ডেস্ক রিপোর্টঃ
এক, দুই, তিন, চার এভাবেই ছাড়িয়ে যাচ্ছে ক্রসফায়ারে মৃতের সংখ্যা। এবার টার্গেট সরকারি দল আওয়ামী লীগ, যুবলীগ কিংবা ছাত্রলীগ। ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকা- নিয়ে কম বিতর্ক হয়নি। এর শুরু আছে শেষ নেই। বিএনপি অপারেশন ক্লিন হার্ট দিয়ে শুরু করেছিল। বিএনপির অনেক নেতা বা সমর্থক এতে প্রাণ হারিয়েছেন। এজন্যে রাজনৈতিকভাবে বিএনপিকে খেসারত দিতে হয়েছে। মাঠপর্যায়ে বিএনপির যে সব পাতি থেকে শুরু করে উপনেতা মারা গেছেন, কিংবা প্রভাবশালী ছাত্রনেতা, তাদের স্থান পূরণ করে নিয়েছে বিপক্ষ রাজনৈতিক দল। এরশাদের একটা আক্ষেপ আছে, জাতীয় ছাত্রসমাজ বিলুপ্ত না করলে হয়ত জাতীয় পার্টি আরো কিছু সময় আয়ু পেত।
আপাতত এধরনের ক্রসফায়ারে জনসমর্থন পাওয়া যাবে। নির্ঘাত মনে হবে এছাড়া আর কি উপায় ছিল। আইনের শাসন বা পরিস্থিতিই বাধ্য করছে ক্রসফায়ারকে আমন্ত্রণ জানাতে। কিন্তু যাদের ক্রসফায়ারে ফেলা হচ্ছে তাদের গডফাদাররা চিরকাল রাজনৈতিক দুর্বৃত্তায়নের বৃত্তের মধ্যে থেকে অট্টহাসি হাসেন। এজন্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সংসদে দাঁড়িয়ে বলতে হয়েছিল, শেয়ারবাজার কেলেংকারীদের সঙ্গে জড়িতরা এতই শক্তিশালী যে তাদের নাম পর্যন্ত উচ্চারণ করা যাবে না। সেই তুলনায় যারা ক্রসফায়ারে মারা পড়ছে এদের অপকর্ম ক্ষুদ্র কিন্তু পরিমাণে ব্যাপক হয়ে যাওয়ায় ক্রসফায়ার চলছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের শীর্ষ নেতা একাধিকবার হুঁশিয়ার করেছেন, সন্ত্রাসের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। কিন্তু সন্ত্রাসের আঁতুরঘর বৈষম্য, দলীয় কোন্দল, আধিপত্যের বিস্তার রোধ করতে রাজনৈতিক দলে যে গণতন্ত্রের প্রয়োজন ও জবাবদিহীতা ও স্বচ্ছতার কথা বলে আসা হচ্ছে দীর্ঘকাল সেদিকে কারো মনোযোগ নেই।
এই গণতন্ত্র ও আইনের শাসন রাজনৈতিক দলগুলোতে না থাকলে যেমন পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে, তেমনি এর অভাবে সারাদেশ জুড়ে নৈরাজ্য দেখা যায়। প্রশ্ন ওঠে সংসদ কতটা কার্যকর। বিরোধী দল কোথায়? গণতন্ত্রের এসব উপকরণের ঘাটতি থাকলে শুধু খোলস দিয়ে তো আর শেষ রক্ষা হয় না। বাধ্য হয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের সন্ত্রাসীদের বিপক্ষে তদ্বির না করার নির্দেশ দিতে হয়। তাহলে এতদিন তারা কি এধরনের তদ্বির করে করে সন্ত্রাসের বিস্তারে ভূমিকা পালন করে আসছিলেন। সুতরাং সুবোধ বালকের মনেও প্রশ্ন ওঠা স্বাভাবিক যারা গদফাদার তাদের কি হবে? তারা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে?
