বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যমুনার ৩ সন্তান কি লেখাপড়া করতে পারবে ?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৬

labourers-sleeping
ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় যেসব মানুষ পথে শুয়ে দিন কাটাচ্ছেন তাদের ভাগ্যে কি দিন বদলের ছোঁয়া লাগবে? নাকি এসব মানুষ সারা জীবন পথেই ঘুমিয়ে কাটাবে। এ প্রশ্ন তুলা কতটা যুক্তিসংগত তা জানি না। কিন্তু এরপরেও যখন পথের ধারে মানুষকে কুকুরের মত শুয়ে থাকতে দেখি তখনি মনে ভীষণ কষ্ট লাগে।

ঠিক তেমনি একজন মহিলা ৩ সন্তানের জননী ‘যমুনা বেগম’। দীর্ঘ ৫ বছর ধরে পান্থপথ গ্রীন রোডের পাশে সন্তানদের নিয়ে রাস্তার পাশে রাত কাটাচ্ছেন। তার তিন সন্তানের মধ্যে দুটি পুত্র ও একটি কন্যা। বড় ছেলের নাম হুমায়ুন কবিরের বয়স ৯ বছর, ছোট ছেলের নাম রমজান শরিফের বয়স ৫ বছর আর মেয়ের নাম ‘ফাতেমা আক্তারের বয়স ৩  বছর। বড় ছেলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশুনা করেছে। এরপর আর পড়ার সুযোগ পায়নি। ছোট ছেলেকে মাদ্রাসায় ভর্তি করার জন্য মাদ্রাসায় নিয়ে গিয়েছিলেন কিন্তু বয়স কম হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি। এ মায়ের ইচ্ছা তার সন্তানকে পড়াশুনা করাবেন। কিন্তু দুর্ভাগ্য রাস্তায় পাশে শুয়ে দিন কাটানোর চিন্তায় সন্তানদের পড়াশুনোর দিকে ততটা মনোযোগ দিতে পারেন না যমুনা বেগম।

যমুনার সম্পর্কে আলোচনা করার আগে তার পরিচয় সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা ভালো।

নাম যমুনা প্রায় যমুনা নদীর সঙ্গে তার জীবন কাহিনীর কিছুটা মিল রয়েছে। যমুনা নদী যেমন ভাঙা গড়ার খেলায় ব্যস্ত ঠিক তেমনি  ‘যমুনা’র জীবনের কাহিনী। তবে নদী এক পাশে ভাঙে আরেক পাশে গড়ে কিন্তু ‘যমুনা’র ভাগ্য কোনো পাশেই গড়েনি। জীবন যুদ্ধে তিন সন্তানকে বাঁচিয়ে রাখার তাগিতে প্রতিদিন অন্যের কাছে হাত পাতেন। এ থেকে যা সংগ্রহ হয় তা দিয়েই সন্তানদের বাঁচিয়ে রাখেন। আর ঘুমান রাস্তার পাশে। কারণ রাস্তার পাশে ঘুমাতে ভাড়া দিতে হয়না।

যমুনা বলেন, ‘এহানে (পান্থপথ) ৫ বছর ধরে থাকি। মাঝে মাঝে আমার এ জায়গা মানুষ দখলে নেয়। রোজার মাস হলে তো কোনো কথাই নেই, জায়গা নিয়ে কাড়াকাড়ি’।

তিনি বলেন, ‘ছোট ছেলেটাক মাদ্রাসায় ভর্তি করানোর জন্য কারওয়ান বাজার মাদ্রাসায় নিয়ে গেছিলাম, নেয় না। তারা বলে মাদ্রাসায় নাকি ভর্তির বয়স হয়নি’। বড়টা তো আল্লাহর রহমতে ওর খালার বাড়ি থেকে প্রাইমারি স্কুল পাস করেছে’।

আমার বাপের বাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ আর স্বামীর বাড়ি নেত্রকোনা। স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। কিন্তু সে পক্ষের সন্তান হয়নি। এরপরেও সংসারে অশান্তি-কলহ লেগেই থাকে। এ কারণে গ্রাম ছেড়ে ঢাকায় এসেছি। এখানেও অশান্তি। রাত ১২টার আগে ঘুমাতে পারি না। দোকান বন্ধ করার পর ঘুমাতে পারি। কিয়ের ভালা-মন্দ। এখন বাসা-বাড়ির ভাড়া অনেক। রাস্তায় ঘুমাতে হয়। কপাল তো গরীবের নাই। ফজরের আযান দিলে আবার এখান থেকে কাঁথা নিয়ে উঠে যেতে হবে।

তিনি বলেন, এখানে (রাস্তা) থাকতে টাকা দিতে হয় না।

শুধু যমুনা নয় এ রকম হাজারো মায়ের সন্তান রাজধানী কিংবা অন্যত্রে রাস্তা-ঘাটে বসবাস করছে। আজকাল আর এসব দু:খী মানুষের খবর কে নেয়। সকলেই নিজেদের কাজে ব্যস্ত। সমাজ কিংবা সরকারের সুষ্ঠু পরিকল্পনা না থাকায় এসব অসহায় মানুষ তাদের ভাগ্যে দিন বদলের ছোঁয়া লাগাতে পারছে না



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি