ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা পৌনে ১২টায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কাজী জাফর সমর্থিত জাপার মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম, জেলা দক্ষিণ বিএনপির সহ সভাপতি সাবেক এমপি মাহবুব প্রমুখ।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টায় সদর দক্ষিণের সুয়াগাজী এলাকায় দ্বিতীয় জানাজা, দুপুর ২টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে তৃতীয় এবং সবশেষ চিওড়া স্কুল মাঠে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কাজী জাফর আহমেদকে চিওড়া পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
শুক্রবার সকাল সোয়া ৮টায় টঙ্গীর মিল গেটের ইস্তেমা ময়দান সংলগ্ন মসজিদে তার প্রথম নামাজে জানাজা ও সকাল ১১টা ০৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।
এরপর দুপুর ২টা ০১ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের তৃতীয় জানাজ সম্পন্ন হয় এবং বাদ আছর আজাদ মসজিদে চতুর্থ জানাজা শেষে মরদেহ তার গুলশানের নিজ বাস ভবনে রাখা হয়। পরে সকালে কুমিল্লা নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে (রোড- ৬৮, বাসা- ২) হৃদরোগে আক্রান্ত হন কাজী জাফর আহমেদ। এরপর দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।


















































