
স্টাফ রিপোর্টার
কুমিল্লায় জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র এবং ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে অন্য এক অভিযানে আটক মহিলা মাদক ব্যবসায়ী সুমিকে আটকের পর কুসিক কাউন্সিলর সোহেলের জিম্মায় ছেড়ে দেয় ডিবি পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪ টায় জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পূর্ব চৌমুহনীর মিল্লাত মিয়ার দোকানের পার্শ্ববর্তী ইয়াবা ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালিয়ে মামুনের স্ত্রী (মহিলা মাদক ব্যবসায়ী)কে এবং বালুতোপার বিবির বাজার রাস্তার উত্তর পার্শ্বে ঝাকুনিপাড়া স্কুলের সামনে অভিযান চালিয়ে ৩ যুবককে মাদক ও প্রাইভেটকারসহ আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে আদর্শ সদর উপজেলার তেলিকোনা এলাকার গেদু মিয়ার পুত্র সুজন (২৫), ঠাকুর পাড়া আশ্রম গলির দীলিপ দাসের পুত্র পিন্টু দাস (২৬) এবং কালিয়াজুরি মাজার এলাকার কপিন উদ্দিনের পুত্র জনি (২৪)।
কুমিল্লা ডিবি সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এসআই শাহ কামাল আকন্দ ও এস.আই সহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম রবিবার রাতে ঝাকুনিপাড়া স্কুলের সামনে থেকে অভিযান চালিয়ে ১টি করে চাপাতি,সুইচ গিয়ার চাকু, চাইনিজ কুড়াল, রামদা ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত সাদা রংয়ের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে বিকেল ৪ টায় জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পূর্ব চৌমুহনীর মিল্লাত মিয়ার দোকানের পার্শ্ববর্তী ইয়াবা ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালিয়ে মামুনের স্ত্রী (মহিলা মাদক ব্যবসায়ী)সুমিকে আটক করে কুমিল্লা ডিবি পুলিশ। পরে রাতে তাকে স্থানীয় কুসিক কাউন্সিলর সোহেলের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানায়, বিকেল ৪ টায় মাদক ব্যবসায়ী মামুনের বাড়িতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে মামুনকে না পেয়ে তার স্ত্রীকে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করে নিয়ে যায়। রাতে তাকে ছেড়ে দেয়া হয় ।
এ বিষয়ে কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল জানান, আমরা অভিযান চালিয়েছি মামুনকে গ্রেফতার করার জন্য । তাকে না পেয়ে তার স্ত্রীকে নিয়ে আসি। পরে স্থানীয় কাউন্সিলরের জিম্মায় তাকে ছাড়া হয়।
এ বিষয়ে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, স্থানীয় কাউন্সিলরের জিম্মায় তাকে ছাড়া হয়। ওই মহিলার মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি আমাদের জানা নেই। এ বিষয়টি তদন্ত করে প্রয়োজনে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে। মাদক বিষয়ে কোন ছাড় নেই।

















































