ইমতিয়াজ আহমেদ জিতুঃ
রাজনৈতিক এলাকা হিসেবে কুমিল্লা উত্তর জেলা খুবই গুরুত্বপূর্ণ। এ এলাকা থেকে বহু মন্ত্রী দেশ শাসন করেছেন। ফলে রাজনৈতিক অঞ্চল হিসেবে কুমিল্লা উত্তর জেলা তাৎপর্যময়। সম্প্রতি কয়েক বছরে দলীয় অর্ন্তকোন্দল, সংঘর্ষ, হত্যা ও সাংগাঠনিক কার্যক্রমে এক প্রকার অচলতা সৃষ্টির ফলে রাজনীতির শস্যক্ষেত্র খ্যাত কুমিল্লা উত্তর জেলার রাজনীতি অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের কমিটিও চলছে ঢিমেতালে । দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় যুবলীগ নেতাদের মাঝেও হতাশা বিরাজ করছে। কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নিয়ে এই প্রতিবেদন।
৮ বছর ধরে সম্মেলন নেইঃ
কুমিল্লার দেবিদ্বার, চান্দিনা, মুরাদনগর, দাউদকান্দি, হোমনা , মেঘনা ও তিতাসসহ ৭ উপজেলা নিয়ে কুমিল্লা উত্তর রাজনৈতিক জেলা বিবেচিত হয়ে আসছে। ২০০৪ সালের শেষের দিকে সোহেল মোস্তফা স্বপনকে সভাপতি ও বাহাউদ্দিন বাহারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয় । নিয়ম অনুযায়ী ২০০৭ সালের শেষের দিকে এ কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সদিচ্ছার অভাবে ৮ বছর ধরে সম্মেলন হচ্ছে না কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের কমিটির । যার ফলে মেয়াদোর্ত্তীণ কমিটি নিয়ে চলছে জেলা যুবলীগ। স্থানীয় নেতৃবৃন্দ বারবার সম্মেলন করতে চাইলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরাবরই অনীহা প্রকাশ করায় সম্মেলন করা সম্ভবপর হয়ে উঠেনি বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়।
২ বছর ধরে সভাপতির পদ শূণ্য ঃ
২ বছর পূর্বে যুবলীগ সভাপতি সোহেল মোস্তফা স্বপন মেঘনায় একটি কোম্পানিতে এক দুঘর্টনায় নিহত হওয়ার পর থেকে সভাপতির পদটি শূণ্য রয়েছে। পরে ভারপ্রাপ্ত সভাপতি পদে আর কেউ বসেনি।
সভাপতি পদে আলোচনায় বাহাউদ্দিন বাহারঃ
উত্তর জেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার নতুন কমিটির সভাপতি পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। উত্তর জেলার আ’লীগ নেতৃবৃন্দ কেন্দ্রে বাহারের নাম প্রস্তাব করেছেন বলে স্থানীয় একাধিক সূত্র জানায় । সভাপতি কিংবা আহ্বায়ক পদে বাহারের প্রতিযোগি আপাতত কেউ নেই বলে জানা গেছে। তাই এ পদটি বাহার পাচ্ছে বলে জানা গেছে। উত্তর জেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার জানান, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ যদি চায় তাহলে আমি এ পদ নিতে রাজি আছি। আমি কোন সময় পদলোভী নই। আমি ২০০৪ সাল থেকে সততা ও নিষ্ঠার সাথে যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছি। আমি পরিচ্ছন্ন রাজনীতি করতে পচ্ছন্দ করি। যদি আমি সভাপতি পদে দায়িত্ব পাই তাহলে বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী যুবলীগকে পরিচালনা করবো।
সাধারণ সম্পাদক পদে সারওয়ার হোসেন বাবু এগিয়েঃ
সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাবু এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, সাধারণ সম্পাদক পদে উত্তর জেলার আ’লীগ নেতৃবৃন্দ কেন্দ্রে সারওয়ার হোসেন বাবুর নাম প্রস্তাব করেছেন। যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে চাননি। এ বিষয়ে সারওয়ার হোসেন বাবু জানান, আমি দীর্ঘ বছর ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে ছাত্র রাজনীতি করেছি। উত্তর জেলায় শিক্ষা সচেতনতা বৃদ্ধি , মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সর্বদা কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছি। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ যদি যুবলীগের দায়িত্ব আমার উপর অর্পণ করে তাহলে আমি সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে প্রথমে যুবলীগের সাংগাঠনিক কাঠামো মজবুত করতে কাজ করবো। আমাদের কাজের মাধ্যমে বাংলাদেশের মধ্যে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ হবে সবার জন্য অনুকরণীয় মডেল।
এদিকে সাধারণ সম্পাদক পদে সারওয়ার হোসেন বাবু এগিয়ে থাকলেও বর্তমান উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার ও সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেনও বেশ জোড়েসোড়ে লবিং করছেন বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে ।
চলতি বছরের সেপ্টেম্বরে ঘোষিত হতে পারে নতুন কমিটি ঃ
চলতি বছরের সেপ্টেম্বর মাসে ঘোষিত হতে পারে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের নতুন কমিটি। একটি সূত্র জানায়, সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ কমিটি না দিয়ে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিও দেয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে একজন আহ্বায়ক ও ৪/৫ জন যুগ্ম-আহ্বায়ক থাকতে পারেন।
বিভিন্ন সূত্রমতে, আহ্বায়ক কমিটি ঘোষণা হলে আহ্বায়ক হিসেবে বাহাউদ্দিন বাহার, ১ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে সারওয়ার হোসেন বাবু, যুগ্ম-আহ্বায়ক হিসেবে মহিউদ্দিন সিকদার ও আনোয়ার হোসেনের নাম থাকতে পারে। যদিও এর সত্যতার জন্য কমিটি ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।



















































