সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গয়েশ্বরের দৌড়ঝাঁপ : জেল থেকে কলকাঠি নাড়ছেন সাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৯.২০১৫

jpg1-400x266

ডেস্ক রিপোর্ট :

মির্জা ফখরুল অসুস্থ হয়ে পড়ার পর থেকেই কারাগারে তৎপর হয়ে ওঠেন সাকা চৌধুরী। সম্প্রতি দলের প্রভাবশালী কয়েকজন নেতা ও গুলশান কার্যালয়ের কর্মকর্তাকে তিনি বিশেষ বার্তা পাঠান। সাকার পরামর্শ হলো- একজন মাইনরিটি নেতাকে বিএনপির মহাসচিব করা হলে ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে দ্রুত আস্থার সম্পর্ক তৈরি হবে। একজন নেতাকে কারাগার থেকে তিনি বলেন, ভারত বিএনপিকে চরম ডানপন্থী দল হিসেবে চিহ্নিত করতে চায়। এ জন্য গয়েশ্বরকে মহাসচিব করে দল হিসেবে বিএনপিকে অসাম্প্রদায়িক হিসেবে তুলে ধরার মোক্ষম সুযোগ তৈরি হবে। এ সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। এদিকে গয়েশ্বরও প্রভাবশালী নেতাদের বাসায় বাসায় যাওয়া শুরু করেন। তাঁদের বোঝানোর চেষ্টা করেন ফখরুল অসুস্থ। ঘনিষ্ঠ বলে পরিচিত দু-একজনের কাছে ঘুরিয়ে-পেঁচিয়ে তিনি এও বলার চেষ্টা করেন, সরকারের সঙ্গে ফখরুলের ঘনিষ্ঠতা রয়েছে। তিনি আর ফিরে আসবেন না। কিন্তু তাঁর এ বক্তব্যকে মিথ্যা প্রমাণ করে ফখরুল সোমবার রাতে ঢাকায় ফিরেছেন।

মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় ফাঁসির দ- পেয়ে কারাগারে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরামর্শে মাঠে নেমেছেন গয়েশ্বর চন্দ্র রায়। মির্জা ফখরুলকে সরিয়ে স্থায়ী কমিটির ১৬ নম্বর এই সদস্য এবার মহাসচিব হতে চান। বলছেন, তিনি ছাড়া এই পদের জন্য বিএনপিতে উপযুক্ত আর কেউ নাকি নেই। এ ছাড়া ভারতের বিজেপি সরকারের সঙ্গে সম্পর্ক গড়ার জন্যও তাঁর মতো মাইনরিটি নেতারই মহাসচিব হওয়া উচিত বলে যুক্তি দিচ্ছেন তিনি। মাইনরিটি প্রসঙ্গ তুলে গয়েশ্বর আরো বলেছেন, তাঁকে মহাসচিব করা হলে ‘বিএনপি জামায়াত ঘেঁষা’- এই দুর্নাম আর থাকবে না।

জিয়াউর রহমানের সময় জাসদ থেকে আসা গয়েশ্বর চন্দ্র রায় ১৯৮৭-৮৮ সালে যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০০২ সালের নির্বাচনের পর তিনি যুগ্ম মহাসচিব এবং সর্বশেষ ২০০৯ সালের কাউন্সিলের পর স্থায়ী কমিটির সদস্য হন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি নিজে কখনোই কোনো পদের জন্য লবিং করিনি। এবারও কারো বাসায় যাইনি বা কারো সঙ্গে এ প্রশ্নে নিজ থেকে কথা বলিনি। তবে অনেকে অনেক কথা বলছেন এবং আমি শুনছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মহাসচিব পদটি চাওয়ার কিছু নেই। আওয়ামী লীগ ও বিএনপির মতো দলে দু-একজনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ও এটি নয়। এ ছাড়া ভারমুক্ত হোন বা ভারপ্রাপ্ত মহাসচিব তো একজন আছেন। ওই পদে পরিবর্তন হলে প্রার্থী হওয়ার কথা চিন্তা করতে পারি।’

জানা গেছে, বিএনপিতে গয়েশ্বরের শুভাকাক্সক্ষী নেতারাও এমন পরামর্শ দিয়েছেন। তৎপরতা দেখে গয়েশ্বরকে তাঁরা আগে চেয়ারপারসনের মনোভাব বুঝে নিতে বলেছেন। অর্থাৎ মহাসচিব পদে খালেদা জিয়া পরিবর্তন আনবেন কি না তা বুঝে গয়েশ্বরকে তাঁরা মাঠে নামতে বলেছেন।

শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ স্বীকার করেন, গয়েশ্বর চন্দ্র রায় তাঁর কাছে গিয়ে মহাসচিব পদ নিয়ে আলাপ করেছেন। তিনি বলেন, ‘সে (গয়েশ্বর চন্দ্র রায়) মাঝেমধ্যেই আমার কাছে আসে এবং মহাসচিব হওয়ার আকাক্সক্ষা হয়তো তার মধ্যে আছে। তবে এ ইস্যুটি আমি এককভাবে চেয়ারপারসনের কাছে তুলে ধরব না। কারণ নজরুল ইসলাম খান ও হান্নান শাহসহ অনেকেই আমার ঘনিষ্ঠ।’ এক প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি বলেন, ‘গয়েশ্বর বয়সে তরুণ; আকাক্সক্ষা থাকাটাও স্বাভাবিক। এ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রেও হয়তো সে ভূমিকা রাখতে পারবে। তবুও মির্জা ফখরুল সুস্থ হয়ে ফিরে এলে তাঁরই মহাসচিব থাকা উচিত বলে মনে করি।’

স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, ‘এ ধরনের কথাবার্তা বাতাসে ভাসছে। তবে গয়েশ্বর বাবু আমার কাছে আসেননি। যদি আমার কথা কেউ বলে থাকে সে মিসকোট করেছে। এ ছাড়া এসে লাভই বা কী। কারণ সবাই তো জানে মহাসচিব পদে মির্জা ফখরুলই বহাল রয়েছেন। এ ছাড়া গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসন একক সিদ্ধান্ত নেওয়ার মালিক। ফলে তদবির করেও কিছু হবে বলে মনে হয় না।’

স্থায়ী কমিটির আরেক সদস্য আ স ম হান্নান শাহ প্রথমে প্রসঙ্গটি শুনে অনেকক্ষণ হাসেন। এরপর বলেন, গয়েশ্বর বাবু বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছেন; তিনি মহাসচিব হতে চান। অথচ তিনি মাত্র কয়েক বছর আগে যুবদলের নেতা ছিলেন। দ্রুত প্রমোশন পেয়ে বড় নেতা হওয়ায় এখন তাঁর মধ্যে উচ্চাভিলাষ ভর করেছে।

হান্নান শাহ আরো বলেন, শুনলাম গয়েশ্বর বাবু মাইনরিটির নতুন তত্ত্ব দিচ্ছেন। বলছেন, তিনি মহাসচিব হলে বিএনপিকে আর কেউ জামায়াতঘেঁষা বলতে পারবে না। এক প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘আমার কাছে গয়েশ্বর বাবু আসতে সংকোচ বোধ করবেন। কারণ এ ধরনের অপরিপক্ব উদ্যোগকে আমি কখনোই সমর্থন করব না, এটা তিনি ভালো করেই জানেন।’

স্থায়ী কমিটির আরেক সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘মহাসচিব পদের জন্য স্থায়ী কমিটির একজন সদস্যের দৌড়ঝাঁপের কথা এখন বাজারে বেশ চলছে। তবে আমার অবস্থান তিনি জানেন বলেই হয়তো আমার কাছে আসবেন না। আমি মনে করি, মহাসচিবের মতো নীতিনির্ধারণী কোনো পদের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত পরিপক্ব, ইতিবাচক ভাবমূর্তি এবং জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা আছে এমন ব্যক্তির আসা দরকার। চেয়ারপারসন এসব বিবেচনা নিয়েই হয়তো সিদ্ধান্ত নেবেন।’

বস্তুত এক-এগারোর পর থেকেই প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ঘোরতর সমর্থক হিসেবে দলে প্রভাব বিস্তারের সুযোগ পান গয়েশ্বর চন্দ্র রায়। এক সময় মির্জা আব্বাসের সঙ্গে তাঁর বিরোধ থাকলেও সালাহউদ্দিন কাদের চৌধুরীর মধ্যস্থতায় এর অবসান হয়। এরপর থেকেই আব্বাস-গয়েশ্বর একাট্টা হয়ে দেলোয়ারের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়ে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে মাঠে নামেন; যে বিরোধের রেশ এখনো চলছে। শুধু তাই নয়, ওই বিরোধের সূত্র ধরে পরবর্তী সময়ে মির্জা আব্বাস ও সাদেক হোসেন খোকার মধ্যেও তীব্র বিরোধ শুরু হয়। কারণ ফখরুলের পক্ষে অবস্থান নেন খোকা। এদিকে আব্বাস-গয়েশ্বরের পক্ষে যুক্ত হন সালাহউদ্দিন কাদের চৌধুরী। তিনি এখনো ফখরুলের বিরুদ্ধে তৎপর। এরই অংশ হিসেবে কারাগারে থেকেও কলকাঠি নাড়ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, যেসব নেতার কাছে সাকা চৌধুরী বার্তা পাঠিয়েছেন তাঁদের কেউই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে এ ইস্যুতে আলাপ করার সাহস পাননি। কারণ তাঁরা জানেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খালেদা জিয়া সব সময়ই স্থিতিশীল। যে সিদ্ধান্ত তিনি একবার নেন, সহজে তা বদলান না। প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শেষের প্রায় এক বছর স্বাস্থ্যগত কারণে নিষ্ক্রিয় থাকলেও মৃত্যুর আগের দিন পর্যন্ত মহাসচিব পদ থেকে তাঁকে সরাননি তিনি। একইভাবে অনেক অভিযোগ, দলের মধ্যে বিরোধিতা সত্ত্বেও ১০ বছরের বেশি সময় মান্নান ভূঁইয়াকে তিনি মহাসচিব পদে বহাল রাখেন। এমনকি দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার খবর জেনেও তাঁকে সরাতে কয়েক মাস সময় নিয়েছেন খালেদা। ফলে বড় ধরনের কোনো ভুল না করলে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ফখরুলকে মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে বিএনপির কেউই মনে করেন না। ফলে দলের মধ্যে গয়েশ্বরের ঘনিষ্ঠ বলে পরিচিত নেতারাও তাঁর তৎপরতা দেখে আড়ালে এ নিয়ে রসিকতা করছেন। বলছেন, বেশ কিছু যোগ্যতা থাকা সত্ত্বেও গয়েশ্বর ইচ্ছে করে নিজেকে ‘হেয়’ করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি