মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হতে পারে শনিবার। প্রাণভিক্ষা চাইলে সময় লাগবে। না হলে শনিবার কিংবা এরপর যেকোনো দিন কার্যকর করা হবে। বৃহস্পতিবার রিভিউর রায় প্রকাশের পর সব আনুষ্ঠানিকতা শেষ করার জন্য সরকার প্রক্রিয়া শুরু করেছে। ইতোমধ্যে রায়ের কপিও পেয়েছে। এই তথ্য জানা গেছে সরকারের নীতিনির্ধারক মহলের এক মন্ত্রীর কাছ থেকে। বৃহস্পতিবার বিকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউর রায় প্রকাশ করে। ওই রায়ের কপি কারাগারেও পাঠানো হয়।
ওই মন্ত্রী বলেন, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ রিভিউর পূর্ণাঙ্গ রায় দিয়েছেন। সেটা প্রকাশ হয়েছে। সেই রায়ের কপি রেজিস্ট্রার জেনারেলের দফতর থেকে প্রথমে ট্রাইব্যুনালে ও পরে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এখন প্রয়োজনীয় বাকি আনুষ্ঠানিকতা করা হবে।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, আদালতের রায় অনুযায়ী সব ব্যবস্থা গ্রহণ করা হবে। রায় গেলেও শুক্রবার রায় কার্যকর হবে না। কারণ শুত্র“বার ফাঁসির রায় কার্যকর করা যায় না।
শনিবার কার্যকর হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, রায়ের কপি বিবেচনা ও পর্যালোচনা করে এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন কখন রায় কার্যকর করবে। সেই হিসাবে কার্যকর হবে। শনিবারই হবে এটা বলতে পারছি না। এই ব্যাপারে সংশ্লিষ্টরা বলতে পারবেন। দণ্ডপ্রাপ্তরা প্রাণভিক্ষা চাইবেন না জানালে শনিবার কিংবা এরপরে রায় কার্যকর করতে কোনো বাধা নেই।
তিনি বলেন, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই সবাই সব কিছু জানতে পারবেন। সরকার এনিয়ে কোনো তাড়াহুড়া করতে চাইছে না। সব কিছুর ব্যাপারে আদালতের আদেশে রয়েছে। দণ্ডপ্রাপ্তদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে এক্ষেত্রেও একই নিয়ম মানা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান কিনা সেটা দেখতে হবে।
সালাহউদ্দিন কাদের চৌধুরী প্রাণভিক্ষা চাইবেন না বলে তার পরিবার জানিয়েছে আর মুজাহিদের ছেলে বলেছেন, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না, তবে রাষ্ট্রপতির কাছে চিঠি দিবেন। আইনমন্ত্রী বলেন, প্রাণভিক্ষার আবেদন করা ছাড়াও রাষ্ট্রপতির কাছে অন্য কোনো আবেদন পাঠানোর সুযোগ নেই। প্রাণভিক্ষা চাইলে সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দিবেন সেটাই হবে।
ঠিক কয়দিনের মধ্যে রায় কার্যকর হবে বলে আপনি মনে করছেন, তিনি বলেন, আসলে এখানে সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে পারছি না। রায়ের কপিতে কি লেখা হয় সেটার জন্য বৃহস্পতিবার অপেক্ষা করেছি। আদেশ তো মৌখিকভাবে হয়ে গিয়েছিল। এই কারণে ভিন্ন কিছু হবে এমনটা আমরা মনে করিনি। লিখিত রায়ে বিস্তারিত লিখা হয়। সেটা লেখার জন্য সরকার অপেক্ষা করেছে। আদালত যেভাবে বলেছেন সেই ভাবে রায় কার্যকর করা হবে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই রায় কার্যকর করাকে কেন্দ্র করে অবনতি হতে পারে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, সেই রকম কোনো সম্ভাবনা দেখছি না। তারা চেষ্টা করতে পারে। তবে সেই চেষ্টা যাতে সফল না হয় এই জন্য সরকার থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে সর্বাÍক চেষ্টা করছে। আরও করবে।























































