ডেস্ক রিপোর্টঃ
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের কারণেই বিপাকে পড়তে পারে সরকার এমন আশঙ্কা নেতাদের। এজন্য বিএনপির আন্দোলন মোকাবিলা করার পাশাপাশি আওয়ামী লীগের ভেতরে সবাই যাতে ঐক্যবদ্ধ থাকে সেই চেষ্টা করা হচ্ছে। দলের ভেতরে ঐক্য থাকলে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব বলে মনে করা হচ্ছে। সেটা করা গেলে বিএনপির কারণে কোন সমস্যা হবে না বলেও সিনিয়র নেতৃবৃন্দ মনে করছেন।
এদিকে বিএনপি মনে করছে, তারা আন্দোলনে সফল হতে পারবে যদি আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব মাথাচাড়া দেয় । দলের কোন্দল মেটানোর কাজে সরকার ব্যস্ত থাকলে বিএনপির দিকে নজর দিতে পারবে না। সরকার ও আওয়ামী লীগ মনে করছে, বিএনপি ও খালেদা জিয়া সব সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই ব্যাপারে সতর্কবার্তাও দিয়েছেন। নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, তারা (বিএনপি) এক সেকেন্ডও বসে নেই।
সৈয়দ আশরাফ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানোর পাশাপাশি সামান্য কিছু পাওয়ার স্বার্থ ত্যাগ করে শেখ হাসিনার বৃহত্তর স্বার্থ পূরণের জন্য বলেছেন। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ হই। ক্ষমতায় আছেন বলেই সামান্য দুই চার পয়সার ভাগবাটোয়ারা আপনারা ত্যাগ করতে পারেন না। দেশ, দল ও জননেত্রী শেখ হাসিনার বৃহত্তর স্বার্থে সামান্য কিছু পাওয়ার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকুন তাহলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কিছুই হবে না।
সূত্র জানায়, সরকার ২০৪১ সাল পর্যন্ত পর্যায়ক্রমে ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছে। সেই সঙ্গে দলের ঐক্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। সরকারের ভেতরে ও দলের শীর্ষ মহলের আশঙ্কা বিএনপি হয়তো কিছুই করতে পারবে না। কিন্তু দলের ভেতরে এমন কোন ঘটনা ঘটে যেতে পারে যাতে করে জনগণের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ তৈরি হতে পারে। আর সেটা হলে তা এমন পর্যায়ে যেতে পারে, সেখান থেকে জনগণ ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করতে পারে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।
সৈয়দ আশরাফ নেতা কর্মীদের কাছে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন দেশে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। ষড়যন্ত্রকারীরা, খালেদা জিয়ারা এক সেকেন্ডের জন্যও বসে নেই। তারা সবসময় সুযোগ সৃষ্টির চেষ্টা করছে। আমাদের কাজ হবে যতবারই তারা চেষ্টা করবে আমরা তাদের সফল হতে দেব না। সেটিই থাকতে হবে আমাদের মূল লক্ষ্য।
এদিকে বিশেষ একটি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সাংবাদিক প্রবীর শিকদারের ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমলোচনা তৈরি হয়েছে। তার উপর সরকারের শীর্ষ মহলের একজনের আতœীয়র ব্যাপারে হিন্দুর ধর্মাবলম্বীদের জমি দখলের অভিযোগের বিষয়টি নিয়ে সরকার বিপাকে পড়ে যায়। বিশেষ করে ভারত এই বিষয়টি ভালভাবে নেয়নি। সেখানের গণমাধ্যমেও এনিয়ে নেতিবাচক প্রচারণা চলে।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ট একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী সরকারের ও দলের কোন কাজ নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হোক তা চাইছেন না। এছাড়াও অন্য কোন ইস্যুকে কেন্দ্র করে এখন কোন ধরনের বিতর্ক চাইছেন না। এদিকে লালবাগে আরজুর বন্ধুক যুদ্ধে নিহত হওয়ার ঘটনায় দলের ভেতরে ক্ষোভের তৈরি করে। এই ব্যাপারে ওই এলাকার নেতারা আরজুর পক্ষে অবস্থান নেয় ও র্যাবের বিরুদ্ধে অভিযোগ তোলে। পর পর দলের বেশ কয়েকজন বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ তৈরি হয়। আরজুর ঘটনায় পরে অবশ্য বিচারবিভাগীয় তদন্ত করার আদালতের আদেশের পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়।
এদিকে শেখ ফজলুল করিম সেলিমও নতুন নতুন প্রসঙ্গ সামনে নিয়ে আসার কারণে নতুন বিতর্ক তৈরি হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই ব্যাপারে তার ও তার দলের অবস্থান স্পষ্ট করেছেন। যদিও বিষয়টি নিয়ে সরকারের ভেতরে কিছুটা অস্বস্তি তৈরি হয়।
সৈয়দ আশরাফ বলেন, বিএনপি কোনোদিনই মুক্তিযুদ্ধ চায়নি। কোনোদিন মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি। আওয়ামী লীগের পাপ কী? বঙ্গবন্ধুর পাপ কী? তাদের সাধের পাকিস্তানকে ভেঙে দেয়া। সেই আঘাত তারা সহ্য করতে পারেনি। এর প্রতিশোধ নিতে তারা প্রতিদিনই চেষ্টা করে যাচ্ছে। তাদের সেই চেষ্টা চলছে এবং চলবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে। যদি আমরা সজাগ না থাকি, এখন যদি প্রস্তুত না থাকি, তাহলে সে ঘটনা আবারও ঘটাতে চাইবে।
সূত্র জানায়, সরকার ক্ষমতায় থাকলেও স্বস্তিতে নেই। এই কারণে বার বার তারা নির্বাচন যথা সময়ে হবে বলে বলছেন। তবে ক্ষমতায় থাকলেও তাদের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে। সেটা প্রকাশ পেয়েছে জনপ্রশাসনমন্ত্রীর কথায়। বুধবার তিনি বলেন, আমরা রাষ্ট্রীয় ক্ষমতাই ঠিকই আছি। আমাদের গার্ড আরও শক্তিশালী হতে হবে। ক্ষমতায় এলে যদি আপনারা মনে করেন আমরা নিরাপদ, কিন্তু তা না। আমাদের সবসময় সজাগ থাকতে হবে। আমরা যদি সবকিছুকে হালকাভাবে দেখি , নিজেদের ভেতরে কোন্দল সৃষ্টি করি, নিজেদের দ্বন্দের কারণে সংগঠনের ভেতরে বিবেদ সৃষ্টি করলে আমরা দুর্বল হয়ে যাবো। তখনই কিন্তু তারা আবার আঘাত হানবে।
সরকারের ভেতরে এমন আশঙ্কা রয়েছে বিএনপি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ধ্বংস করতে চাইছে। সেটা প্রতিহত করারও ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপিকে খুনি ও ষড়যন্ত্রকারীদের দল। বিএনপি ষড়যন্ত্রকারীদের দল, খুনিদের দল। এ দল সব সময় পরিকল্পনা করে কিভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের জাতীয় নেতাদের ধ্বংস করা যায়। শেখ হাসিনাকে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের এবং শতশত নেতাকর্মীর মৃত্যুর ভার প্রতিদিন বইতে হচ্ছে। তাকে বারবার আত্মত্যাগ করতে হচ্ছে। এখনও ষড়যন্ত্র হচ্ছে প্রতিদিনই তার ওপর হামলা করার পরিকল্পনা হচ্ছে।
তিনি বলেন, ২১ আগস্ট এবং ১৫ আগস্টের লক্ষ্যের মধ্যে ব্যবধান আছে। ১৫ আগস্টের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা এবং স্বাধীনতা নস্যাৎ করা। অন্যদিকে ২১ আগস্টের লক্ষ্য ছিল নেত্রীসহ আওয়ামী লীগের জাতীয় নেতৃত্বকে এক হামলায় শেষ করে দেয়া। বঙ্গবন্ধুকে এদেশের মানুষ কখনও ভুলে যেতে পারে না। বঙ্গবন্ধু মৃত হলেও তিনি আমাদের সব আশা এবং ভরসা। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগকেও আমাদের সব আশাও ভরসা। এটা একই সঙ্গে গাঁথা। আওয়ামী পরিবারের সবার প্রতি পরিপূর্ণ ঐক্যের ডাক আমি দিয়ে যেতে চাই। তিনি শ্রমিক লীগের অনুষ্ঠানে ঐক্যের ডাক দেন।























