পৌরসভার বেওয়ারিশ কুকুর নিধনের মত লাগে ক্রসফায়ার। কিন্তু কুকুর যেমন প্রভুভক্ত প্রাণী তেমনি যারা এতদিন সন্ত্রাস করে আসছে, দুর্নীতি করে আসছে তাদের আইনের কাঠগড়ায় দাঁড় না করিয়ে কতগুলো লাশ ফেলে দিলে পরিস্থিতি শান্ত হয়ে যাবে তা ভাবা মুস্কিল। হয়ত পরিস্থিতির উন্নতি কিছুটা হবে। কিন্তু যাদের হাতে অবৈধ অস্ত্র আছে তা উদ্ধারের ব্যবস্থা না করে ক্রসফায়ার চলতে থাকলে বন্দুকের নল ঘুর যাবার মত আশঙ্কা থেকে যায়। এতে যে কোনো দলের ভেতর কোন্দল বেড়ে যায়। সাধারণ মানুষের তাতেও বিপদ। যারা ক্রসফায়ারে পড়ছে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার ব্যাপারে অভিভাবক থেকে শুরু করে সামাজিক প্রক্রিয়ার মধ্যে একটা তীব্র অভাব ও সংকট দুই আছে। এদিকেও নজর দেয়া জরুরি।
এতদিন বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যে ভাষায় কথা বলে আসছিলেন ক্রসফায়ার নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের মধ্যে তেমনি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হাজারীবাগ থানা আওয়ামী লীগ আরজু মিয়া হত্যার প্রতিবাদ জানানোর পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ মিডিয়াকে বলেছেন, বিচার বহির্ভুত এ হত্যা কোনভাবেই মেনে নেয়া যায় না।
আওয়ামী লীগের হাইকমান্ড থেকে এর জবাবও দিয়ে দেয়া হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, সরকার কঠোর অবস্থান নিয়েছে। অ্যাকশন শুরু হয়ে গেছে। খুব দ্রুত এই প্রবণতা কমে যাবে। ইতিমধ্যেই তারা বার্তা পেয়ে গেছে। এর আগে তারবার্তা চলে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে।
সরকারকে লড়তে হচ্ছে একাধিক ফ্রন্টে। সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতার করেও তথ্যমন্ত্রীকে এজন্যে দু:খপ্রকাশ করতে হচ্ছে। অন্যদিকে তিন গাড়ি হামলায় সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করেছে সরকার। বিরোধী দল বলে কিছু নেই। সরকারকে সুচিন্তিত পরামর্শ দিয়ে কোনো সাহায্য করতে উপদেষ্টারা তাহলে কি ব্যর্থ? সরকারের কাছে কি আর কোনো বিকল্প ছিল না। সন্ত্রাসের লাগাম টেনে ধরতে কঠোর পদক্ষেপই যে কেউ মেনে নেবে। কারণ সরকারের পাশাপাশি আম আদমি পর্যন্ত এক্ষেত্রে জিরো টলারেন্স দেখানোর পক্ষপাতি। কিন্তু ক্রসফায়ার স্বল্প মেয়াদে কার্যকর হয়ে শরীরের তাপমাত্রা কমিয়ে আনার মত প্যারাসিটামল যা দীর্ঘ মেয়াদে ‘খরচ ফায়ার’এ রুপান্তরিত নেবার একটা আশঙ্কা রয়েছে। যা অপারেশন ক্লিন হার্টের সময় থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জে নূর হোসেনের ইলেভেন মার্ডারে প্রমাণিত হয়ে আছে।
ক্রসফায়ার আপাত প্রতিষেধক হিসেবে যারা ভাল মনে করছেন তাদের মনেও আশঙ্কা তা যেন বিচারহীনতার সংস্কৃতির জন্ম না দেয়। কারণ বন্দুকের নল ঘুরে যাওয়াকে সবাই বিপদ বলেই মনে করেন। দীর্ঘদিন রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দেয়ায় জঙ্গিবাদি শক্তি আস্তে আস্তে মাথাচাড়া দিয়ে উঠছে। এচক্রের মূলহোতা হিসেবে বাংলাদেশি বংশদ্ভুত বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে র্যাব।
জনগণের ভোটকে উপেক্ষা করে সরকারকে চলতে হলে এমন সব উপসর্গ দেখা দিচ্ছে রাজনীতিতে যা আয়ত্বে আনতে গলদঘর্ম হতে হচ্ছে। এরচেয়ে অনেক সহজ ছিল আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক শক্তিশালী অবস্থান বা সংসদকে কার্যকর করে তোলা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে তাই বলতে হচ্ছে, ১৫ আগস্টে কি আমাদের ব্যর্থতা ছিল না? বড় দল হয়েও আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি।ৃএই যে ঘটনা ঘটে গেল, গোয়েন্দারা জানলো না, পুলিশ জানলো না, তার দল জানলো না। এটা হতে পারে না। আমি মনে করি এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে।ৃএর পেছনে আছে জাতীয় ও আন্তর্জাতিক শক্তি’।
তিনি আরো বলেছেন, ‘আমরা তো বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। দ্বিতীয়বার যদি এ ধরনের পরিস্থিতি আসে আমরা কি পারবো? আমরা কি প্রস্তুত? আমার তো মনে হয় না। দল ক্ষমতায়? ‘৭৫-এ তো আমাদের দলই ক্ষমতায় ছিল। আমরা কি রক্ষা করতে পেরেছি’?
গণতন্ত্র শক্তিশালী না হয়ে ওঠায় বেপরোয়া লুটপাট, রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের সম্পদের লুটপাট, রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের সম্পদ দখল, জোর-জবরদস্তি করে পরের জমি দখল, নদী দখল, টেন্ডার বাক্স দখল লুটপাটতন্ত্রে পরিণত হয়েছে। বাংকগুলোর যে পরিণতি হয়েছে তাতে অর্থনীতিতে নৈরাজ্য সৃষ্টি করছে। গত ১৩ আগস্ট পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত ত্রৈমাসিক (এপ্রিল-জুন) অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন জেলার পুলিশ সুপার অভিযোগ করেছেন যে, কোন অপরাধের নিরপেক্ষ তদন্ত করা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরলেই বাধা আসে। একই দিন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন যে, ‘রাজনৈতিক আশ্রয় থাকলে আইন তাকে স্পর্শ করতে পারে না’। এর এক সপ্তাহ আগে তিনি অন্য এক আলোচনায় বলেছিলেন, ‘আইনের শাসনের দুর্বলতার কারণেই শিশু নির্যাতন বৃদ্ধি পাচ্ছে’।























































