ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগ নেতার হাতে কিশোর খুন, বাড্ডায় এলাকায় আধিপত্য বিহারের জেরে ট্রিপল মার্ডার, চাঁদপুরের কচুয়ায় স্কুলশিক্ষক ও শিক্ষার্থীদের ওপর যুবলীগের হামলা, মাগুরায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের চাঁদাবাজি, ছিনতাই, মুক্তিপণ আদায়ের মতো ঘটনাগুলোয় অসন্তোষ বাড়ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যেই। সরকার এবং দলের কতিপয় নেতাকর্মীর এমন বিতর্কিত কর্মকা- মেনে নিতে পারছেন না বেশিরভাগ নেতাকর্মী। বিভিন্ন আড্ডা-আলোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এসব ঘটনার পর কোনো বিবেকবান মানুষের আর শান্ত থাকার সুযোগ নেই।
প্রবীর সিকদারের পরিবারের ১৪ সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হন। শহীদ পরিবারের এ সন্তানকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে সর্বত্র। খোদ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলা শুরু করেছেন। তবে ক্ষমতাসীন দলের সিনিয়র নেতারা রাজনৈতিক কৌশলের কারণে এ বিষয়ে মুখ খুলছেন না। সাংবাদিক প্রবীর সিকদারের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। অবশেষে কোর্ট থেকে জামিন পাওয়ার পর মুক্তি পেয়েছেন সাংবাদিক প্রবীর সিকদার।
গত বৃহস্পতিবার এলাকায় আধিপত্য বিস্তারের জেরে বাড্ডায় খুন হয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মী। এই হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন মিলন। আর কিলিং মিশনে অংশ নেওয়া সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। এর আগে চাঁদপুরের কচুয়ায় ১৫ আগস্ট উপলক্ষে দাবিকৃত চাঁদা না দেওয়ায় গত ১৬ আগস্ট যুবলীগ নেতাকর্মীদের হাতে প্রহৃত হন স্কুলের শিক্ষক ও কোমলমতি ৪০ শিক্ষার্থী। তাদের মধ্যে গুরুতর আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৩ জুলাই আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন এক মা ও তার গর্ভের শিশু। গত সোমবার রাজধানীর হাজারীবাগে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগে মো. রাজা নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেন হাজারীবাগ থানা ছাত্রলীগ নেতা মো. আরজু মিয়া। এমনকি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসেও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। এর মধ্যে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় ক্ষমতাসীন দলের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে কুপিয়ে হত্যা করা হয় সবুজ নামে এক যুবলীগকর্মীকে। এমন বেশ কিছু ঘটনায় এখন সমালোচনার তীর ছুটছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দিকে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন তিনি।
অপরাধীদের বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল কিংবা অন্য যে কোন দলেরই সদস্য হোক না কেন, কেউ অপরাধী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’ আজ বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
সামগ্রিক বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা একটি জাতীয় দৈনিকে বলেন, আমাদের দলের কিছু নেতাকর্মীর কারণে আমরা লজ্জায় পড়ি। সম্প্রতি বেশকিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এসব বিষয়ে কথা বলতে মাঝেমধ্যে আমাকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক শোতে ডাকা হয়। কিন্তু আমি চেষ্টা করি এড়িয়ে যেতে। কারণ আমি প্রকাশ্যে দলের বিরুদ্ধে বলতে পারি না, আবার মানুষ হিসেবে মন থেকে এ ধরনের অপরাধ মেনে নিতেও পারি না।
