শৃঙ্খলাভঙ্গের দায়ে ২০১৪ সালেই দুবার শাস্তির খড়গ নেমে এসেছিল সাকিব আল হাসানের জীবনে। বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলােেদশের ক্রিকেটের সুপারস্টার খ্যাত সাকিবের ক্যারিয়ারে বিতর্ক যেন নিত্যসঙ্গী। ওই বছর প্রথমবার তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ক্যামেরার সামনে অশ্লীল, অভব্য অঙ্গভঙ্গি করে। পরেরবার ম্যাচ চলাকালীন ড্রেসিংরুম ছেড়ে এসে দর্শক পেটানোর কারণে বিসিবি ছয় মাসের জন্য নিষিদ্ধ করে মাঠের ক্রিকেটে দেশের সবচেয়ে বড় এ তারকাকে।
এবার বিপিএলেও এক ম্যাচ নিষিদ্ধ হলেন সাকিব। বৃহস্পতিবার সিলেটের বিপক্ষে ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এ বাঁহাতি অলরাউন্ডার। এছাড়া সিলেটের ওপেনার লঙ্কান দিলশান মুনাবীরাকে গালিগালাজ করায় ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে।
তরুণদের জন্য অনুকরণীয় সাকিবের সঙ্গে মাশরাফির সম্পর্ক বড় ভাই ছোট ভাইয়ের মতো। টানা তিনবার নিষিদ্ধ হওয়া সাকিবের বিষয়ে মাশরাফির ধারনা, সাকিব এমন নন। হয়তো আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তবে বলেছেন, দলের সেরা খেলোয়াড় এমন হলে দলটাই ভুক্তভোগী হয়।
শুক্রবার ম্যাচ শেষে সাকিব সম্পর্কে মাশরাফি বলেন, “সাকিব এই ধরনের না। সাকিব সাধারণত মাঠে এতোটা প্রতিক্রিয়া দেখায় না। কোনও কানও ক্ষত্রে হয় ধরে রাখা যায় না। সাকিবের আগের নিষেধাজ্ঞা ছিল একরকম আর এটা আরেক রকম। সবগুলোই কিন্তু ভিন্ন ভিন্ন। একটা খেলোয়াড়ের এমন ৩ বার হয়ে গেলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে। তবে আমি নিশ্চিত যে, ও এগুলো করতে চায় না।”
তিনি আরও বলেন, “আমি আগের গুলোর সঙ্গে না মিলিয়ে বলবো, একের জনের প্রতিক্রিয়া একেক রকম হয়ে যায়। এটা সাকিবের দলের জন্যই খারাপ হয়েছে। দলের সেরা খেলোয়াড়ের এমন হলে এটা পুরো দলই ভুক্তভোগী হয়। আমরা কালকে রাত পর্যন্ত সাকিবকে নিয়ে এক রকম পরিকল্পনা করছিলাম। সকালে উঠে আরেক রকম পরিকল্পনা করতে হয়েছে। এটা অবশ্যই আমাদের থেকে ওদের দলের জন্য কঠিন হয়ে যায়। কালকের আসলে ও নিজেকে কন্টোল করতে না পেরে চলে গেছে। আবারো বলবো এটা ম্যান টু ম্যান ভেরি করে।”
নিয়ম ভাঙ্গলে শাস্তি পেতেই হবে। মাশরাফির আশা সাকিব ভবিষ্যতে এমন আর করবে না। তিনি বলেন, “প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে। নিয়ম অতিক্রম করলে সে যেই হোক অনেক বড় বড় খেলোয়াড়ের ক্ষেত্রেই সেটা হয়েছে। এটা দূর্ভাগ্যজনক সাকিবের জন্যেও। ও তার দলের জন্যেও। হয়তোবা ওই সময়ে সে তার আবেগ ও উত্তেজনা ধরে রাখতে পারেনি। মানুষ ভুল থেকেই শিখে। আশা করি সে ভবিষ্যতে এরকম করবে না ও দ্রুত রিকভার করবে।”


























































