শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পশ্চিমা দেশের কাছে বাংলাদেশের নির্বাচন এখনো গ্রহণযোগ্য নয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৫

vot-1

ডেস্ক রিপোর্টঃ

৫ জানুয়ারির বিতর্কিত ও  বিরোধী দলবিহীন ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের পর, নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপিসহ ২০ দলীয় জোট। এ নির্বাচন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ ও ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ সহজে মেনে নেয়নি। গণতন্ত্রের স্বার্থে আবার জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে তারা। ৫ জানুয়ারির দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করেছে বিএনপি।

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের সক্ষমতা বিষয়ে তৈরি করা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন অবশেষে প্রকাশ করলো যুক্তরাজ্য সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনকে উপলক্ষ করেই তৈরি করা হয় ওই প্রতিবেদনটি। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) নামে একটি সংস্থা প্রতিবেদনটি প্রস্তুত করে।

এর আগে বাংলাদেশের একজন সাংবাদিকের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘প্রতিবেদনটির প্রকাশ দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে’- এমন যুক্তিতে তা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছিল দেশটির সরকার।

প্রতিবেদনটি নিয়ে গত ১০ ডিসেম্বর একটি রিপোর্ট প্রকাশ করেছে আল জাজিরা।

রিপোর্টে প্রতিবেদনটি বিস্তারিত তুলে ধরা হয় এবং এ প্রসঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলামের বক্তব্য নেয়া হয়। চলতি বছরের ৩০ নভেম্বর ডিএফআইডি ওই সাংবাদিকের কাছে পাঠানো এক চিঠিতে জানায়, যুক্তরাজ্যের তথ্য কমিশনারের কাছে করা আবেদন তারা পুনর্বিবেচনা করেছেন এবং ‘প্রতিবেদনটি প্রকাশ জনস্বার্থের অনুকূলে’ বলে বিবেচনা করেছেন।

উল্লেখ্য, তথ্য কমিশন যুক্তরাজ্যের একটি স্বাধীন সংস্থা যারা তথ্য অধিকার সংরক্ষণ করে। চিঠিতে জোর দিয়ে বলা হয়, ২০১৪ সালের মার্চে তৈরি করা প্রতিবেদনটি ‘ডিএফআইডির অনুমোদনে একজন স্বাধীন বিশেষজ্ঞ প্রস্তুত করেছেন’ এবং এর যেকোনো মতামত বিশেষজ্ঞের নিজস্ব দৃষ্টিভঙ্গি। এটি যুক্তরাজ্য সরকারের নীতিকে উপস্থাপন করে না।

জাতিসংঘ উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি) কর্মসূচির আওতায় বাংলাদেশের নির্বাচন কমিশনকে (ইসিবি) সহায়তার জন্য যুক্তরাজ্যের দেয়া ২৩ লাখ ডলার অর্থ সাহায্যের কার্যকারিতা পর্যালোচনার জন্য শাসন বিষয়ক স্বাধীন উপদেষ্টা হান্না রবার্টসের তৈরি করা ওই প্রতিবেদনটি সংগ্রহ করে দেশটির সরকার।

বাংলাদেশে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য ২০১১ সাল থেকে এই প্রকল্পে অন্যান্য আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোও অনুদান দেয়। অনুদানের অতিরিক্ত ১২ লাখ ২০ হাজার ডলারের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন দেয় ৮৮ লাখ ডলার এবং ইউএসএআইডি দেয় ১৪ লাখ ডলার।

প্রতিবেদনটিতে ইসির সমালোচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রথমে দাতা সংস্থাগুলো অর্ধেক সহায়তা কমিয়ে দেয় এবং এক বছর পরে ২০১৫ সালের জুলাই থেকে এটি সম্পূর্ণ স্থগিত করে দেয়।

এদিকে দেশে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৩৬টি (প্রকৃত সংখ্যা ২৩৫) পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের এক সপ্তাহ আগে এ প্রতিবেদনটি প্রকাশিত হলো।

এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য বিরোধী দলের নেতারা নির্বাচনে কমিশনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলছেন, এ ধরনের দুর্বল নির্বাচন কমিশনের কাছ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। অবশ্য এই সমালোচনাকে ‘কা-জ্ঞানহীন’ বলে মন্তব্য করছেন সরকারের মন্ত্রীরা।

ডিএফআইডি’র ১৬ পৃষ্ঠার ওই প্রতিবেদনের শুরুতেই ২০১৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিরোধী দলের বয়কটের মধ্যে অনুষ্ঠিত ওই নির্বাচন আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আনে।

দেশের সংবিধান অনুসারে নির্বাচনটি অনুষ্ঠিত হলেও বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার ওপর ভিত্তি করে এটি হয়নি এবং এর কারণে প্রকৃত নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পর্কিত আন্তর্জাতিক আইন অনুসারে এটি প্রশ্নের সম্মুখীন হয়েছে।

ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারোনেস ওয়ার্সি বলেন, ‘এটা হতাশাজনক যে অর্ধেকের বেশি আসনের ভোটাররা ব্যালট বাক্সে তাদের মতামত দিতে পারেনি। অন্যান্য আসনে ভোটদানের পরিমাণও ছিল সামান্য।’

যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশ বিরোধী দলগুলোর অংশগ্রহণে পুনরায় একটি নির্বাচনের জন্য আহ্বান জানায়।

এর পরই ডিএফআইডি’র প্রতিবেদনে জাতীয় নির্বাচনের দুই মাস পরে অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই নির্বাচনে সব দল অংশগ্রহণ করেছিল।

এই নির্বাচন নিয়ে প্রতিবেদনে বলা হয়, নির্বাচন প্রক্রিয়ায় ইসির নিরপেক্ষতা ও প্রকৃত সততা নিশ্চিত করতে না পারার বিষয়টি ওই নির্বাচনে প্রকাশিত হয়ে পড়ে।

স্থানীয় প্রশাসনের আমলাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়ারও সমালোচনা করা হয় প্রতিবেদনে। বলা হয়, রিটার্নিং অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ইসি নিজেদের কর্মকর্তা ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। তবে স্থানীয় প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহার নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাবকে আরও জোরদার করে।

ব্যর্থতার উদাহরণ হিসেবে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত একটি ভিডিও ফুটেজ দেখানো হয়। এতে দেখা যায়, আওয়ামী লীগের এক প্রার্থী বিএনপি সমর্থকদের আঙ্গুল ভেঙে ফেলার হুমকি দিচ্ছেন। তবে এ ঘটনায় কোনো ব্যবস্থা নিতে পারেনি ইসি।

ইসির সংস্কার প্রসঙ্গেও কথা বলা হয় প্রতিবেদনে। বলা হয়, কমিশনাররা তাদের নিয়োগ, অনুমোদন এবং পুরো প্রতিষ্ঠানটি তহবিলের জন্য আইন মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল থাকায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারে না।

নির্বাচন কমিশনের প্রথাগত দুর্বলতা যদি দূর করা না হয় তবে ভবিষ্যতে ইসির স্বাধীনতা এবং কার্যকারিতা ধীরে ধীরে শেষ হয়ে যাবে- এমন একটি মন্তব্যের মধ্য দিয়ে প্রতিবেদনটি শেষ করা হয়।

প্রতিবেদন প্রসঙ্গে ইসি সচিব সিরাজুল ইসলাম আল জাজিরাকে বলেন, ‘তারা এই মুহূর্তে পৌরসভা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় এর জবাব দিতে পারছেন না।’

তবে নির্বাচন কমিশনের যেকোনো ধরনের পক্ষপাতিত্ব ও অকার্যকারিতা নিয়ে অভিযোগ প্রত্যাখ্যান করেন সচিব সিরাজুল ইসলাম।

ডিএফআইডি’র প্রতিবেদন বিষয়ে কিছু জানেন কি না? এমন প্রশ্নে সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচন কেমন হয়েছে আপনারা তো দেখেছেন। নির্বাচন কমিশন এ যাবত যতো নির্বাচন করেছে তার সব স্বচ্ছ ও নিরপেক্ষভাবেই করেছে। ডিএফআইডি কী বললো না বললো এটাতে নির্বাচন কমিশনের কিছু যায় আসে না।’ একটি অনলাইনকে এ কথা বলেন তিনি।

এ ধরনের প্রতিবেদন আসন্ন পৌর নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। এরকম যতো সংস্থা আছে এরা সবাই কোনো না কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যেই এসব কাজ করে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি