পুলিশের ‘বন্দুকযুদ্ধ’র পর জয়পুরহাটের তিন তরুণের পা কেটে ফেলতে হয়েছে। এদের দুইজনই ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। জয়পুরহাট জেলা সভাপতি আবু যর গিফরী ও সেক্রেটারি ওমর আলী ঢাকা আসার পথে দীর্ঘ ৯ দিন নিখোঁজ ছিলেন। তারপর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে র্যাব তাদের আটকের কথা জানায় এবং পুলিশের কাছে হস্তান্তর করে।
এখন পুলিশ গভীর রাতে অভিযানের নামে তাদের খুব কাছ থেকে দু’জনেরই পায়ে হাঁটুর উপর গুলী চালায় বলে দাবি করছে ছাত্রশিবির। পুলিশ ওই সময় আটক আরো একজনের পায়ে গুলী চালায়। রাজধানীর পঙ্গু হাসপাতালে পুলিশী প্রহরায় চিকিৎসাধীন তিনজনেরই পা ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে।
আবুজার গিফারী নীলফামারীর জলঢাকা উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামের হামিদুর রহমানের ছেলে এবং ওমর আলী জয়পুরহাট পৌর শহরের তেঘরবিশা এলাকার আব্দুল ওহাব এর ছেলে। আরেক জন হচ্ছে আলামিন।
গত ৮ ডিসেম্বর ব্যক্তিগত কাজে ঢাকায় আসার পথে রাজধানীর আব্দুল্লাহপুরে বাস থেকে নামিয়ে আবু যর গিফরী ও ওমর আলীকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে তাদের পরিবারের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়।
নিখোঁজ হওয়ার ৯ দিন পর ১৭ ডিসেম্বর ছাত্রশিবিরের নিখোঁজ ওই দুই নেতাকে আটক করার কথা জানায় র্যাব। র্যাব-৫ এর পক্ষ থেকে বলা হয়, শিবিরের এই ২ নেতাকে ভোররাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কদমতলী থেকে আটক করা হয়। এর সাথে কথিত অস্ত্র উদ্ধারের কথা জানায় র্যাব। ওইদিন দুই ছাত্রনেতাকেই সাংবাদিক সম্মেলনে হাজির করা হয়। তারা তখন সুস্থ ও স্বাভাবিকভাবে হেঁটে সকলের সামনে আসে।
র্যাব তাদের আটকের কথা জানানোর পরই পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ বলছে, ‘বন্দুকযুদ্ধে’ তারা আহত হয়েছে। এ সময় অস্ত্র উদ্ধার করার দাবি করে পুলিশ। তবে ছাত্রশিবির বলছে, রাতের আধাঁরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে তাদের গুলী করা হয়েছে।


























































