ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী বাছাই কমিটিতে না রাখার দলীয় সিদ্ধান্ত মেনে নিলেও মনোক্ষুন্ন হয়েছেন আওয়ামী লীগের অনেক এমপি। তাদের মতে, এমপিরা যেহেতু জনপ্রতিনিধি তাই আরেকটি জনপ্রতিনিধি নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তাদের রাখলে ভাল হতো। যদিও দলের কেন্দ্রীয় নেতাদের দাবি, তৃণমূল নেতাদের সঙ্গে এমপিদের দূরত্ব যেন না বাড়ে, সে লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও-২ আসনের এমপি মোঃ দবিরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, এখন তো ইউনিয়ন, উপজেলা ও জেলার সভাপতি-সেক্রেটারি এটা (ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন) দেবেন। সঠিক প্রার্থী কিছু আসবে। তবে ওদের প্রার্থী আসবে বেশি।
উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরেন একটি ইউনিয়নের সভাপতি জনবিচ্ছিন্ন তিনি দাঁড়াতে চান। এখন তারা তো তাকেই মনোনয়ণ দেবে। উপজেলা সভাপতি-সেক্রেটারিও তাকেই দেবে। জেলা হয়তো দিল না। কিন্তু তারপরও তো তারাই মেজোরিটি পেল। এতে আমাদের দলের প্রার্থীদের হারার সম্ভাবনা রয়েছে। এমপিরা যেহেতু জনপ্রতিনিধি তাই ইউনিয়ন পরিষদের প্রার্থী নির্বাচনে তাদের রাখলে ভাল হতো বলেও মন্তব্য করেন তিনি।
আরেক এমপি নাম প্রকাশ না কার শর্তে এ প্রতিবেদককে বলেন, নির্বাচনের ভোটের হিসাব এবং কে কত বেশি জনপ্রিয় তা সংসদ সদস্যরাই বেশি ভাল জানে। তাই আমাদের রাখলে আমি মনে করি অব্যশই ভাল হতো।
অন্যদিকে এ নির্বাচনের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তৃণমূল নেতাদের সঙ্গে এমপিদের যাতে কোনও দূরত্ব সৃষ্টি না হয় তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বাছাই কমিটি থেকে কেন এমপিদের বাদ দেয়া হলো এমন প্রশ্নের জবাবে মঙ্গলবারের বৈঠকে উপস্থিত এক নেতা এ প্রতিবেদককে বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঘিরেই সংসদ সদস্যদের রাজনীতি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন মনোনয়ন পেলে অন্য সম্ভাব্য প্রার্থীরা নাখোশ হন। এ ক্ষোভ-বিক্ষোভের সৃষ্টির পাশাপাশি তৃণমুল নেতাদের সঙ্গে এমপিদের দূরত্ব বেড়ে যেতে পারে। এসব কারণ বিশ্লেষণ করেই প্রার্থী বাছাইয়ের কমিটি থেকে তাদের বাদ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ এ প্রতিবেদককে বলেন, কে ভাল সেটা ইউনিয়নের মানুষের চেয়ে কে বেশি জানে? এমপি জানে, না জেলা সভাপতি জানে? সত্যি বলতে উপজেলা সভাপতি-সেক্রেটারি কিছুটা জানে। তবে সবচেয়ে বেশি জানে ইউনিয়নের সভাপতি সেক্রেটারি।


























































