প্রশিক্ষণ ছাড়াই মিলছে সনদ। আর এই জাল সনদ দিয়ে পাওয়া যাচ্ছে বিদেশ যাওয়ার ছাড়পত্র। অভিযোগ আছে মাসে কমপক্ষে দেড় কোটি টাকার অনৈতিক লেনদেনের মাধ্যমে ১০ থেকে ১২ হাজার কর্মীকে প্রশিক্ষণ ছাড়াই বিদেশে যাওয়ার ছাড়পত্র দিচ্ছে বিএমইটির বর্হিগমন বিভাগের এক শ্রেণির কর্মকর্তা।
বৈধ সনদ থাকলেই পাওয়া যায় বিদেশ যাওয়ার ছাড়পত্র। কিন্তু সনদ দেখে বোঝার উপায় নেই কোনটি আসল, কোনটি নকল সনদ। বিদেশে যাওয়ার ছাড়পত্র মিলে জাল সনদেও। খোঁজ নিয়ে জানা যায় ওমান, কাতারগামী শ্রমিকদের একটা বড় অংশই জমা দেন জাল সনদ। বেশিরভাগ নারী শ্রমিকও বিদেশ যাচ্ছেন জাল সনদ দেখিয়ে।
এর সত্যতা স্বীকার করেছেন জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো বিএমইটির বর্হিগমন পরিচালক গোলাম মোস্তাফা খান।
উপ-পরিচালকের রুম থেকে পাওয়া যায় বেশ কিছু জাল সনদ। যেগুলোতে স্বাক্ষর করেছিলেন প্রধান সহকারি ও সহকারি পরিচালক। যাদের দায়িত্ব হল আসল সনদ পরীক্ষা করা।
জাল সনদ থাকার সত্বেও দুইজন অফিসার কেন সই করলেন ছাড়পত্রে এমন প্রশ্নের জবাব মিলেনি উপ-পরিচালকের কাছ থেকে।
যেসব প্রশিক্ষণ ইনস্টিটিউট এসব সনদ দিয়ে থাকে সেসব প্রতিষ্ঠানের প্রধানরা জানান কারা তাদের কাছ থেকে সনদ নেন। জাল সনদ চেনার উপায়ও খুব সহজ বলে জানান তারা।
এসএফএমএম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ফৌজিয়া শাহনাজ বলেন, শুধুমাত্র যারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে তারাই শুধু সার্টিফিকেট পাচ্ছে। এই সার্টিফিকেটের তালিকা আমরা বিএমইটির বর্হিগমনে পাঠিয়ে দেই।
অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দা রোযানা রশীদ বলেন, সে নিজে ভুক্তভোগী হবে এবং বিদেশ থেকে ফেরত আসার একটা সম্ভবনা থাকে। আমরা যদি অনবরত এরকম ভূয়া সনদ দিয়ে বিদেশে লোক পাঠাতে থাকি তাহলে একটা সময় এটা চিহ্নিত হবে এবং কালো তালিকায় বাংলাদেশ পরে যাবে।
প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার বলেন, একটি সার্টিফিকেট জাল মানে একটা অপরাধ। সার্টিফিকেট যদি জাল হয়ে থাকে, সনদ জাল প্রক্রিয়ারসাথে কেউ যদি জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

























































