প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্বরত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও তার দলের ৩ জন মন্ত্রী সরকার থেকে শিগগিরই পদত্যাগ করবেন বলে একটি দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
সূত্রমতে, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ার কারণে গত ১ সেপ্টম্বর মঙ্গলবার জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করেছে জাতীয় পার্টি। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে গত ১ সেপ্টম্বর সন্ধ্যা ৭টায় জাতীয় পার্টির সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বলে সূত্র জানায়। এর আগে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি বলেন, বিশ্ব বাজারে তেলের দাম যখন কমেছে, তখন আমাদের দেশে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলো। তবে এটা কমাতে হবে। গত ২৭ জুলাই সরকার বিদ্যুতের দাম ২.৯৩ শতাংশ ও গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ বাড়ানোর পর থেকে তার বিরোধিতা করে আসছে জাতীয় পার্টি।
সূত্র জানায়, এক সঙ্গে বিরোধীদল ও সরকারে থাকা, না থাকা নিয়ে গত ৩১ আগস্ট সোমবার জাতীয় পার্টির সংসদীয় কমিটির বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ একমত হন যে, তারা সরকারে থাকবেন না। জাতীয় সংসদে বিরোধীদল হিসেবে তাদের ভূমিকা রাখবেন। এছাড়াও দলের ৩ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙা ও মজিবুল হক চুন্নুকে পদত্যাগ করার সিদ্ধান্তের ব্যাপারেও ঐকমত্যে পৌঁছেছেন বলে জানা যায়।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, এক সঙ্গে বিরোধীদল ও সরকারে থাকা যায় না। এরশাদ মন্ত্রিসভা থেকে দলের নেতাদের পদত্যাগ করতে বলেছেন। তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদও। এ সময় এরশাদ নিজেও প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে পদত্যাগের আগ্রহ প্রকাশ করেন বলে জানা যায়। তবে কারও পদত্যাগের বিষয়েই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। জাপার সংসদ সদস্যরা মনে করেন, দলের চেয়ারম্যান হিসেবে এরশাদ দলের সাংগঠনিক সিদ্ধান্ত নিলেও সংসদীয় দলের ক্ষেত্রে তিনি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। এরশাদ চাইছেন তার দলের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করুক। কিন্তু দলের নেতারা এখনই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নারাজ। তারা এজন্য আরও সময় নিতে চান।
এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে সম্প্রতি দেশে নারী নির্যাতন ও শিশু হত্যার প্রতিবাদে গত ১৮ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব থেকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে তিনি বলেন, দেশে আইনের শাসন নেই। মানুষের জীবনের নিরাপত্তা নেই। কেথায় আজ মানুষের বাঁচার অধিকার? আমাদের বাঁচার অধিকার কে দেবে? এরশাদ আরও বলেন, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে প্রতিবাদ করতে এসেছি। সমাজের কাছে, সরকারের কাছে এর জবাব চাই। শিশু হত্যা, নারী লাঞ্ছনা বন্ধ করুন, অপরাধীদের ফাঁসি দিন। এছাড়াও জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত ২ সেপ্টম্বর বুধবার গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিকাল ৪টায় জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন। কিন্তু বৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগের কারণে এ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন তিনি।
জাতীয় পার্টির মন্ত্রীরা পদত্যাগ করবেন কি না পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে জানতে চাইলে বলেন, অচিরেই পার্টির বৈঠক ডাকা হবে। এই বৈঠকেই পদত্যাগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।























































