বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মার্কিন প্রতিনিধি দল ঢাকায়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৬

180992_1
ডেস্ক রিপোর্ট :

মার্কিন পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটির প্রফেশনাল স্টাফ টিম ৩ দিনের সফরে গতকাল ঢাকায় এসেছে। দুই সদস্যের প্রতিনিধি দলটি আজ থেকে তাদের সফরের আনুষ্ঠানিকতা শুরু করবে। একাধিক কূটনৈতিক সূত্র দলটির ঢাকায় পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে। সূত্র মতে, গণতন্ত্র চর্চার পরিবেশ, শ্রমমান এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরজমিন পর্যবেক্ষণে আসা প্রতিনিধি দলে রয়েছেন- সিনেট কমিটির সিনিয়র প্রফেশনাল স্টাফ মেম্বার করলিন এম লেড্ডি এবং সিনিয়র এডভাইজার ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড অব সিনেট কমিটি ডি অ্যান্দ্রিয় ওলসন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং মাঠপর্যায়ের রিপোর্ট প্রদানের দায়িত্বপ্রাপ্ত ওই টিম মেম্বারদের বাংলাদেশ সফরকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। ২০১৬ সালে কোনো বিদেশির বিশেষ করে পশ্চিমা কোনো অফিসিয়াল ডেলিগেশনের প্রথম সফর। সেগুনবাগিচার কর্মকর্তারা বছর শুরুর প্রথম সফরটি সফলে ব্যাপক আশাবাদী। এজন্য আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকাস অনুবিভাগ) আবিদা ইসলাম এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হবে। সেখানে সরকারি কর্মকর্তারা বাংলাদেশের ইতিবাচক অগ্রগতি তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়গুলোর নিরসনের চেষ্টা করবেন।

মার্কিন কর্মকর্তার আশাবাদ: এদিকে প্রতিনিধি দলের সফরের বিষয়টি নিশ্চিত করে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র ন্যান্সি ভানহর্ন আগামীর ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। বার্তা সংস্থা ইউএনবিকে তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি ২০১৬ সালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিদ্যমান অংশীদারিত্ব বিস্তৃত হওয়ার ধারাবাহিতা বজায় থাকবে এবং নতুন দিকনির্দেশনায় দ্বিপক্ষীয় সম্পর্ক আগামীর পথে আরও এগিয়ে যাবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাউন্টার টেরোরিজম ব্যুরোর আরেকটি টিম (চলতি সপ্তাহে) ঢাকা সফরে আসছে জানিয়ে মুখপাত্র বলেন, উভয় প্রতিনিধি দল নিরাপত্তা সহযোগিতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্কের মুখ্য উপাদানগুলো পর্যালোচনা করবেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা নিয়মিতভাবে ঢাকা সফর করেন উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, সফরকারীরা নিরাপত্তা, বাণিজ্য ও মানবাধিকারের মতো ইস্যুগুলো নিয়ে তাদের কাউন্টার পার্টের সঙ্গে কথা বলেন।

অন্য স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময়: সফরকালে শুধু সরকারি প্রতিনিধিই নন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণতন্ত্র চর্চার বিষয়গুলোর সঙ্গে যুক্ত দেশের বিভিন্ন সেক্টরের প্রতিনিধির সঙ্গে মার্কিন কর্মকর্তারা মতবিনিময় করবেন তারা। সূত্র মতে, নিরাপত্তা ও শ্রম বিষয়ক সরকারি প্রতিনিধি, শ্রম সংশ্লিষ্ট ব্যক্তি, স্টেক হোল্ডার এবং নাগরিক সমাজের সঙ্গে সিরিজ বৈঠক হবে তাদের। এখানে বিভিন্ন আলোচনা এবং সরজমিন পর্যবেক্ষণে তারা যা পাবেন- তাদের দায়িত্ব মোতাবেক সেটি মার্কিন স্টেট ডিপার্টমন্ট ও সিনেট কমিটির সংশ্লিষ্ট সদস্যদের বিবেচনায় রিপোর্ট আকারে পেশ করবেন বলেও জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি