। তাদের কাছ থেকে ১টি অত্যাধুনিক শুটারগান, ৩টি এলজি, ৫ রাউন্ড গুলি, ৩টি ছুরি এবং ৫টি কালো মুখোশ এবং ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাস (নং-ঢাকা মেট্রো-চ-১১-৮৬৫৪) উদ্ধার করা হয়। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আদিল মাহমুদ এ খবর নিশ্চিত করেন।
ডিবি পুলিশ সূত্র জানায়, উপ-পরিদর্শক ( এসআই) শাহ কামাল আকন্দ, এসআই মোঃ সহিদুল ইসলাম, এসআই মোঃ আদিল মাহমুদ, এসআই মোঃ জিল্লুর রহমান, এসআই মোঃ আবু নাছের, এএসআই মোঃ মাহফুজুর রহমান, এএসআই মোঃ নজরুল ইসলাম ও এএসআই মোঃ হান্নান খান সঙ্গীয় ফোর্সসহ ভোররাতে লাকসাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা শেষে কুমিল্লা শহরে ফেরার পথে ভোররাত ৪ টা ২৫ মিনিটের সময় সদর দক্ষিন উপজেলার পেরুল এলাকার এমআর ব্রীক ফিল্ডের সামনে পাকা রাস্তার পাশে ১২/১৫ জনের একটি ডাকাত দল নোয়াখালীগামী ১টি যাত্রীবাহী বাস ডাকাতির উদ্দেশ্যে থামানোর চেষ্টা করিলে বাসটি দ্রুত বেগে চলে যায় এবং যাত্রীরা ডাকাত ডাকাত বলিয়া চিৎকার করলে ডিবি পুলিশের টিমটি ঘটনাস্থল অতিক্রমের সময় তাৎক্ষনিক নেমে ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।
এ সময় ডিবির এসআই মোঃ শাহ কামাল আকন্দ, এএসআই মোঃ মাহফুজুর রহমান, কং/১২৩৩ স্বপন কুমার দে আহত হলে আত্মরক্ষার্থে পুলিশও শটগানের পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ডাকাত দল বিচ্ছিন্ন হয়ে এলোপাথাড়িভাবে গুলি ছুড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে মোঃ আঃ কাদের(৩৫), সৌরভ চৌধুরী(১৮), মোঃ নিয়ামত উল্ল্যাহ(৩৪) ও মোঃ জাহাঙ্গীর গাজী(৩০) আহত অবস্থায় আটক হয়।
এ সময় আহত ৪ জনের কাছ থেকে ১টি অত্যাধুনিক শুটারগান, ৩টি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদিকে মোঃ শহিদুল ইসলাম(৩৫), মোঃ জামাল উদ্দিন(২৫), মোঃ জুয়েল(২০), মোঃ বাবলু(৩০) ও মোঃ নোমান মিয়া(২৯) নামের আরো ৫ ডাকাত দৌড়ে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছুরি , ৫টি কালো মুখোশ এবং ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। পরে আহত পুলিশ সদস্য এবং ডাকাতদের তাৎক্ষনিক চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে কর্তব্যরত ডাক্তার ডাকাত আঃ কাদেরকে মৃত ঘোষনা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি