বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ভাঙনের আশঙ্কা পিছু ছাড়ছে না। জোটে ভাঙনের চেষ্টা চলছে এই তথ্য জোট নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আসছে বেশ কিছুদিন ধরেই। এই কারণে জোটের নেতাদের তিনি পাশে রাখতে চাইছেন। তাদের মতামতকে গুরুত্ব দিতে চাইছেন। জোটের নেতারা যাতে সরকারি দলের সাথে সমঝোতা করে জোট না ছাড়েন সেই চেষ্টাও করছেন। এজন্য সম্প্রতি তিনি দুই দফা জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সব শেষ বৈঠকে তেমন কোন এজেন্ডা ছিল না। নেতাদের তিনি গুরুত্ব দিচ্ছেন সেটা বোঝানোর চেষ্টা করছেন।
সূত্র জানায়, বিএনপি ও ২০ দলীয় জোট দুটোতেই নানা মুখী ভাঙনের ষড়যন্ত্র চলছে। আর সে কারণেই বিএনপির অনেক নেতাই মাঠে নামছেন না। আর সেই সাথে ভয় ও আতঙ্কতো আছেই। বিএনপির অনেক নেতাই এখন সরকারের সঙ্গে বা সরকারি দলের নেতাদের সঙ্গে সখ্যতা রেখেই ব্যবসা বাণিজ্য করছে। কোন কোন ব্যবসায়ী বিএনপি নেতার মতে, এখন বিএনপির অনেক প্রতিদ্বন্ধী নেই এই কারণে ব্যবসা করতে সমস্যা হচ্ছে না। বিএনপি ক্ষমতাসীন হলে অনেকেই ব্যবসা করার কারণে সুবিধা পাওয়া যাবে কম। ওই সব সুবিধা ভোগী নেতারাই সমস্যা তৈরি করতে পারেন বলে আশঙ্কা বেগম খালেদা জিয়ার। দলের নেতাদের একটি অংশ সংসদের বাইরে থাকতে চান না। তারা মনে করেন বিএনপিকে সংসদের ভেতরে থেকেই কাজ করতে হবে আন্দোলন করতে হবে। বিএনপির একজন নেতা বলেন, ২০১৪ সালের নির্বাচনে গেলে অন্তত বিরোধী দলে থাকতো। সেটা হলে ২০১৪ থেকে এই পর্যন্ত বিএনপি নেতাদের যত হয়রানি, নির্যাতন ও মামলার শিকার হতে হয়েছে সেটা হতো না। অন্তত সরকার এখনকার মতো হয়রানি করতে পারতো না।
এছাড়াও মামলার ঝামেলা এড়াতে চান এই রকম নেতারাও এখন আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা রাখছেন। গ্রেপ্তার এড়াতে কৌশল হিসাবে সরকারের সঙ্গে রয়েছেন। বিএনপির কর্মসূচীতেও মাঠে থাকছেন না। বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের আশঙ্কা ওই সব নেতারা আগামী নির্বাচনে বিএনপি ছেড়ে সরকারি দলের জোটে চলে যেতে পারেন। সেটা নিয়ে সিনিয়র নেতাদেরও শঙ্কা রয়েছে। ওই সব নেতাদের দলের ভেতরেই আরো সক্রিয় করার জন্য চেষ্টাও করছেন দলের সিনিয়র নেতারা। তবে তারা ভরসা পাচ্ছেন না।
এদিকে জোটের কোন কোন দলের নেতারা মনে করছেন, জোটের নেতারা ২০১৪ সালের পর থেকে তেমন গুরুত্ব পাচ্ছিলেন না বিএনপি ও বিএনপির নেত্রীর কাছে। ওই সব নেতাদের দূরেই রাখা হয়েছিল। মতামতও নেওয়া হচ্ছিল না। এই অবস্থায় গত মাসে খালেদা জিয়া সাত মাস পরে জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বিএনপির সূত্র জানায়, বিএনপি জোটের ভাঙনের জন্য চেষ্টা যেমন আছে তেমিন বিএনপি ভাঙ্গারও ষড়যন্ত্রও আছে। অনেক নেতাকে সরকারি দলে নেওয়ার চেষ্টা হতে পারে। সেটা হলে সমস্যাও হতে পারে। কোন দলকে জোট থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটেও নেওয়া হতে পারে।
এই ব্যাপারে জানতে চাইলে জোটের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, জোটে ভাঙ্গন ধরবে কিনা সেটা আমি জানি না। তবে কেউ যদি মনে করেন তিনি জোট ছেড়ে যাবেন, সেটাতো ওই দলের ব্যাপার। কিন্তু সেটা গেলেও আমি যেটা মনে করি তাহলো কোন দল জোট ছেড়ে গেলেও বিশ দলীয় জোটতো থাকবে। সেখানে দলের সংখ্যা কমে গেলে আমরাও সেটা বাড়ানোর চেষ্টা করবো। আমি বলতে চাচ্ছি জোট থাকবে।
আপনি নাকি জোট ছাড়তে পারেন আগামী নির্বাচনে সর্বদলীয় সরকারের অংশ হতে পারেন? জানতে চাইলে এই ব্যাপারে তিনি বলেন, আমি এই ধরনের কোন সিদ্ধান্ত নেই নি। তাই এটা যারা বলছে তারা আমার সঙ্গে কথা বলে বলছে না। এটা কে বলছে আমি জানি না। তবে এটা ঠিক নানা দিক থেকে জোটের নেতাদের নেওয়ার সরকারি দলের জোটে চেষ্টা আগেও ছিল এখনও আছে। সেটা আগামী দিনেও হয়তো থাকবে। তাই বলে সবাই চলে যাবে এমনতো হবে না।
সর্ব দলীয় সরকারের জন্য বিএনপিতেও ভাঙন ধরতে পারে এই ব্যাপারে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএনপি ভাঙ্গা ও জোট ভাঙ্গার ষড়যন্ত্রের কথা ম্যাডাম ও বিএনপিতো বলছে। তার কাছে ওই ধরনের খবর আছে নিশ্চয়ই। আমরাও কত কথা শুনি। তবে যত চেষ্টাই থাক আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে।
বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, ম্যাডামকে মাইনাস করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। তিনি বিদেশে গেলেও নানা ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা হতে পারে। তার অনপুস্থিতিতে দলে ও জোটের ভাঙ্গনও তরান্বিত করার চেষ্টা হতে পারে। সেই হিসাবে সতর্কতো থাকতেই হবে। কারণ আগামী দিনে আমাদের উপর নানা প্রতিবন্ধকতা আসবে মনে করেই এগুতে হবে। আমরা নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি দলের ঐক্য ও জোটের ঐক্য ধরে রাখবো। কোন দিকে নেতারা যাতে বিভ্রান্ত না হন সেই চেষ্টা থাকবে। তবে নানামুখী চেষ্টার কারণে শঙ্কাতো কিছুটা থাকেই।
























































