শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির সংস্কারপন্থীদের নতুন দল!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৫

2-lider-400x312

ডেস্ক রিপোর্টঃ

নতুন রাজনৈতিক দল গঠনের পথে বিএনপির সংস্কারপন্থী নেতারা অনেকটা এগিয়েছেন। দল গঠন নিয়ে সব সংস্কারপন্থী নেতাদের সাথে আলাপ-আলোচনা চলছে, শুরু হয়েছে দল গঠনের প্রাথমিক কাজ।

চলমান রাজনৈতিক পরিস্থিতি আরও বিবেচনা করে আগামী বছরে শুরুতে আসতে পারে নতুন দলের ঘোষণা। নেতৃত্বে কারা থাকছে বা কাদের নিয়ে দল গঠিত হচ্ছে তা নিয়ে এখনই মুখ খুলতে চাচ্ছে না বিএনপির সংস্কারপন্থী নেতারা।

অনেকটা হটাৎ করেই বিএনপির দলীয় পদ ও রাজনীতি থেকে সরে দাঁড়ান শমসের মবিন চৌধুরী।  প্রায় তিন যুগ পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল মিলাদ মাহফিল আয়োজন করে  রাজনীতিতে আলোচনায় এসেছেন। তার কোনো পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও বিএনপির বেশ কিছু সংস্কারপন্থী নেতা তাকে নিয়ে নতুন বিএনপি গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গুজব-গুঞ্জনে আবার সরব বিএনপির সংস্কারপন্থীরা। নতুন দল গঠনের খবর এসেছে আবার মিডিয়াতে। এসব খবরের সাথে কোন যোগসূত্র না থাকলেও নতুন কিছু করতে যাচ্ছেন ওয়ান ইলেভেনের সময় সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পাওয়া বিএনপি নেতারা।

এ নিয়ে সংস্কারপন্থী নেতা আশরাফ হোসেন বলেন, আমরা চেষ্টা করবো যারা জনগণের কল্যানে কাজ করতে চায় তাদের নিয়ে দল গঠন করতে।

সংস্কারপন্থী নেতাদের লক্ষ্য আগামী জাতীয় নির্বাচন লড়াই করা। তাই এর জন্য খড়সা গঠনতন্ত্র তৈরির কাজ শুরু করে দিয়েছেন তারা। চূড়ান্ত করেছেন বিভাগীয় সম্বন্বয়কারীও। দলের নাম না জানালেও ঘোষণা আসা এখন সময়ের ব্যাপার মাত্র বলে জানান তারা।

এ নিয়ে সংস্কারপন্থী নেতা আশরাফ হোসেন আরও বলেন, দলের নাম প্রকাশ করলে আপনারা তো জানতেই পারবেন। আমরা এখনো অবশ্য দলের নাম ঘোষণার সুনির্দিষ্ট কোন দিন তারিখ ঠিক করিনি।

তিনি আরও বলেন, বিএনপির কেউ যদি আমাদের আদর্শে বিশ্বাসী হয়।  সেখান থেকেও কেউ আসতে পারে আবার আওয়ামী লীগ থেকেও কেউ আসতে পারে।

বিএনপির সংস্কারপন্থী নেতা শহিদুল হক জামাল বলেন, নেতাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে। এমন সময় আসবে হয়তো অনেকই দল ছেড়ে বেরিয়ে যাবে। সম্প্রতি শমসের মবিন চৌধুরী বিএনপি ত্যাগ করলেন। আরও অনেকে দল ত্যাগ করতে পারে। নতুন দলে অন্য দল থেকেও আরও অনেকে আসতে পারে। চমক আছে আরও দেখতে পারবেন আপনারা।

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের মনোভাব বুঝেই চূড়ান্ত সিদ্ধান্ত  নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি