৫ জানুয়ারিকে ঘিরে গোটা বিশ্বেই রয়েছে নানা ইতিহাস। ১৫০০ সালের এই দিনটিতে ‘ডিউক লুদভিক সোফারজ’ মিলান জয় করেন। আইরিশ নেতা জন রেডমন্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। তবে বাংলাদেশেও এই ৫ জানুয়ারিকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। খুব বেশি দিনের নয়, ২০১৪ সালের এ দিনটিতে প্রধান বিরোধী দল বিএনপির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪টি আসনে নির্বাচিত হয় আওয়ামী লীগ। ঐ সময় নিরপক্ষে নির্বাচনের দাবি জানিয়ে রাজপথে নামে বিএনপি। শুরু হয় নাশকতা, সহিংসতা। এতে ২৩ জন নিহত হয় এবং শতাধিক ভোট কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়।
এর পর থেকে ভোটারবিহীন একতরফা নির্বাচনে ক্ষমতা জবরদখল করার অভিযোগে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে চিহ্নিত করে বিএনপি। আর আওয়ামী লীগের পক্ষ থেকে দিনটি পালন করা হয় ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে।
১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে ৫ জানুয়ারিকে ‘কালো দিবস’ আখ্যা দিয়ে প্রথম ২০১৫ সালে দেশব্যাপী কালো পতাকা মিছিল ও রাজপথে শোডাউন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানের চাওয়া হয় সমাবেশের অনুমতি। উদ্দেশ্য ছিল ‘জনগণ কাদের পক্ষে’ তা যাচাই করা। সরকার বিরোধী আন্দোলনের প্রথম ধাপ হিসেবে রাজধানী জুড়ে মিছিলের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে নামতে চেয়েছিল দলটি। রাজপথে সরকার বিরোধী আন্দোলনের এটিই ছিল প্রথম ধাপ। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বালুবাহী কয়েকটি ট্রাক রেখে তার গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হলে বিএনপির আর কোন কর্মসূচি আলোর মুখ দেখেনি।
পরে অবরুদ্ধ অবস্থায় ৬ জানুয়ারি থেকে অনির্দিষ্টকারের অবরোধ কর্মসূচির ডাক দেন খালেদা জিয়া। টানা ৯০ দিন পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। ততদিনে ঐ অবরোধে ককটেল ও আগুনে পুড়ে প্রাণ হারায় প্রায় দেড়শত মানুষ। এদের মধ্যে অনেকেই ছিলো শিশু ও শ্রমিক। তবে ককটেল ও চলন্ত বাসে আগুন দেবার ঘটনায় বিএনপির পাশাপশি সমান তালে আওয়ামী লীগ ও ছাত্র লীগ নেতাদের জড়িত থাকার অভিযোগ আসতে থাকে।
এই ঘটনার পর আবারো আসছে ৫ জানুয়ারি সমাবেশ কর্মসূচি করতে চায় বিএনপি। কিন্তু এবারও বিএনপি-আওয়ামী লীগ একই স্থানে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে। তাই এবারও কোন দলকেই এখন পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
তবে নির্বাচন বর্জনের বিষয়টি পাশের বাড়ির গণতন্ত্রেও দেখা মিলেছিল। ভারতে প্রথম নির্বাচন হয়েছিল ১৯২০ সালে। ভারতের কংগ্রেস ও মুসলিম লীগ সেই নির্বাচন বর্জন করেছিল। সেই নির্বাচনের পথ ধরে ভারত এখন বিশ্বের অন্যতম বড় গণতান্ত্রিক দেশ। আর ১৯৭০ সালের নির্বাচন বর্জন করেছিলেন মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি। সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে দিকে এগিয়ে যায়।
























































