বিশেষ প্রতিবেদনঃ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সমর্থন এবং অভ্যন্তরীণভাবে ব্যাপক জনমত সংগঠিত করার নতুন উদ্যোগ নিচ্ছে বিএনপি ও তার নেতৃত্বাধীন জোট। সংঘাত-সংঘর্ষের পথ পরিহার করে দুই পক্ষই যাতে সংলাপ ও সমঝোতার পথে হাঁটে এবং একটা গ্রহণযোগ্য সম্মানজনক সমঝোতা প্রতিষ্ঠিত হয়, সে চেষ্টাই করে যাচ্ছে জাতিসংঘ। বিএনপি চাচ্ছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সরকারকে তাদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করা। ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এ ব্যাপারে কাজ করছেন বলে জানা যায়। জাতিসংঘের এ চেষ্টায় আওয়ামী লীগেও ইতিবাচক মানসিকতা লক্ষ করা যাচ্ছে। দলটি মুখে মুখে মেয়াদের একদিন আগেও নির্বাচন নয় বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করলেও ভেতরে ভেতরে আগাম নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে গঠিত অন্তর্বর্তী সরকারে বিএনপির প্রতিনিধিদের রাখতে জাতিসংঘসহ বিদেশি মুরব্বিদের প্রস্তাবে আওয়ামী লীগ সম্মতি দিয়েছে।






















































