বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভূমিকম্প আতঙ্কে নিহত ৩,আহত ৫০


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৬

24
ডেস্ক রিপোর্টঃ

সারাদেশে তীব্র ভূমিকম্পের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত ৩ জন হলেন রাজধানীর পূর্ব জুরাইন এলাকার আতিকুর রহমান আতিক (২৭), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রধান বাবুর্চি খলিলুর রহমান (৩৮) ও  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ব্যবসায়ী নুর ইসলাম কন্দু (৫০)।

এ ছাড়া আহত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৩০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সিলেটে আহত হয়েছে অন্তত ২০ জন।

আহতদের মধ্যে ঢাবির সূর্যসেন হলের দু’জন, জসিম উদ্দীন হলের দু’জন, বঙ্গবন্ধু হলের দু’জন ও জিয়া হলের একজন শিক্ষার্থীও রয়েছে।

তারা সবাই আতঙ্কগ্রস্থ অবস্থায় ভবন থেকে নিচে নামতে গিয়ে আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (০৪ জানুয়ারি) ভোর ৫টা ৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। প্রায় এক মিনিটের মত এ কম্পণ অব্যাহত ছিল।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম, হিলি, রাজশাহী, সিলেট, রংপুর, ফরিদপুর, যশোর, খুলনা, দিনাজপুর, ঠাকুরগাঁও মৌলভীবাজার, পঞ্চগড়, কিশোরগঞ্জ, মেহেরপুর, নেত্রকোনা, বগুড়া, গাজীপুর, সাতক্ষীরাসহ দেশের বেশির ভাগ স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে গত বছরের এপ্রিল থেকে মে মাসে নেপালে বেশ কয়েকটি বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে আট হাজারের বেশি প্রাণহানির ঘটনা ঘটে। আর এ ভূকম্পনে কেঁপে ওঠে বাংলাদেশও। এতে বাংলাদেশে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও দেশের বিভিন্ন স্থানে বহুতল ও পুরোনো ভবনে ফাটল দেখা দেয়, আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশও বেশ বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভ‍ারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি