৫ জানুয়ারি ঘিরে রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত হয়ে উঠেছে । এক তরফা জাতীয় নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশসহ সারা দেশে জেলাপর্যায়ে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।
অন্যদিকে দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ আখ্যায়িত করে সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীর ১৮টি স্পটে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
দুইপক্ষ থেকেই সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে। পৌর নির্বাচনের রেশ না কাটতেই এ নিয়ে উত্তাপ বইছে দেশের রাজনীতিতে। পরিস্থিতি বিবেচনা করে বিকল্প পথও খোলা রেখেছে দু’দল। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেলে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও বিকল্প ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু এভিনিউর কথা বলা হয়েছে।
অবশেষে আওয়ামী লীগকে বঙ্গবন্ধু এভিনিউতে এবং বিএনপিকে নয়াপল্টনে সমাবেশেরও অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু ডিএমপি এখন কোন সিদ্ধান্ত জানায় নি।
রাজপথ দখলে রাখার প্রস্তুতি আওয়ামী লীগের
৫ই জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে সরকারি দল। ওই দিন পুরো রাজধানী ও তার আশপাশে এলাকায় মিছিল, সভা, সমাবেশ, র্যালিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজপথ দখল করতে চায় ক্ষমতাসীনরা। দলের অনেক শীর্ষ নেতাই বিষয়টিকে মর্যাদার লড়াই হিসেবে দেখছেন। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, বিএনপির কর্মসূচি পালনে কোন বাধা দেবে না আওয়ামী লীগ।
কিন্তু কর্মসূচি পালনের নামে বিএনপি যদি অতীতের মতো জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে তা প্রতিহত করবেন তারা। ৫ই জানুয়ারির কর্মসূচি পালনের জন্য ইতিমধ্যে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সোহরাওয়ার্দী উদ্যানে যদি সমাবেশের অনুমতি না পাওয়া যায় তাহলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি আরও জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি রাজধানীর ১৮টি গুরুত্বপূর্ণ স্পটেও ওই দিনটিতে দলের কেন্দ্রীয়, মহানগর ও ঢাকার সংসদ সদস্যরা দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান করে মিছিল, সমাবেশ, আনন্দ র্যালিসহ নানা কর্মসূচি পালন করবেন।
আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা বলেন, ওই দিন ঢাকা ও তার আশাপাশের ১৮টি স্পটে দলে নেতাকর্মীরা অবস্থান করে কর্মসূচি পালন করবেন। নেতারা বলছেন, বিএনপি যদি রাজপথে নামে তাতে তারা কোন বাধা দেবেন না। কিন্তু গণতন্ত্র হত্যা দিবসের নামে তারা যদি অতীতের মতো জ্বালাও-পোড়াও করার চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
সংঘাতে যাবে না বিএনপি
এদিকে ৫ই জানুয়ারি একতরফা জাতীয় নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে ওইদিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচির ঘোষণা দিলেও কোন ধরনের সংঘাতে যাবে না বিএনপি।
একই দিন একই জায়গায় আওয়ামী লীগ সমাবেশের ঘোষণা দেয়ায় বিএনপির সমাবেশ আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে ৫ই জানুয়ারিকে কেন্দ্র করে কোন ধরনের সংঘাতের দিতে যাবে না বিএনপি।
৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সমাবেশের অনুমতি না পেলে সাংঘর্ষিক কোনো কর্মসূচি দিবে না বিএনপি। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপির সঙ্গে প্র¯ুÍতিমূলক সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিএনপির একাধিক নেতা জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেলে বিক্ষোভ করার পরিকল্পনা রয়েছে বিএনপির। ৫ই জানুয়ারি সম্ভব না হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করতে পারেন। এ সংবাদ সম্মেলন থেকেও বিক্ষোভ, মানববন্ধন বা মৌন মিছিল কর্মসূচির ঘোষণা আসতে পারে।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, দীর্ঘসময় ক্ষমতার বাইরে কাটানো বিএনপির নতুন বছরে নিজেদের সাংগঠনিক কাজেই মনোযোগী হতে আগ্রহী। বড় ধরনের ‘পরিবর্তন বা পরিবেশের’ উদ্ভব না ঘটলে আপাতত অসমাপ্ত সাংগঠনিক কাজগুলো শেষ করার পক্ষে দলটির নীতিনির্ধারকরা। দলের শীর্ষ নেতারা উপলব্ধি করছেন তিন মাসের অবরোধে শক্তি ক্ষয় হয়েছে দলটির। সিটি নির্বাচনে ভোট ডাকাতির মুখে তাই প্রতিরোধ গড়ে তোলার শক্তি ছিল না।
এজন্য রাজপথের কর্মসূচির চেয়ে সাংগঠনিক শক্তি ফিরিয়ে আনার বিষয়টিকেই এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। সাংগঠনিক কাজের পরই একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আন্দোলনে যেতে চায় বিএনপি। যদিও এ নিয়ে এখন পর্যন্ত দলীয় কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়নি।
বিএনপির একাধিক সূত্র জানায়, শিগগিরই দলের স্থায়ী কমিটি, সিনিয়র নেতাদের সঙ্গে বসে নতুন বছরের দলীয় রাজনৈতিক রোডম্যাপ নির্ধারণ করবেন চেয়ারপারসন খালেদা জিয়া। জানা গেছে, গত বছরের শেষ দিকে শুরু হওয়ায় বিএনপির সাংগঠনিক তৎপরতা পৌর নির্বাচনের কারণে থমকে ছিল। ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল করার চিন্তা-ভাবনা আছে- এমন কথা শোনা গেলেও বাস্তবে তা ঘটেনি। পরবর্তীতে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের কারণে সাংগঠনিক কার্যক্রম গুটিয়ে আনে বিএনপি। ফলে বিগত বছরে শুরু হওয়া সাংগঠনিক কার্যক্রম খুব দ্রুত শুরু হবে।
বিএনপির কয়েকজন সিনিয়র নেতা জানান, এ বছরে বিএনপি সাংগঠনিক কার্যক্রম গোছালেও পরবর্তী বছরে নির্বাচনের লক্ষ্যে মাঠ পর্যায়ের আন্দোলন ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানোর চেষ্টা চলবে। তারই অংশ হিসেবে কাছাকাছি সময়ে ভারত সফরে যেতে পারেন খালেদা জিয়া।
ওদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন
























































