ডেস্ক রিপোর্ট : দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের প্রাণদ- মওকুফের আবেদন নাকচের পর তাদের মৃত্যুদ- কার্যকরের কথা সরকারের পক্ষ থেকে জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছে তাদের দল বিএনপি ও জামায়াতে ইসলামী।
শনিবার মধ্যরাতে সাবেক এই দুই মন্ত্রীর ফাঁসির কার্যকরের আগ মুহূর্তে বিএনপির বিবৃতি আসে। তার আগে সন্ধ্যায় বিবৃতি পাঠায় তাদের জোটসঙ্গী দল জামায়াত।
মৃত্যুদ-ের চূড়ান্ত রায় পুনর্বিবেচনায় দুই যুদ্ধাপরাধীর আবেদন রাষ্ট্রপতি নাকচ করার পর শনিবার রাত ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, এখন দ- কার্যকরে আরও কোনো বাধা নেই।
বেলা আড়াইটায় আইনমন্ত্রী আনিসুল হক জানান, সালাউদ্দিন কাদের ও মুজাহিদ দুজনই প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন।
তবে তার এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর বলেন, নিজেরা কথা না বলে এই বক্তব্য বিশ্বাস করছেন না তারা।
স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি বলেছে, “গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে যে, সালাহউদ্দিন কাদের চৌধুরী দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তার পরিবার তার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ করে দলকে অবহিত করেছেন, সালাহউদ্দিন কাদের চৌধুরী দোষ স্বীকার করে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে প্রাণভিক্ষা চাননি।
“তার পরিবার বিএনপিকে অবহিত করেছেন এ মর্মে একটি বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস চলছে, যা আদৌ সত্য নয়।”
পুরো বিবৃতিটিই করা হয়েছে সালাউদ্দিন কাদেরের পরিবারের বক্তব্য উদ্ধৃত করে। এতে আরও বলা হয়েছে, সালাউদ্দিন কাদের ‘ন্যায়বিচার’ পাননি।
রোববার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদ- কার্যকরের ঘণ্টাখানেক আগে দেখা করে বেরিয়ে সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম সাংবাদিকদের বলেন, ক্ষমা চাননি বলেই তার বাবা তাদের জানিয়েছেন।
“বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি মার্সি পিটিশন করেছে? তিনি বলেছেন, ‘এরকম বাজে কথা কে বলেছে?’ তখন আমি তাকে বলি, সরকার থেকে এটা বলা হয়েছে, জেল গেইট থেকেও কাগজ গেছে। শুনে তিনি বলেন, ‘তোমরা দেখ, এই সরকারের আমলে কত ধরনের কাগজই না বের হবে।”
শনিবার দুপুরে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে দলীয় নেতা সালাউদ্দিন কাদেরের পরিবারকে নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সেখানে হুম্মাম ছাড়াও তার মা ফারহাত কাদের ও ভাই ফাইয়াজ কাদের চৌধুরী ছিলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের ছেলে মাবরুর মধ্যরাতে কারাগারে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের বলেন, তার বাবা ক্ষমা চেয়ে কোনো আবেদন করেননি।
জামায়াতের বিবৃতিতে বলা হয়, আলী আহসান মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন বলে গণমাধ্যমে যে খবর এসেছে, তা ‘সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর’।
“পরিবারের সঙ্গে সাক্ষাতকালে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষার বিষয়ে পরামর্শের জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শের ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি পরিবারের নিকট প্রাণভিক্ষার বিষয়ে কোনো বক্তব্য দেননি।”
রাত পৌনে ১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝোলানো হয় একাত্তরে চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদের এবং বুদ্ধিজীবী হত্যাকা-ের পরিকল্পনা ও বাস্তবায়নকারী মুজাহিদকে।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদ- দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি আপিল করলে চলতি বছরের ১৬ জুন চূড়ান্ত রায়েও ওই সাজা বহাল থাকে।
একাত্তরে চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদেরের রায় এসেছিল ২০১৩ সালের ১ অক্টোবর। ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় এ বছর ২৯ জুলাই আপিলের রায়েও বহাল থাকে।
তাদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় একই দিনে, ৩০ সেপ্টেম্বর। এরপর নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল দুজনের মৃত্যু পরোয়ানা জারি করে এবং কারা কর্তৃপক্ষ ১ অক্টোবর তা দুই ফাঁসির আসামিকে পড়ে শোনায়।
এরপর দুই যুদ্ধাপরাধী ওই রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে আবেদন করেন। শুনানি শেষে বুধবার আদালত তা খারিজ করে দেয়।























































