অন্যদিকে লুক্সেমবার্গের বিরুদ্ধে ৪-০ গোলে বড় জয় পেল স্পেন৷ স্পেনের হয়ে দুটি করে গোল করেন প্যাকো আলেকাসের ও স্যান্তি কাজেরোলা৷ তবে এই ম্যাচে ম্যানচেস্টার সিটির তারকা ডেভিড সিলভা ও জুভেন্তাসের তরুণ খেলোয়াড় আলভারো মোরাতার চোট চিন্তায় রাখবে স্প্যানিশ কোচ ভিসেন্তে দেল বস্কিকে৷ এই ম্যাচে কাজেরোলা ৪২ মিনিটে নিজের ও দলের প্রথম গোলটি করেন৷ এরপর ৬৭ ও ৮০ মিনিটে প্যাকো আলেকাসেরের জোড়া গোল স্পেনকে ৩-০ গোলে এগিয়ে দেয়৷ ৮৫ মিনিটের মাথায় কাজেরোলা নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে লুক্সেমবার্গের কফিনে শেষ পেরেকটি পোঁতেন৷
এই রাউন্ডে জয় পাওয়ায় দুইদলই ২০১৬ ইউরোর টিকিট মোটামুটি নিশ্চিত করে ফেলল৷
শনিবার অন্য দুটি খেলায় মাঠে নামছে ইউরোপের অপর দুই হেভিওয়েট ইতালি ও নেদারল্যান্ডস৷ বুঁফোদের খেলা আজারবাইজানের সঙ্গে৷ অন্যদিকে ডাচরা খেলতে নামবে কাজাখস্তানের বিরুদ্ধে৷

























































