ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত চাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে। বিদেশি নাগরিক হত্যার পর বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাস তাদের নাগরিকদের চলাফেরার ওপর সতর্কতা জারি করে। অনেক দেশের এধরনের সতর্কতা এখনো জারি এখনও বলবৎ আছে। এটাকে আওয়ামী লীগ বলছে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আর এ ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা বারবার সতর্কতা জারি করছে। রাষ্ট্রদূতরা সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দেয়ার দাবি জানিয়ে আসছেন। এরই মধ্য আবার হোসনি দালানে বোমা হামলার ঘটনা ঘটে গেছে।
জাপানসহ অনেক দেশ তাদের নাগনিকদের দেশে পাঠিয়েছেন। যারা দেশে আছে তারাও অনেকে কর্মক্ষেত্রে এখনো যোগ দেয়নি। আতঙ্ক তাদের এখনো কাটেনি। আতঙ্কে আছে চীনের নাগরিকরা। স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছেন না। চলতি মাসের প্রথমে তারা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করে তাদের উদ্বেগের কথা জানান। গত সপ্তাহে তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বর্তমানের বাংলাদেশ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এখন তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন।
কূটনৈতিক কোরের ডিন ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সাংবাদিকদের বলেন, সরকারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় তারা কৃতজ্ঞ। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্চমাত্রার সন্তোষ প্রকাশের একদিন পর ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি আছে। ওইদিনই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ছোট আকারে হামলার আশংকা আছে।
কূটনৈতিক সূত্রগুলোর দাবি, বিদেশি নাগরিক ও কূটনীতিকদের নিরাপত্তায় সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও পশ্চিমা স্বার্থের ওপর আরও আঘাতের আশঙ্কা থেকে তারা মুক্ত হতে পারছেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের আইন-শৃংখলা বাহিনী কড়া নিরাপত্তা জোরদার করেছে। কূটনৈতিক এলাকায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আইন-শৃংখলা বাহিনীর সব ইউনিট সর্বত্র নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে। আমরা কোনো ধরনের আশংকা দেখছি না। সবকিছু স্বাভাবিক আছে।
সারাদেশে আরো নাশকতা হতে পারে এমন আশঙ্কা করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা। ওই নাশকতা মোকাবেলায় তাদের আরো সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
জননিরাপত্তায় গোয়েন্দা নজরদারি জোরদার, রাজধানীসহ বিভাগীয় শহর-বন্দর এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বাড়ানো এবং সন্দেহজনক এলাকার তালিকা করে তল্লাশি করতে বলা হয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় আরো কঠোর নজরদারি বাড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পরামর্শ দেয়া হয়। পাশাপাশি কেপিআইভুক্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোরও নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এমন নির্দেশনা দেয়া হয়।
হত্যাকান্ডের ফলে বাংলাদেশে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনীতির ওপর এর ক্ষতিকর প্রভাব পড়ছে। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশের আরো অবনতি হয়েছে। এমন তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির ডুয়িং বিজনেস (ব্যবসার পরিবেশ)-২০১৬ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়েছে। এ তালিকায় ১৮৯টি দেশের মধ্যে আগে এ দেশের অবস্থান ছিল ১৭২, যা এবার দাঁড়িয়েছে ১৭৪-তে।
ব্যবসা-বাণিজ্যের পরিবেশের ওপর বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা আন্তর্জাতিক অর্থবিষয়ক করপোরেশন (আইএফসি) ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, গতবছর ১৮৯টির মধ্যে ৬০ শতাংশ দেশ ব্যবসার নীতিতে উন্নতি করেছে।
নিরাপত্তার কারণে ঢাকা সফর বাতিল করেছে জায়ান্টসহ অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- পোশাক শিল্পের জায়ান্ট প্রতিষ্ঠান এইচএন্ডএম ও গ্যাপ। প্রতিষ্ঠান দুটির নির্বাহীরা এ মাসে তাদের ঢাকা সফর বাতিল করেছেন।
বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যাকা-ের পর তারা সফর বাতিলের সিদ্ধান্ত নেন। এতে করে বাংলাদেশের আড়াই হাজার কোটি ডলার মূল্যের গার্মেন্টস রপ্তানি খাতে উদ্বেগ দেখা দিয়েছে।
























































