শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জনসেবার নতুন দ্বার উন্মোচন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৫

dc-3

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

শিক্ষা ও সাহিত্য-সংস্কৃতির পাদপিঠ দেশের প্রাচীন শহর কুমিল্লা সবক্ষেত্রেই এগিয়ে । কথায় আছে কুমিল্লার মানুষ আগে যা ভাবে, সারা দেশ তা পরে ভাবে। এ ক্ষেত্রে পিছিয়ে নেই কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল । তিনি জনগণের সাথে ভিডিও কনফারেন্সিং (স্কাইপ) এর মাধ্যমে গণশুনানী কার্যক্রম শুরু করে জনসেবার নতুন দ্বার উন্মোচন করেছেন। যা দেশের কোথাও শুরু হয়নি। জনসেবায় ই-সার্ভিস পদ্ধতির প্রবর্তন করে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

জনসেবায় ই-সার্ভিস পদ্ধতির প্রচলনঃ

জনগণের দোড়গোড়ায় সেবা পৌছে দিতে বিগত ২০১৪ সালের ৩ ডিসেম্বর থেকে সপ্তাহের প্রতি বুধবার কুমিল্লা জেলার ৩/৪টি করে উপজেলা/ইউনিয়নের সাথে ভিডিও কনফারেন্সিং (স্কাইপ) এর মাধ্যমে গণশুনানী কার্যক্রম শুরু করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল। এই কার্যক্রম বুধবারের নিয়মিত গণশুনানীর পাশাপাশি অনুষ্ঠিত হয়ে থাকে। ভিডিও কনফারেন্সিং (স্কাইপ) এর মাধ্যমে জেলার ১৬টি উপজেলার জনগণের সাথে ৪৪ দিবসে ১৩৫ টি ভিডিও কনফারেন্সিং এর গণশুনানী কার্যক্রমে (৪ নভেম্বর পর্যন্ত) এ পর্যন্ত প্রায় ১ হাজার জনগনকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়েছে।

dc-2
ভিডিও কনফারেন্সে যারা উপস্থিত থাকেঃ
জেলা প্রশাসকের সাথে উপজেলা/ ইউনিয়ন পর্যায়ের লোকজনের ভিডিও কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পর্যায়ে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, থানার পুলিশ কর্মকর্তা, ইউনিয়ন কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সীমান্তবর্তী হলে বিজিবি কর্মকর্তা, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, একটি খামার একটি বাড়ি প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ সাধারণ মানুষ ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসে উপস্থিত হয়ে এ ভিডিও কনফারেন্সিং এ অংশগ্রহণ করেন। যারা জেলা প্রশাসকের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যা জানাতে পারেন। এদিকে জেলা প্রশাসক মিলনায়তনে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক , অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, এনডিসিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকেন।

 

কোন ধরনের সমস্যাবলি গণশুনানীতে আলোচনা হয়ঃ
বাল্যবিবাহ রোধের উপায়, জন্মনিবন্ধনে ১৮ বছরের নিচে বিয়ে নয়, শিশু ও মাতৃ স্বাস্থ্যসেবা নিশ্চিতের উপায়, শিক্ষাকে সর্বস্তরে পৌছে দেওয়া, একটি খামার একটি বাড়ি প্রকল্পের ঋণ বিতরণ, প্রকল্পের অবস্থা ও ঋণ আদায়ের অগ্রগতি, স্কুল-কলেজের শিক্ষার মান ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের অবস্থা, শিক্ষাঙ্গনে নকল রোধে ব্যবস্থা, বিদ্যুৎ সংকট, সেচ, খাস জমি, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের খোজঁ-খবর এবং তাদের আর্থিক অবস্থা দূরীকরণে উপায় , মাদক নির্মুল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ও উন্নতির পদক্ষেপ, ভাঙ্গাচোরা রাস্তাঘাট-ব্রিজ নির্মাণ, বাজার ব্যবস্থা, সুদ প্রথা নির্মূল , যৌতুক প্রথা নির্মূল, এসিড ও ইভটিজিং রোধে করণীয়, ব্যাংক স্থাপন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের বিভিন্ন চাহিদা শুনে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

 

dc conference

ভিডিও কনফারেন্সিং এর চিত্রঃ
চলতি বছরের ৪ নভেম্বর দুপুরে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাথে ভিডিও কনফারেন্সিং চলাকালে ঝলম ইউনিয়নের এক কাজী জেলা প্রশাসককে জানান, বাল্য বিবাহ নিয়ে সমস্যা আছি। অনেকে জন্মনিবন্ধন না এনে বয়সের এফিডেভিট নিয়ে এসে বিয়ে কার্য সম্পাদন করার জন্য বলে । এখন আমরা কি করব ? জেলা প্রশাসক কাজীকে বলেন, আপনি জন্মনিবন্ধন ছাড়া ( মেয়ের বয়স ১৮ বছর বয়স পূর্ণ ছাড়া) বিয়ে কার্য সম্পাদন করবেন না। এতে করে বাল্যবিবাহ রোধ হবে। একই দিন বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের জনগণ জেলাপ্রশাসককে মাদকের আগ্রাসন সর্ম্পকে অবহিত করে। জেলা প্রশাসক সাথে সাথে বিজিবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানকে পাড়ায় পাড়ায় এবং স্কুল –কলেজে মাদক বিরোধী কমিটি করার নির্দেশ দেন। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