এদিকে বিএনপির নেতাদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কার করেছেন অনেকেই এরপরই কঠোর অবস্থান নিয়েছে সরকার, নড়েচড়ে বসেন প্রশাসন। নিজ দলের সন্ত্রাসীদের বিরুদ্ধেও নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। দু’দিনে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট তিন জন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে র্যাবের সঙ্গে বর্ণিত বন্দুকযুদ্ধে মারা যান হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া। পিটিয়ে এক কিশোরকে হত্যার মামলার প্রধান আসামি ছিলেন তিনি। ওদিকে, মাগুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন মেহেদী হাসান ওরপে আজিজুর শেখ। মাতৃগর্ভে শিশুকে গুলি করার বহুল আলোচিত মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। আজিজুর শেখ ছাত্রলীগের সাবেক নেতা। বুধবার রাতে কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন জাকির হোসেন। শোকদিবসের দিন কুষ্টিয়ায় ক্ষমতাসীন দল সমর্থিত দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার মামলার সন্দেহভাজন আসামি ছিলেন তিনি।
সর্বশেষ রাজধানীর ওয়ারীতে গুলিবিদ্ধ ব্যবসায়ী আব্দুল মান্নান (৩২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার সকালে রাজধানীর অ্যাপলো হাসাপাতালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার ১৮ আগস্ট দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মান্নান র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। তিনি এলাকায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত বলে জানা গেছে।
সরকারের এই হার্ডলাইন নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হাজারীবাগ থানা আওয়ামী লীগ আরজু মিয়া হত্যার প্রতিবাদ জানিয়েছে। কথিত বন্দুক যুদ্ধে নিহত মো.আরজু মিয়াকে মোটা অংকের অর্থের বিনিময়ে র্যাবই হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে।
বুধবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘কথিত বন্দুক যুদ্ধের হোতা র্যাব-২ এর কর্মকর্তাদের ফাঁসি চাই’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন হাজারীবাগ থানা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশ ও চিন্তার স্বাধীনতা সুরক্ষিত থাকতে হবে। সাংবাদিক প্রবীর সিকদারের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা মানবাধিকার লঙ্খনের শামিল।’এ সময় সাংবাদিক শওকত মাহমুদের ব্যাপারেও নির্বাহী বিভাগ যথেচ্ছাচার করেছে, যা কাম্য নয়- যোগ করেন তিনি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত শোক দিবসের সভায় বুধবার সকালে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘যদি কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে আইনি ও বিচার প্রক্রিয়ায় যেতে হবে। এর পর তিনি দোষী না নির্দোষ সেটা সাব্যস্ত করতে হবে। তার আগে কারোর ব্যাপারেই যেন কোনো ধরনের উপসংহার টানা না হয়, বিশেষ করে নির্বাহী বিভাগ থেকে উপসংহার টানা না হয় সেটা আমরা প্রত্যাশা করি।’
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, বিচার বহির্ভুত এ হত্যা কোনভাবেই মেনে নেয়া যায় না। তবে সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, সরকার কঠোর অবস্থান নিয়েছে। অ্যাকশন শুরু হয়ে গেছে। খুব দ্রুত এই প্রবণতা কমে যাবে। ইতিমধ্যেই তারা বার্তা পেয়ে গেছে। সূত্র জানায়, দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নানা ধরনের অপরাধমূলক কর্মকা- সরকারকে বিব্রত করেছে। নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার পর এসব ব্যাপারে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের বিষয়টি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়েও এরইমধ্যে জানিয়ে দেয়া হয়েছে। এরপরই আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে নেমে পড়ে। অনেকেই মনে করেন, উদ্ভুত পরিস্থিতিতে সরকারের সামনে আর কোন বিকল্প ছিল না। সন্ত্রাসের লাগাম টেনে ধরতে কঠোর পদক্ষেপই প্রয়োজন ছিল। যদিও কেউ কেউ মনে করেন, ক্রসফায়ার শেষ পর্যন্ত কোন সুফল বয়ে আনে না। স্বল্প মেয়াদে তা কার্যকর মনে হলেও দীর্ঘ মেয়াদে তা বিচারহীনতার সংস্কৃতির জন্ম দেয়। দ্রুত বিচারকেই সর্বোত্তম সমাধান মনে করেন তারা।























































