ইমতিয়াজ আহমেদ জিতুঃ
জনসেবায় উদ্ভাবনী উদ্যোগে দুটি ক্যাটাগরিতে প্রথম স্থানসহ চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে কুমিল্লা জেলা প্রশাসন।
শনিবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক আয়োজিত চট্টগ্রাম ইনোভেশন সার্কেলের অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে ৮টি ক্যাটাগরির ৪টিতে (১টি বিভাগে ১ম এবং ৩টি বিভাগে ২য়) কুমিল্লা জেলা প্রশাসনকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করা হয়েছে।
বিভাগীয় ইনোভেশন সার্কেল, চট্টগ্রাম-২০১৫-তে জনসেবায় ‘স্থানীয়ভাবে উদ্ভাবন প্রশিক্ষণ’ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে কুমিল্লা জেলা। এছাড়া আই.সি.টি উদ্যোগে দ্বিতীয় স্থান, ফেসবুক পেজ-এ দ্বিতীয় স্থান এবং ইনোভেশন ইন পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে কুমিল্লা জেলা।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানী, বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বীর বিক্রম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার মোঃ নজরুল ইসলাম, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এন.এম জিয়াউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ্।
কুমিল্লার এনডিসি রাকিব হাসান জানান, প্রধান অতিথির হাত থেকে জনসেবায় সফল উদ্ভাবনী উদ্যোগের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি গ্রহণ করেন কুমিল্লার জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। যে সমস্ত বিভাগে কুমিল্লা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে তার বেশীরভাগই জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল মহোদয়ের উদ্ভাবন। কুমিল্লার জনগণকে সেবা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসন প্রতিনিয়তই নতুন নতুন সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন করছে। আর এর নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। এর স্বীকৃতি স্বরূপ কুমিল্লা জেলা প্রশাসন সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। জেলা প্রশাসনের এসব স্বীকৃতি ও উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল জানান, আমরা অনেক আনন্দিত। এ পুরষ্কার কুমিল্লাবাসির জন্য আনন্দের খবর। পথিকৃৎ কুমিল্লা শুধু শিক্ষা ও সাংস্কৃতির পাদপিঠই নয়, অন্যান্য ক্ষেত্রেও কুমিল্লা অবদান রাখছে। সৃজনশীল ও আইটি সেক্টরেও কুমিল্লা জেলা ও জেলা প্রশাসন ইতিবাচক ভূমিকা পালন করছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসন পথিকৃৎ হিসেবে কাজ করছে। এ পুরষ্কার ভবিষ্যতেও সৃজনশীল কার্যক্রমে আরো ভূমিকা রাখতে সহায়তা করবে। জনসেবায় জেলা প্রশাসন কুমিল্লার এ উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।


















































