ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাঙ্গরা নামের নতুন থানা বাস্তবায়ন করায় স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুনকে গণসংবর্ধণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে নবগঠিত বাঙ্গরা থানার ১০টি ইউপির আ’লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ গনসংবর্ধণা দেয়া হয়।
সংবর্ধণা অনুষ্ঠানে ১০ ইউপির প্রায় ২০ হাজার সাধারন লোকজন অংশ গ্রহন করেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি বলেন, সুদীর্ঘ বছর ধরে এ এলাকার লোকজন ছিল অবহেলিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দেয়ার দুই বছরের মধ্যেই ‘বাঙ্গরা থানা’ ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সমাবেশে বক্তারা নবগঠিত বাঙ্গরা থানা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এমপি ইউছুফ আব্দুল্লাহ হারুনের প্রতি কৃতজ্ঞতা জানান।
বক্তারা আরো বলেন, বিগত ৫ বছর যাবত বাঙ্গরা বাসী নতুন একটি থানা বাস্তবায়নের দাবী জানিয়ে আসছিল কিন্তু অতীতে কোন রাজনৈতিক নেতা এর কোন উদ্যোগ গ্রহন করেনি। বিগত ৫ জানুয়ারী নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন ব্যাপক প্রচেষ্ঠা চালিয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতায় এ থানা বাস্তবায়ন করে বাঙ্গরাবাসীর কাঙ্খিত স্বপ্ন পুরণ করেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশীদ, জহিরুল ইসলাম চিশতী, আ’লীগ নেতা রুহুল আমিন, এড.আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লোনা, ইউপি চেয়ারম্যান আবু মুছা, আবুল খায়ের, মোস্তাক আহাম্মদ মাসুদসহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ উপলক্ষে পোস্টার, ফ্যাস্টুন ও ব্যানারসহ বর্ণিল সাজে সাজানো হয় ওই এলাকা।
উল্লেখ্য যে, ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত জেলার মুরাদনগর দেশের অন্যতম ও চট্টগ্রাম বিভাগের মধ্যে একটি বৃহত্তম উপজেলা। এ উপজেলাকে প্রশাসনিকভাবে বিভক্ত করে প্রায় ৫ বছর আগে বাঙ্গরা নামে নতুন থানা ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। গত ১৪ সেপ্টেম্বর সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদনগর উপজেলার উত্তরাঞ্চলের ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরাবাজার নামে নতুন থানার অনুমোদন দেন।


















































