স্টাফ রিপোর্টারঃ
গত বছর উপজেলা নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করতে গিয়ে গোলযোগ-সহিংসতা ও অনিয়মের তিক্ত অভিজ্ঞতার পর এবার একদিনেই ২৪৫টি পৌরসভার ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে ইসি। সর্বশেষ ২০১১ সালে ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি চার দিনে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
ইসি কর্মকর্তারা জানান, ডিসেম্বরের প্রথম দিকে স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হবে। জানুয়ারিতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা নিয়ে ইসি কর্মকর্তারা ব্যস্ত থাকবেন। আবার জানুয়ারিতে শুর’ হবে বিশ্ব ইজতেমা। ফেব্র’য়ারিতে এসএসসি পরীক্ষা। তাই এবার প্রায় ২৪৫টি পৌরসভার নির্বাচন ডিসেম্বরের শেষ দিকে একদিনেই ভোটগ্রহণ অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে ইসি।
এবিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেন, পৌরসভা নির্বাচন এক দিনেই করা হবে, এমন চিন্তা ভাবনাই করছে নির্বাচন কমিশন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও এমনই ইঙ্গিত দেয়া হয়েছে। জাবেদ আলী বলেন, নির্বাচন উপযোগী পৌরসভাগুলোর তালিকা দেখে কমিশন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। কেন একদিনে করা হবে কিংবা কয়েক ধাপে করা হবে তাও পর্যালোচনা করা হবে।
উপজেলা নির্বাচনের অনিয়মের তিক্ত অভিজ্ঞতার পর এ বছরের এপ্রিলে ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণও এক দিনে হয়। ইসি কর্মকর্তারা জানান, নভেম্বরের মাঝামাঝি সময়ে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে ভোটার তালিকা প্রস্তুতসহ আনুষঙ্গিক প্রস্তুতি চলছে, যাতে ডিসেম্বরের শেষভাগে একসঙ্গে ২৪৫টি পৌরসভার নির্বাচন সম্পন্ন করা যায়।
























































