১ ঘণ্টায় প্রতি কেজি ৭০টাকায় আধ মণ জিলাপি বিক্রি করে ফেলেছেন মোহাম্মদ হানিফ হাওলার। আর এই ক্রেতা হচ্ছেন স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম কবিরের সমর্থকরা।
সরেজমিনে সকাল সাড়ে ১১টায় দেখা যায়, হানিফের দোকান রাবেয়া বসরি (রহ.) মহিলা মাদ্রাসা ভোট কেন্দ্রের খুব কাছে। তার আশপাশে গিজগিজ করছিলেন আওয়ামী সমর্থিত ক্রেতা।
এ পথ ধরে যারা যাচ্ছিলেন রাবেয়া বসরি (রহ.) মহিলা মাদ্রাসা ভোট কেন্দ্রে, তাদের প্রত্যেকের হাতে বাধ্যতামূলকভাবে তুলে দেয়া হচ্ছিল অন্ততঃ একটি জিলাপি। যারা নিতে অপারগতা প্রকাশ করছিলেন, তাদের বলা হচ্ছে, বাাড়িতে নিয়ে যেতে।
হানিফ বলেন, সহাল ১০টায় বেচা শুরু করছিলাম, ১১টার ভিতরে দেহি ২০ কেজি শ্যাষ। মুই ভাবতেও পারি নাই, এমনে বেচা হইবে।
তিনি আরও বলেন, কাই (খামির) শর্ট, একটু পরে আনতে যামু।
দেখা যাচ্ছিল, হানিফ একাই জিলাপি তৈরি থেকে বিক্রি পর্যন্ত সমস্ত কাজ একাই করছিলেন।























