জনসেবায় ই-সার্ভিসের সাফল্যঃ
ভিডিও কনফারেন্সিং (স্কাইপ) এর মাধ্যমে জনগণের সাথে গণশুনানীর সফলতার হার বৃদ্ধি পাচ্ছে। যেমন, সময় ও আর্থিক খরচ কমিয়ে টিসিভি এর ফলপ্রসু প্রয়োগে দ্রুত সময়ে অধিক সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে আসা বিভিন্ন সমস্যার তাৎক্ষনিক সমাধান সম্ভব হচ্ছে। তাৎক্ষনিকভাবে অভিযোগ শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদানের মাধ্যমে অতি দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে সমস্যার সমাধান সম্ভব হচ্ছে। স্বল্প সময়ে ও খরচে দ্রুত জনগনের সেবা প্রদান করা সহজ হচ্ছে। জনগনের যে সকল অভিযোগ বিভিন্ন জটিলতার কারনে জেলা প্রশাসক পর্যন্ত পৌছাতে পারতো না তা সরাসরি জেলা প্রশাসকের নিকট সাধারণ জনগণ বলতে পারছে। সরকারি কর্মকান্ড সর্ম্পকে সাধারণ জনগণের সম্মুখে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতকরণ সম্ভব হচ্ছে । উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের উপস্থিতি এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের সকল কর্মকর্তা সংযুক্ত থাকায় চলমান বিভিন্ন সমস্যাসমূহ সর্ম্পকে আলোচনা ও সমাধানের একটি বৃহৎ ফোরাম সৃষ্টি হয়।

dc-6

সাধারণ মানুষের বক্তব্যঃ
ভিডিও কনফারেন্সিং (স্কাইপ) এর মাধ্যমে গণশুনানী কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষ অনেক খুশি। আর্দশ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা শিক্ষার্থী সাঈদ হোসেন জানান, এ পদ্ধতি শুরু হওয়ায় আমরা অনেক খুশি । এর ফলে সাধারণ জনগণ হয়রানি থেকে রক্ষা পেল। সরাসরি জেলা প্রশাসকের সাথে কথা বলে সমস্যা জানাতে পারছি। চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বাসিন্দা রউফ মিয়া জানান, কুমিল্লা শহরে গিয়ে জেলা প্রশাসকের সাথে দেখা করে সমস্যা জানানোর চিন্তে করা আমাদের পক্ষে দুঃস্বপ্নের মতো। কিন্তু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে স্বয়ং জেলা প্রশাসক আমাদের সাথে কথা বলে আমাদের সমস্যা জানতে চাইছেন । এটা স্বপ্নেও ভাবিনি। কিন্তু এটাই এখন বাস্তবতা। আমরা তো মনে করি কম সময়ে জনগণের সেবা করার এ পদ্ধতি খুবই ফলপ্রসু হচ্ছে।

জেলা প্রশাসকের বক্তব্যঃ
বাঙ্গালি জাতির স্বপ্নদ্রষ্টা ও মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং জনগনের সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। আমাদেরকেও কাজ করার তিনি নির্দেশ দিয়েছেন। এ বিষয়টি থেকেই আমার মাথায় এ ভিডিও কনফারেন্সিং এর ধারণাটি আসে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি জনসেবায় ই-সার্ভিস চালু করেছি। কুমিল্লা অনেক বড় জেলা। গ্রামের মানুষ তাদের বিভিন্ন সমস্যা জানানোর জন্য জেলা প্রশাসকের সাথে দেখা করতে হলে তাদের সময় অনেক অপচয় হবে, অর্থ অপচয় হবে । দরিদ্র মানুষেরা অর্থ খরচ করে জেলা প্রশাসকের সাথে দেখা করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। সেই থেকে চিন্তে করে এ ধারণার প্রয়োগ করেছি। ভিডিও কনফারেন্সিং এর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে সকল স্তরের মানুষ ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত থাকে। আমি কনফারেন্স এর মাধ্যমে জনগনের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষনিক চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীকে সমস্যা সমাধানের জন্য নির্দেশ দিচ্ছি । এতে করে স্বল্প সময়ে জনগণ উপকৃত হচ্ছে । এর ফলে জনগণের কষ্ট করে এসে জেলা প্রশাসকের সাথে দেখা করতে হয় না, তারা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সরাসরি জেলা প্রশাসকের সাথে কথা বলে তাদের সমস্যা জানাতে পারছে। সারা বাংলাদেশে এর প্রয়োগ শুরু হলে জনগণের সেবার পরিধি আরো বৃদ্ধি পাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি