বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কথায় কথায় শিশুটির ভাগ্যে জুটতো চড়থাপ্পড় আর লাত্থি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৫

 52450_199

ডেস্ক রিপোর্ট :

কথায় কথায় চড় থাপ্পড়তো প্রতি মুহূর্তের ঘটনা। মাঝে মধ্যে দাঁড়ানো অবস্থায় যে লাত্থি মারতো তাতে দূরে গিয়ে ছিটকে পড়তো হ্যাপির ছোট্ট শরীরটি। অতটুকু শরীরে কতো আর নির্যাতন সয়? চারমাস আগেও এভাবে নির্যাতনের বিষয়টি পুলিশের কানে গিয়েছিলো। কিন্তু বিশ্বসেরা ক্রিকেটারদের জন্য সে যাত্রায় রেহাই পান জাতীয় ক্রিকেট দলের সদস্য কাজী শাহাদাৎ হোসাইন রাজিব এবং তার স্ত্রী নিত্য। সর্বশেষ গত শনিবার হলুদ আর মরিচের গুড়া এক করে ফেলেছিলো হ্যাপি। আর যায় কোথায়? পিটিয়ে পিটিয়ে থেতলে দেয় অতটুকু শিশুটিকে। সারা শরীরে তার ক্ষত চিহ্ন। খুনতি গরম করে স্যাকা দেয়া হয় হ্যাপীর পায়ে। আর শনিবারের এসব ঘটনা ঘটেছে শাহাদাতের মায়ের সামনে।

এদিকে, মামলা দায়েরের পর শাহাদাৎ এবং তার স্ত্রী এখন পলাতক। গত রোববার সন্ধ্যার দিকে পল্লবীর সাংবাদিক প্লটের সামনের রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিলো হ্যাপী। স্থানীয় লোকজন শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ওসিসিতে ভর্তি আছে হ্যাপীকে।

হ্যাপীর পুরো নাম মাহফুজা আক্তার হ্যাপী। বয়স ১০/১১ বছর। ক্ষুধার তাড়নায় ঢাকায় আসে শিশুটি। কাজ নেয় নামকরা ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের সদস্য শাহাদাত হোসেন রাজিবের বাসায়। ওই বাসায় কাজে দিয়ে হ্যাপীর নানী এবং মামাও বেশ নিশ্চিন্ত ছিলেন। ভেবেছিলেন শুধু খেয়ে পড়েই নয়, শিশুটির ভবিষ্যতও গড়ে দেবে ওরা। কিন্তু শিশুটি যে এমন নির্যাতনের শিকার হবে সেই শাহাদাতের বাসাতেই কে জানতো তা? শিশুটিকে উদ্ধারের পর দায়েরকৃত মামলার বাদী হয়েছেন খন্দকার মোজাম্মেল হক নামের এক সাংবাদিক।

তিনি বলেন, তার বাসার সামনের রাস্তায়ই শিশুটি অচেতন হয়ে পড়েছিলো। লোকের মুখে শুনে তিনি ঘটনাস্থলে যান। শিশুটিকে উদ্ধারের পর তার কোন আত্মীয়-স্বজন না থাকায় তিনিই মামলার বাদী হয়েছেন। তিনি বলেন, শিশুটির চেতনা ফিরে আসার পরে জানতে পারেন সে শাহাদাতের বাসায় কাজ করতো। শিশুটি বলেছে, শাহাদাতের স্ত্রী এবং শাহাদাত নিজেও প্রতিমুহূর্তে তাকে মারধর করতেন। কথায় কথায় মারতেন। কোন কাজ করতে বললে তা শেষ হতে একটু দেরি হলেও চলতো নির্মম মারধর।

হাসপাতাল সূত্র জানায়, মাসচারেক আগে শিশুটিকে একবার নির্মম মারধরের ফলে আশপাশের লোকজন জেনে যায়। ঘটনাটি পুলিশে জানাজানি হলে সে যাত্রায় জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের মধ্যস্ততায় শাহাদাৎ বেঁচে যান। কিন্তু তারপরেও মারধর থামেনি।

শিশুটি বলেছে, মাত্র আট মাস হয় সে ওই বাসায় কাজে এসেছে। তাকে ঠিকমতো খাবারও দেয়া হতো না বলে সে অভিযোগ করেছে। বাসার সবাই ভালো ভালো খাবার খেলেও তার কপালে জুটতো বাসি-পচা খাবার। শিশুটিকে বাইরে কোথায় বের হতে দিতো না। মারধর সহ্য করতে না পেরে অনেক সময় ডিস লাইনের লোকজনকে অনুরোধ করতো তাকে ওই বাসা থেকে বের করে দিতে। কিন্তু কেউ তাকে সহায়তা করেনি। শেষ পর্যন্ত গত রোববার দুপুরের দিকে শিশুটি বাসার দরজা খোলা পেয়ে বের হয়ে যায় অজানার উদ্দেশ্যে। শাহাদাতের বাসা মিরপুর ২ নম্বর সেকশনের এইচ নম্বর ব্লকের ৫ নম্বর রোডের ৬ নম্বর বাড়িতে। শিশুটি ওই বাসা থেকে বের হয়ে পল্লবীর সাংবাদিক প্লট পর্যন্ত হেঁটে হেঁটে যায়। আর সেখানে সে জ্ঞান হারিয়ে ফেলে।

শিশুটি বলেছে তার বাবার নাম আরব আলী, মা পেয়ারা বেগম। গ্রামের বাড়ি জামালপুরে বলে উল্লেখ করেছে।

পুলিশ জানিয়েছে, মেয়েটির বাড়িতে খবর দেয়া হয়েছে। তবে কেউ গত সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে আসেনি বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসির প্রধান ডাক্তার বিলকিস বানু সাংবাদিকদের বলেছেন, শিশুটির দু’চোখ ও মুখমণ্ডলসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি