জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীরা পৌরসভা নির্বাচনে দাঁড়াতেই পারেননি। চরম ভরাডুবি হয়েছে তাদের। অধিকাংশ পৌরসভায়ই জামানত হারিয়েছেন পার্টির প্রার্থীরা। ২৩৪ পৌরসভার মধ্যে শুধু কুড়িগ্রামের নাগেশ্বরীতে আবদুর রহমান মিয়া একমাত্র লাঙ্গল প্রতীকে বিজয়ী হয়েছেন। এ দৈন্যদশার কারণ হিসেবে নেতা-কর্মীরা দলের সাংগঠনিক দুর্বলতা এবং কেন্দ্রের অসহযোগিতাকেই দায়ী করছেন। পাশাপাশি ২৬ পৌরসভায় অনিয়মের অভিযোগ আনা হয় দলের পক্ষ থেকে। দলের সাংগঠনিক ভীত এতই দুর্বল যে, দলটি সবকটি পৌরসভায় প্রার্থীই দিতে পারেনি। ৯৩টি পৌরসভায় প্রার্থী দিয়ে শেষ পর্যন্ত ৭৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করে। এ প্রসঙ্গে পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই বলেছি, জাতীয় পার্টির ভালো করার সুযোগ নেই। যারা সরকারি দল করে তারা নৌকায় ভোট দেবে। যারা সরকারি দল পছন্দ করে না তারা ধানের শীষে ভোট দেবে। জাতীয় পার্টির রাজনীতি সুস্পষ্ট না হওয়া পর্যন্ত দলের উন্নতি হবে না। তিনি বলেন, এটাও প্রমাণ হয়েছে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ভোট সম্পন্ন সম্ভব নয়। পার্টির কয়েকজন প্রেসিডিয়াম সদস্য জানান, হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনে অনিয়ম হবে— এমন আশঙ্কা করে বিভিন্ন সমাবেশে বক্তব্য দিয়েছেন। তিনি একাধিকবার বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের মেরুদ- নেই।’
নানা বিপদেও খারাপ করেনি জামায়াত :
নানা বিপদেও পৌরসভা নির্বাচনে খারাপ করেনি জামায়াতে ইসলামী। দলের নিবন্ধন নিয়ে মামলা থাকার কারণে স্বতন্ত্রভাবে অংশ নিয়ে তাদের সমর্থিত দুজন মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন দিনাজপুরের বীরগঞ্জে মাওলানা মো. হানিফ এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় নজরুল ইসলাম। এ ছাড়া বেশ কয়েকজন জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী বিজয়ী হয়েছেন।
দলটির তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন, দীর্ঘদিন ধরে দলের নেতা-কর্মীরা প্রকাশ্যে বের হতে পারেননি। তবে নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা প্রকাশ্যে আসতে পেরেছেন। সামনে আরও ভালো হবে। তাদের দাবি, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। সুষ্ঠু ভোট হলে, আর জামায়াত দলীয় প্রতীকে ভোট করতে পারলে ফলাফল হতো অন্যরকম। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বিবৃতিতে বলেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন ব্যালট ডাকাতির জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটিয়েছে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন।























































