মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ
নিখোঁজ হওয়ার তিন দিন পর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকা থেকে জর্নাদন কর্মকার(২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ সুজাতপুর এলাকা সংলগ্ন একটি ব্রীজের নীচ থেকে লাশটি উদ্ধার করে।
নিহত জনার্দন উপজেলার চিওড়া ইউনিয়নের পাতড্ডা গ্রামের মনমোহন কর্মকারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সুজাতপুর এলাকার একটি ব্রীজের নীচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বাবা মনমোহন কর্মকার জানান, তার ছেলে জনার্দন কর্মকার গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে পাশ্ববর্তী চিওড়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন।
অনেক খোঁজাখুজির পর ছেলেকে না পেয়ে রবিবার (২২ নভেম্বর) চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

















































