সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সোনারগাঁওয়ে আ.লীগ-যুবলীগের সংঘর্ষে নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০১৫

87974897
ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরহোগলা গ্রামে মেঘনা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. জামাল। এ সময় আরও ১০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাট ও আওয়ামী লীগ কার্যালয়ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে কয়েক দফা সংঘর্ষে বন্দুকসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। নিহত জামালের লাশ বিকেল ৩টার দিকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বালুমহাল ও আসন্ন ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে চরকিশোরগঞ্জ ও চরগোহলা গ্রামে আওয়ামী লীগ নেতা নাসির মেম্বার ও ইমাম হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বুকে ও পিঠে বন্দুকের অসংখ্য ছড়া গুলিতে জামাল নিহত হয় বলে গ্রামবাসী জানিয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার এসআই শেখ মো. সাদী জানান, অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি হাসপাতালে লাশ ফেলে রেখে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে গেছে।

চরকিশোরগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই রেজাউল করিম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ ঘটনায় শম্ভুপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হারুন অর রশিদ বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পেরে নাসিরউদ্দিন মেম্বার তার লোকজন নিয়ে বালুরঘাট এসে আমাদের লোকজনের উপর অতর্কিত হামলা চালিয়ে জামালকে হত্যা করেছে। তাছাড়া আরো ৩ জনের লাশ গুম করেছে।

এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন মেম্বারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রাজিব নামের আমার এক কর্মীকে রোববার রাতে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি