বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিরাপত্তা ঝুঁকিতে চলে যাচ্ছে বিদেশি নাগরিক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৫

Nirapata-1

ডেস্ক রিপোর্ট :

ইতালি ও জাপানের তিন নাগরিককে হত্যা তাজিয়া মিছেলে হামলা, পুলিশ খুন, সর্বশেষ বগুড়ায় শিয়া মসজিদে গুলির ঘটনায় বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে।

খুনের ঘটানায় বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো একের পর এক সতর্কতা জারি করেছিল। নতুন কোন খুনের ঘটনা ঘটলেই সতর্কতা জারি আপডেট করছে তারা।

নতুন করে সতর্কতা জারির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকির কারণে ৩১শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবী কর্মীদের ফিরিয়ে নেবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বাববার হুমকি ও জঙ্গি ধরা পড়ার কারণে ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। ফলে অনেকটা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে সারাদেশ। নিরাপত্তা চেয়ে আবেদন দিন দিন বাড়ছে।

সচিবালয় দর্শনার্থী প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে ও পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাদের হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি গ্রহণকারী হাইকোর্টের তিন বিচারপতিকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ও সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখতে দর্শনার্থী পাশ কম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সিদ্ধান্তে প্রেক্ষিতে এখন থেকে পাশ ইস্যুকারী কর্মকর্তারা পাঁচটির অধিক পাশ দিতে পারবেন না।

এর আগে তারা সর্বোচ্চ ১০টি পাশ ইস্যু করতে পারতেন। গত ২৪শে নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সকল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

একইসঙ্গে দর্শনার্থীর পূর্বপরিচয় নিশ্চিতকরণ, সোমবার বিকেল ৩টার আগে কোন ধরনের সভা না আহ্বান করা, সচিবালয় প্রবেশ নীতিমালা ২০১৪ বহির্ভূত অস্থায়ী প্রবেশপত্র ও গাড়ি স্টিকার না দেয়ার জন্য সকল মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকি হ্রাস পাবে ও সুষ্ঠ কর্মপরিবেশ বজায় থাকবে বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বিপুল সংখ্যক দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করায় এখানকার কর্মপরিবেশ নষ্ট হচ্ছে। দর্শনার্থী পাশ নিয়ে সচিবালয়ে প্রবেশকারী ব্যক্তিদের তথ্য যাচাই করে দেখা গেছে, পাশ ইস্যুকারী কর্মকর্তা দর্শনার্থীকে চেনেন না। পূর্বপরিচয় নিশ্চিত না হয়ে দর্শনার্থী পাশ ইস্যু করার ফলে সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাচ্ছে।

এদিকে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাদের হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি গ্রহণকারী হাইকোর্টের তিন বিচারপতিকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার স্ব-প্রণোদিত হয়ে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চের বিচারপতিরা নিজেদের নিরাপত্তার স্বার্থে এই আদেশ দেন।

বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী হামলার ঘটনায় আইএসের দায় স্বীকারকে সতর্কতার সঙ্গে দেখছে পশ্চিমা দেশগুলো। বৃহস্পতিবার বগুড়ায় শিয়া মসজিদে গুলিতে হতাহতের দায়ও নেয় আন্তর্জাতিক এ জঙ্গি সংগঠনটি। এরপর শুক্রবার আবারও নিজ দেশের নাগরিকদের ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করে অস্ট্রেলিয়া। পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিজেদের স্বেচ্ছাসেবী কর্মীদের ফিরিয়ে নেবে দেশটি। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এদিন এক বিবৃতিতে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন মসজিদে গুলিবর্ষণের নিন্দা জানিয়ে বলেছেন, বাংলাদেশের উচিত আন্তর্জাতিক সহায়তা নিয়ে এসব সন্ত্রাসী কর্মকা-ের মূলোৎপাটন করা।

এক প্রতিবেদনে দ্য ওয়াশিংটন পোস্ট বলেছে, বাংলাদেশে বিদেশি নাগরিকরা চরম আতংকের মধ্যে আছেন। তারা এখন আর আগের মতো হেঁটে বা সাইকেল চালিয়ে কাজে যাচ্ছেন না। সকালে জগিং করতে বের হতেও ভয় পাচ্ছেন তারা।

অস্ট্রেলিয়ার ফরেইন অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে বলা হয়, অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারিদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বেচ্ছায় অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে।

এছাড়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি খরচে নিজেদের স্বেচ্ছাসেবীদের প্রত্যাহার করে নেবে তারা। পাশাপাশি নাগরিকদের চলাচলে আগের সতর্কতা নবায়ন করে দেশটি। তাদের সর্বশেষ সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ২৭ নভেম্বর আইএসআইএল (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত) বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি শিয়া মসজিদে আরেকটি হামলা চালানোর দাবি করেছে।

এতে দেশটির নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, সতর্কতার পরামর্শের মাত্রা পরিবর্তন হয়নি। বাংলাদেশে আপনাদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করা উচিত।

বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। এক বিবৃতিতে তিনি বলেন, মসজিদে নামাজের সময় বর্বর হামলার কথা শুনে আমি নিজেই হতভম্ব হয়েছি। মানুষের বিশ্বাসের ওপর এই রকমের আঘাত হানা কখনোই কাম্য নয়। আমি হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অবিলম্বে হামলাকারীদের সমূলে নিপাত করার আহ্বান করছি।

ফরেনার্স রেসট্রিক্ট মুভমেন্টস ইন বাংলাদেশ আফটার আইএসআইএস ক্লেইমড কিলিংস প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বলেছে, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশে বিদেশিরা আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা আগের মতো যখন তখন বাসা বা অফিস থেকে বের হচ্ছেন না। হেঁটে বা সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছেন না। সকালে জগিংয়ে বের হতেও ভয় পাচ্ছেন তারা। অথচ কিছুদিন আগেও ব্যস্ততম ঢাকার অলিগলি ও বস্তিতে ঘুরে বেড়াত বিদেশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।

প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে বাংলাদেশে একটি আন্তর্জাতিক এইডস সম্মেলনসহ কয়েকটি ইভেন্ট বাতিল করা হয়েছে। জাপান ও অস্ট্রেলিয়ার এইড সংস্থাগুলো নীরবে তাদের কর্মী ও স্বেচ্ছাসেবীদের নিজ দেশে ফেরত নিয়ে যাচ্ছে। যারা আছেন তারা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। প্রয়োজনীয় কেনাকাটা সেরে সন্ধ্যার আগেই বাসায় ফিরছেন। মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জনবহুল স্থান, রাস্তা, ফুটপাত ইত্যাদি স্থানে চলাচলে সতর্কতা জারি করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি