বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫ জানুয়ারি, সবকিছু স্বাভাবিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৬

Election-of-politics-politics-of-election-400x233
ডেস্ক রিপোর্টঃ

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এবারো বিএনপি-আওয়ামী লীগ কোনোদলকেই সমাবেশ করতে দেবেন না ডিএমপি কমিশনার। তবে বিষয়টি নিয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নির্বাচনের পরপরই বিএনপি ৫ই জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে আখ্যায়িত করে। এ উপলক্ষে দলটি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করে। অন্যদিকে আওয়ামী লীগও ওই দিনে একইস্থানে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে সমাবেশের আবেদন জানিয়েছে।

এ প্রেক্ষাপটে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, “সাংঘর্ষিক কোন কর্মসূচি, যেখানে জনগণের জানমালের নিরাপত্তা বিঘিœত হতে পারে এই ধরনের কোন কর্মকা-ের অনুমতি আমরা দেব না।”

এর আগে গতবছরও ৫ই জানুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি এবং আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করলে শেষ মুহুর্তে ঐ স্থানে সকল সমাবেশ নিষিদ্ধ করেছিল ডিএমপি। তবে গত বছর সারা দেশজুড়ে দিনটি নিয়ে যে উৎকণ্ঠা ও উদ্বেগের চাদরে আবৃত ছিলো এবারে বলতে গেলে তা প্রায় উধাও। এখন আর বিএনপির সে সাংগঠনিক ক্ষমতা নেই। জোটের অন্যতম শরিক জামায়াত তো একেবারেই ভঙ্গুর। ফলে বিএনপির শক্তি ও সামর্থ্য নিয়ে সজাগ সাধারণ জনগণের মাঝে দিনটি নিয়ে তেমন আগ্রহ ও উত্তাপ না থাকলেও প্রশাসনে একটা আশঙ্কা থাকায় সমাবেশ নিয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বিএনপি বলছে, তাদের আশঙ্কা গতবারের মতো এবারো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হবে না। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বিকল্প হিসেবে তারা অন্য কোথাও কর্মসূচি দিতে চাইছেন এবং এরই অংশ হিসেবে নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন।

তিনি বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে যদি অনুমতি না দেয়া হয়, তাহলে বিকল্প হিসেবে আমরা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুমতি চেয়েছি।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, তারা যাতে সমাবেশ করতে না পারেন সে জন্যই গেলবারের মতো এবারো ৫ই জানুয়ারিতে পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে এই অভিযোগকে ডাহা মিথ্যাচার হিসেবে দাবি করছে ক্ষমতাসীন দলটি। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, তারা আগেই সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন।

“আমরা ৩০ ডিসেম্বরেই অনুমতির জন্য চিঠি দিয়েছিলাম” – বলেন মি. হানিফ।

ঢাকার কর্মসূচির বাইরেও দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামীলীগ। বিএনপি বলছে, বিভিন্ন জেলায় বিএনপির নেতা-কর্মীদেরও দিবসটি পালনের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ঢাকার কেন্দ্রস্থলেই সোহারাওয়ার্দী উদ্যান। এখানেই গতবছর ৫ই জানুয়ারিতে বিএনপিকে জনসমাবেশের অনুমতি না দেয়ার পর দলটি টানা প্রায় তিন মাস অবরোধ কর্মসূচি পালন করে।

দীর্ঘ অবরোধ কর্মসূচির সময় পেট্রোল বোমা হামলায় অনেক মানুষ নিহত হয়। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আগুনে ঝলসে যাওয়া অনেককেই কাৎরাতে দেখা যায়। এ পেট্রোলবোমা কারা ছুঁড়েছে এটা নিয়েও ছিলো দায় এড়ানো পরষ্পরবিরোধী বক্তব্য। যদিও জনগণের তরফ থেকে অভিযোগের তীর বিএনপির দিকেই। এসময় বিএনপির হাজার হাজার নতা-কর্মীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের অনেককেই জেলে দেয়া হয়।

