শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » কুমিল্লার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেপরোয়া ছাত্রলীগ, নিয়মিত হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ


কুমিল্লার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেপরোয়া ছাত্রলীগ, নিয়মিত হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৫

cleg20150412113322_62551_636571
ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা নগরীতে ছাত্রলীগের নেতাকর্মীরা এখন বেপরোয়া হয়ে পড়েছে। কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সাংঘর্ষিক কর্মকান্ডে শিক্ষা ব্যবস্থা ব্যহত হচ্ছে। তারা বিরোধী দলের সাথে সংঘর্ষে না জড়ালেও নিজেদের মধ্যে বারবার সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এতে করে রক্তাক্ত জখমের সংখ্যাও বাড়ছে।

ছাত্রলীগের এমন বেপরোয়া কর্মকান্ডে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ হুমকিতে পড়েছে। সাধারণ শিক্ষার্থীরা আতংকে রয়েছেন।

স্থানীয় সূত্রমতে, গতকাল (২৬ নভেম্বর) দুপুরে নগরীর পুলিশ লাইন এলাকায় অবস্থিত কুমিল্লা সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুইজন রক্তাক্ত আহত হয়। এ সময় কলেজের সাধারণ শিক্ষার্থীরা আতংকিত হয়ে ছুটোছুটি করতে থাকে।

এ ঘটনার জের ধরে বিকেলে মহানগর স্বেচ্ছাসেবক লীগের কর্মী মোস্তফাকে গুলি করা হয়। তিনি কুমেক হাসপাতালের চতুর্থ তলায় চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কুমেক হাসপাতালের ইর্মাজেন্সি সূত্র জানান, মোস্তফার শরীরে গুলিবিদ্ধ হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, কুমিল্লা সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আর বিকেলে মোস্তফাকে আহত করা হয়েছে বলে শুনেছি। গুলিবিদ্ধ হয়েছেন কিনা জানিনা।

এ দিকে রোববার (২২ নভেম্বর) দুপুর সোয়া ১ টায় কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন জ্যাকিকে (৩২) গুলি ও কুপিয়ে আহত করে ছাত্রলীগের অপর গ্রুপের নেতাকর্মীরা। আহত ইমরান হোসেন জ্যাকি কুমিল্লা সদরের গোবিন্দপুর এলাকার বাসিন্দা। তাকে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এছাড়া গত ১৪ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮ টায় কুমিল্লা নগরীতে মহানগর স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন বরুড়ার সাবেক সাংসদ ও উপজেলা আ’লীগ নেতা মরহুম আব্দুল হাকিমের ছেলের গাড়ি চালক।
এ সময় নেতাকর্মীরা তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি ভাংচুর করেছে। স্থানীয় সূত্র জানায়, বরুড়ার সাবেক সাংসদ ও উপজেলা আ’লীগ নেতা মরহুম আব্দুল হাকিমের ছেলে এড. কামরুলের স্ত্রী ও তার আতœীয়-স্বজন নগরীর কান্দিরপাড়ের সাত্তার খান মার্কেটে কেনাকাটার জন্য আসে। এ সময় মাকের্টের সামনে দাড়িয়ে থাকা ছাত্রলীগের ৬/৭ জন নেতাকর্মী এমপির পুত্রবধুসহ গাড়িতে থাকা অন্য মেয়েদের উত্যক্ত করে।
প্রাইভেটকার চালক এ ঘটনার প্রতিবাদ করলে নেতাকর্মীদের সাথে চালকের কথা কাটাকাটি হয়। এ সময় আরো নেতাকর্মী এসে জড়ো হলে চালক এমপির পুত্রবধু ও আতœীয়-স্বজনকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এদিকে নেতাকর্মীরা পেছনে পেছনে প্রাইভেটকারকে ধাওয়া করে। প্রাইভেটকারটি নগরীর ঈশ্বর পাঠশালার সামনে আসার পর যানজটের কবলে পড়ে। এ সময় প্রাইভেটকারের সাথে ধাক্কা খেয়ে দুইজন পথচারি সামান্য আহত হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসে গাড়িটি ভাংচুর করে এবং চালককে পিটিয়ে গুরুতর আহত করে।

কুমিল্লা জেলা ও মহানগর ছাত্রলীগ মূলত দু’ভাগে বিভক্ত । উভয় কমিটিতে রয়েছে দু’গ্রুপের নেতাকর্মীরা। কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে মূলত রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব সমর্থিত নেতাকর্মীদের প্রাধান্য । অপর দিকে মহানগর ছাত্রলীগের কমিটিতে সদর সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার সমর্থিত নেতাকর্মীদের প্রাধান্য রয়েছে। কুমিল্লা নগরী মূলত সদর সাংসদ গ্রুপের নিয়ন্ত্রনে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা নিজেরাই অর্ন্তকোন্দলে জড়িয়ে পড়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আ’লীগ নেতা জানান, ছাত্রলীগ এক ঐতিহ্যবাহি সংগঠন। বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে ছাত্রলীগের অবদান রয়েছে। কুমিল্লার ছাত্রলীগেরও অনেক সুনাম ছিল। কিন্তু অশিক্ষিত, অস্ত্রবাজ ও টেন্ডারবাজ কিছু অনুপ্রবেশকারি ঢুকে ছাত্রলীগকে বির্তকিত করছে। যার ফলে আমাদের সুনাম নষ্ট হচ্ছে । এখন বিভিন্ন এলাকায় মূর্খ, মাদক ব্যবসায়ীরাও নিজেদের ছাত্রলীগ নেতাকর্মী বলে পরিচয় দেয়। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। ছাত্রলীগের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে অর্ন্তকোন্দল ভুলে শিক্ষিত, ভদ্র ও নিষ্ঠাবান ছাত্রদের নিয়ে ছাত্রলীগ গঠন করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি