আবদুস সোবহান:
চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে পৌর নির্বাচনের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিন যতই ঘনিয়ে আসছে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ততই জমে উঠছে। সরব রয়েছে চায়ের দোকানসহ সর্বত্র। প্রচারনায় পিছিয়ে নেই সরকার দলীয় সম্ভাব্য প্রার্থীরাসহ সরকার বিরোধীরাও। এখন দু’গ্রুপেই প্রার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এবার প্রথম বারের মত দলীয় প্রতীকে স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহন করার সুযোগ হওয়ায় সরকার দলীয় নেতাকর্মী ও প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে চৌদ্দগ্রাম পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন আওয়ামীলীগের মো. মিজানুর রহমান মিজান। মামলা হামলার কারণে বিএনপি-জামায়াতের নেতারা অনেকটা নিরবে থাকলেও বর্তমানে নড়েচড়ে উঠেছে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে। প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে উপজেলা জামায়াতের আমির ভিপি সাহাব উদ্দিনের নাম। গত নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী ছিলেন নয়ন বাঙ্গালী। এবার বিএনপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানিয়ে আসছেন বিএনপির নেতা-কর্মীরা। সূত্র মতে, জামায়াতে ইসলামীও ২০ দলীয় জোটের প্রার্থী সমর্থন আদায়ে সরব রয়েছেন।
এদিকে আওয়ামীলীগের অপর প্রার্থী হিসেবে পৌর কাউন্সিলর যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী (এনাম) এর নাম আলোচিত হচ্ছে। আওয়ামীলীগের একটি অংশ এবং একটি নাগরিক গোষ্ঠি এনাম পাটোয়ারীকে নির্বাচনে অংশ নিতে উৎসাহ যোগাচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যে এনাম পাটোয়ারী মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়টি প্রচারণার মাধ্যমে জানান দিয়েছেন।
চৌদ্দগ্রাম পৌর এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে জানা যায়, গত নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পৌর মেয়র নির্বাচিত হন। তিনি এবারও নির্বাচনে অংশ নিবেন বলে জানা গেছে। তবে এবার মেয়র পদ নিয়ে উপজেলা আ’লীগে অর্ন্তকোন্দল রয়েছে। যার প্রমাণ স্থানীয় পৌর কাউন্সিলর এনাম পাটোয়ারীর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়া। ইতোমধ্যে ফেস্টুন ব্যানার টানিয়ে তার নির্বাচনের অংশ নেয়ার বিষয়টি জানান দিচ্ছেন।
এদিকে গত নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ড. জিএম নয়ন বাঙালী অংশ নেন। চৌদ্দগ্রামে নির্বাচনের পর তাকে তেমন একটা দেখা যায়নি। বিএনপির আন্দোলন সংগ্রামেও তিনি তেমন মাঠে ছিলেন না। তাছাড়া বিএনপির অধিকাংশ নেতাকর্মী আওয়ামীলীগের সাথে গোপনে লিয়াজো রক্ষা করেছেন বলেও অভিযোগ উঠেছে। আন্দোলন সংগ্রামে রাজনৈতিক কর্মসূচিতে না থাকলেও হঠাৎ করে স্থানীয় স্বেচ্ছাসেবক দল গত কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নয়ন বাঙালীর ও নেতা কর্মীদের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নির্বাচনে অংশ গ্রহন করার সুযোগ দেয়ার দাবি জানান।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হওয়ার কারণে নির্বাচনে অংশগ্রহন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে একটি সূত্র জানায় রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত হলে জামায়াত যে কোনো ভাবে নির্বাচনে অংশ নেবে। তাদের প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের আমীর ভিপি সাহাব উদ্দিনের নাম শোনা যাচ্ছে। ফলে মেয়র প্রার্থীতা নিয়ে বিএনপি-জামায়াত জোটও বেকায়দায় রয়েছে।


























































