মসজিদ মুসলমানদের ইবাদতের পবিত্র স্থান। জোরে হাঁটাহাঁটি বা ধাক্কাধাক্কি যেখানে নিষেধ, সেখানে বোমা হামলার মতো জঘন্য ঘটনা ঘটছে। গত শুক্রবার চট্টগ্রামে নৌ-বাহিনীর মসজিদে বোমা হামলার এক সপ্তাহের মাথায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন আবারো হামলা হলো রাজশাহীর একটি মসজিদে।
শুক্রবার জুমার নামাজ চলাকালে রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল এলাকার মসজিদে আত্মঘাতি এই বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী নিহত হয়েছে এবং আহত হয়েছেন তিনজন মুসল্লি। বাগমারা থানার ওসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগেও বগুড়ার একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। বোমা হামলা হয়েছিল ১০ মহররমের রাতে শিয়া সম্প্রাদয়ের তাজিয়া মিছিল প্রস্তুতিকালেও।
মসজিদ এবং ধর্মীয় অনুষ্ঠানে কেন বোমা হামলা হচ্ছে? কারা করছে? কেন করছে? সরকার ও মুসল্লিদের কী করা উচিত? এসব বিষয় নিয়ে কথা হয় দেশের তিনজন শীর্ষ ্ইসলামী চিন্তাবীদের সঙ্গে।
জমিয়াতুর উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহ মাঠের ঈমাম আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এ ধরনের অপকর্ম ঘটানো হচ্ছে। হামলাকারীরা পরিকল্পিতভাবে এসব করছে। এদের চিহ্নিত করে কঠিন শাস্তি দিতে হবে। ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। হামলাকারীরা দেশের দুশমন, ইসলামের দুশমন।’
তিনি আরো বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান নেয়ার পাশাপাশি মসজিদের ইমাম-খতিবরাও যদি জুমার খুতবার আগে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে তা কাজে আসবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস বলেন, ‘মসজিদে বোমা হামলা ভালো কোনো লক্ষণ নয়। আত্মঘাতী এসব হামলার মাধ্যমে একটি মহল আমাদের দেশ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। তারা দেশ, সমাজ ও ইসলামের শত্রু।’
এসব হামলা ঠেকাতে সরকারে পদক্ষেপ কেমন হওয়া উচিত? প্রশ্নে উত্তরে তিনি বলেন, ‘সরকারকে আরো সতর্ক হতে হবে। প্রয়োজনে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে মসজিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যথাযথ গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে অনেকটাই বন্ধ হতে পারে এসব বোমা হামলা।’
বাংলাদেশ খেলাফত মজলিস -এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, ‘মসজিদে হামলা ধর্মবিরোধী কাজ। আন্তর্জাতিক একটি চক্র সুপরিকল্পিতভাবে এসব চক্রান্ত করে চলছে। জঘন্য এসব হামলার মাধ্যমে তারা বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়।’
ধর্মীয় প্রতিষ্ঠান কেন হামলার শিকার হচ্ছে? জবাবে মাওলানা মাহফুজুল হক বলেন, ‘বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। তাই মুসলমানদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব লাগিয়ে দেশকে ধ্বংস করতে চায় চক্রান্তকারীরা। এজন্যে সরকার আরো সতর্ক হওয়ার পাশাপাশি মসজিদের ইমাম খতিবরাও ভূমিকা রাখতে পারেন। জুমার নামাজের আগে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে মুসল্লিদের সর্তক করা হলে জনগণই এর বিরুদ্ধে দাঁড়াতে পারবে।’
মিডিয়ার ভূমিকা বিষয়ে তিনি বলেন, ‘এসব হামলা ঠেকাতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুসন্ধানী সত্য নিউজের ভিত্তিতে হামলাকারীদের ধরিয়ে দিতে সহযোগিতা করতে পারে। তবে অযথা কৌতুহল বৃদ্ধির জন্য উস্কানিমূলক কোনো নিউজ হামলাকারীদের আরো সুযোগ করে দিবে নিঃসন্দেহে। এটা কখনই কাম্য নয়। আমি মনে করি সরকার, মিডিয়া, ইমাম-খতিব এবং জনগণের ঐকান্তিক প্রচেষ্টায়ই বন্ধ হতে পারে রাষ্ট্র ও ধর্ম বিরোধী জঘন্য সব বোমা হামলা।’

























































