সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিক্ষকদের পেটালো ছাত্রলীগ, ৭ জন আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৫

243207_1

ডেস্ক রিপোর্টঃ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে চড়াও হয়ে তাদের মারধর করেছে ছাত্রলীগকর্মীরা। আন্দোলনরত অন্তত সাতজন শিক্ষক ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রোববার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা ছিল গত কয়েক মাস ধরে আন্দোলনরত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের। উপাচার্য আমিনুল হক ভূইয়া একই দিন বিকাল ৩টায় অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকলে বিশ্ববিদ্যালয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরইমধ্যে উপাচার্যকে সমর্থন দিয়ে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা ভোর সাড়ে ৫টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। আন্দোলনরত শিক্ষকরা ব্যানার নিয়ে সেখানে যান সকাল সাড়ে ৭টায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ জানায়, সকাল ৮টা ২৫ মিনিটে উপাচার্য প্রশাসনিক ভবনের সামনে এলে ছাত্রলীগ কর্মীরা ব্যানার কেড়ে নেয় এবং শিক্ষকদের গলা ধাক্কা দিয়ে এবং মারধর করে সরিয়ে দেয়। এ ফাঁকে উপাচার্য ভবনে ঢুকে দোতলায় নিজের কার্যালয়ে চলে যান। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খানকে এ সময় হাত বিশেক দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সিনিয়র সহসভাপতি আবু সাঈদ, সহসভাপতি অঞ্জন রায় ও সিনিয়র যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম সবুজ হামলায় অংশ নেন।

ছাত্রলীগকর্মী ধনী রাম রায়, আব্দুল বাতেন তš§য়, আরিফুর রহমান রনি, আব্দুস সালাম মঞ্জু, কামরুল ইসলাম জুয়েল, আরিফুর রহমান কেনেডি, ফয়সাল আহমদ, তমাল ও জাহিদকেও প্রত্যক্ষভাবে হামলার অংশ নিতে দেখা যায়। উপাচার্যপন্থি হিসেবে পরিচিত প্রক্টর অধ্যাপক কামরুল হাসান ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক রাশেদ তালুকদারও এ সময় দূরে দাঁড়িয়েছিলেন। তবে তারা কেউ ছাত্রলীগকর্মীদের ঠেকানোর চেষ্টা করেননি।

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন দুপক্ষের মাঝখানে দাঁড়িয়ে হাত জোড় করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ছাত্রলীগকর্মীদের কাছে পাত্তা পাননি তিনি। শিক্ষকদের ওপর হামলাকারীরা এ সময় স্লোগান দেনÑ ‘শাবিপ্রবির মাটি/ছাত্রলীগের ঘাঁটি’।

উপাচার্য ভেতরে ঢুকে যাওয়ার পর ছাত্রলীগকর্মীরা শিক্ষকদের প্রশাসনিক ভবনের সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে নতুন করে ধস্তাধস্তি শুরু হয়। তাদের ধাক্কায় অধ্যাপক ইয়াসমিন হক মাটিতে পড়ে যান। এক ছাত্রলীগকর্মীকে এ সময় এক শিক্ষকের গায়ে লাথি মারতেও দেখা যায়।

আন্দোলনরত শিক্ষকদের নেতা অধ্যাপক সৈয়দ সামসুল ইসলাম পরে বলেন, আমাদের ওপর ছাত্রলীগ হামলা করেছে। আমাদের অন্তত সাতজন আহত হয়েছেন। উপচার্য ছাত্রদের আমাদের ওপর লেলিয়ে দিয়েছে। তিনি নিজে এবং অধ্যাপক ইয়াসমিন হক ছাড়াও মারধরের শিকার শিক্ষকদের মধ্যে রয়েছেনÑ শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস, বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গণি, অধ্যাপক এ.ন.ক সমাদ্দার, মোস্তফা কামাল মাসুদ, সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিন।

অধ্যাপক ইয়াসমিন হক সাংবাদিকদের বলেন, ‘এই যে পরিবেশ নষ্ট করা হলো, এর জন্য ভাইস চ্যান্সেলরই দায়ী থাকবেন।’ সকালে হামলা করার জন্য উপাচার্য ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে রাতে বৈঠক করেন বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে উপাচার্য আমিনুল হক ভূইয়া বলেন, শিক্ষকরা তাকে কার্যালয়ে ঢুকতে বাঁধা দেওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, আপনারা তো সবই দেখছেন। আমি এ বিষয়ে কিছু বলব না। নো কমেন্টস।

শিক্ষকদের মারধরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পার্থ বলেন, বাঁধা দেওয়ার বিষয়টি সাংগঠনিক কোনো সিদ্ধান্ত না। যারা যার ব্যক্তিগত সিদ্ধান্তে এতে অংশ নিয়েছে।

শিক্ষকদের ওপর হামলার খবর ও ছবি সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিককেও ছাত্রলীগকর্মীদের হাতে লাঞ্ছিত হতে হয়। যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরোপ্রধান মাহবুবুর রহমান রিপন বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগনেতাদের বিচার না হওয়ায় আজ তারা এ ঘটনা ঘটালো। সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গত রাতে জানিয়েছেন, এ ঘটনায় ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের শিক্ষকরা গত চার মাস যাবৎ উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন। তারই ধারাবাহিকতায় রোববার সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে যান অবস্থান কর্মসূচি পালন করতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি