ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর কড়া সমালোচনা করে তাকে ‘একজন বেঈমান’ হিসেবে অভিহিত করেছিলেন। শেখ হাসিনা এক আলোচনা সভায় বলেছিলেন, ‘বঙ্গবন্ধু তাকে জার্মানিতে পাঠিয়ে চিকিৎসা করিয়েছিলেন। অথচ বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসনে সহায়তা করেছিলেন শমসের মবিন।
২০১৪ সালের ৩ আগস্ট রোববার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় শেখ হাসিনা এ সমালোচনা করেন।
শমসের মবিন চৌধুরীর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে পুনর্বাসন করে। ওই দায়িত্ব পালন করেন আজকের শমসের মবিন চৌধুরীর ওপর। তাকে বঙ্গবন্ধু জার্মানিতে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বেঈমান চিরকালই বেঈমান। এটা হয়তো অনেকে জানেন না।
শেখ হাসিনা বলেন, আমার এখন হারানোর কিছু নেই। যে আকাঙ্খা নিয়ে জাতির পিতা দেশ গড়েছেন, আমি সেটাই বাস্তবায়ন এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র ছিল। সেটা অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করব।
























