একটি গণতান্ত্রিক দেশে যে কোনো নিবন্ধিত গণতান্ত্রিক দলের জন্য সমাবেশ করতে পারা গণতান্ত্রিক অধিকার। ৫ জানুয়ারি কেন্দ্র করে একটি দল বলছে “গণতন্ত্র হত্যা দিবস” আরেকটি দল বলছে “গণতন্ত্রের বিজয় দিবস”। কিভাবে কেন “গণতন্ত্র হত্যা দিবস”, বা কিভাবে কেন “গণতন্ত্রের বিজয় দিবস” এটা দলদুটির নেতারা জনগণের কাছে তেমন যুৎসই ব্যাখ্যা দিতে পারছেন না। নির্দিষ্ট স্থানে সমাবেশ করবেন সেটা তাদের গণতান্ত্রিক অধিকার।  কিন্তু একইস্থানে একই সময়ে একাধিক দল যদি সমাবেশ করতে চায় তাহলে প্রশ্ন উঠতেই পারে যে লক্ষ্য নিয়ে তারা সমাবেশ করতে চায় সে “লক্ষ্য ও উদ্দেশ্যে” তারা আদৌ বিশ্বাসী কিনা। কিংবা তারা আদৌ সে লক্ষ্য পূরণের সমাবেশ করতে চায় কিনা। তা না হলে গণতন্ত্রে বিশ্বাসী কোনো দলই তাদের সে সমাবেশ একইদিনে একইস্থানে একই সময়ে করার ঘোষণা দিতে পারে না। এবং এ বিষয়ে প্রশাসনের কাছেও তারা আবেদন করতে পারে না। তবে ঢাকায় সমাবেশের বিষয়ে কোন দল আগে উল্লেখিত স্থানের জন্য আবেদন করেছে সে বিষয়ে দেশবাসী একেবারেই অন্ধকারে রয়েছে। আর এ বিষয়ে পুলিশ প্রশাসনও নিশ্চিতভাবে কিছু বলছে না যে, কোন দলটি আগে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। ডিএমপির একজন মুখপাত্র বলছেন, সাপ্তাহিক ছুটির কারণে তারা দুটো দলের আবেদনই কাছাকাছি সময়েই পেয়েছেন। এ ছাড়া আরো কয়েকটি সংগঠন ওই দিনটিতেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে। প্রশ্নটি এখানেই, তা’হলে দল দু’টি এমনদিনে তাদের সমাবেশের অনুমতি চেয়ে আবেদনপত্র পাঠিয়েছে যাতে সরকারি ছুটি হিসেবে শুক্র ও শনিবারের জন্য এর পরদিন প্রশাসনের হাতে গিয়ে পৌঁছে! তবে কি দল দুটোই এভাবে জনগণের সঙ্গে হঠকারিতায় মেতে উঠছে? পুলিশ যেখানে বলছে আরো কয়েকটি দলও একইস্থানে সমাবেশের আবেদন জানিয়েছে সে দলগুলোর আবেদনও কি ওই সরকারি ছুটির ফাঁদে পড়ে গিয়েছিল? না হলে স্বাভাবিকভাবেই এ প্রশ্নও উঠতে পারে, তাদের কাউকে আগে আবেদন করার অগ্রাধিকার ভিত্তিতে সমাবেশ করতে দেয়া হবে কি না।

গত বছর ৫ জানুয়ারি কেন্দ্র করে সারা দেশজুড়ে যে টানটান উত্তেজনা ও উদ্বেগ ছিলো বছর ঘুরে এবার তা অনেকখানিই নিরুত্তাপ ও ম্রিয়মাণ। কারণ এখন সঙ্গত কারণ ও স্বাভাবিকভাবেই বিএনপি প্রায় এক ক্ষয়িষ্ণু শক্তি। মামলা ও ধরপাকড়ের ইঁদুর দৌড়ে তাদের সিংহভাগ নেতাকর্মীই এখন প্রকাশ্যে আসতে পারছেন না। এ অবস্থায় তাদের আন্দোলন বেগবান করে তোলার ক্ষমতা নিয়ে যে কারোরই সংশয় থাকবে। বিএনপিও বুঝে গেছে এখন তাদের সাংগঠনিক সামর্থ্য। তাই ইতোমধ্যেই তারা ঘোষণা দিয়ে রেখেছে ৫ই জানুয়ারি যাই হোক এ নিয়ে তারা গতবারের মতো আন্দোলনে যাচ্ছে না। এমনকি তারা বড় কোনো সমাবেশ করতে পারবে কিনা এতেও বিস্তর সংশয় রয়েছে।  এক্ষেত্রে বর্তমান সরকার বিএনপিকে তাদের কাঙ্খিত স্থানে একটা সমাবেশ করার সুযোগ দিতে পারতো। পরখ করে নিতে পারতো বিএনপির সাংগঠনিক ক্ষমতা এখন কোন পর্যায়ে আছে। পরখ করে নিতে পারতো বিএনপির ভাষ্য অনুযায়ী আসলে “গণতন্ত্রের অপমৃত্যু” হয়েছে নাকি “গণতন্ত্রের বিজয়” হয়েছে। যেমনটি এবারের পৌর নির্বাচনে দেখা গেছে।

চাইলে প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানেই নির্দিষ্ট দিনে ও সময়ে সমাবেশ করতে পারতো। কিন্তু ঐতিহ্যবাহী দলটি অতটা অগণতান্ত্রিক পথে হাঁটে নি। আওয়ামীলীগ নেতা মি. হানিফ বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না পারলে তারা বঙ্গবন্ধু এ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবেন। তার মানে তারা যে “গণতন্ত্রের বিজয়ের” কথা জনগণের উদ্দেশে তুলে ধরবেন তা আর জনগণের উদ্দেশে তুলে ধরা হচ্ছে না, নির্দিষ্ট দলীয় নেতা-কর্মীদের উদ্দেশেই তুলে ধরা হবে। একইভাবে বিএনপিও তার দলীয় কর্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের সামনে তাদের “গণতন্ত্রের হত্যা”র কথা ধরবেন বলে জানিয়েছে। এভাবে কি তারা শেষ পর্যন্ত জনগণের জন্য রাজনীতি দলীয় নেতা-কর্মীর মধ্যেই সীমাবদ্ধ রেখে জনগণ থেকে বহু যোজন দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন নাতো!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি