শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাণিজ্যিক রাজধানী থেকে চট্টগ্রাম বহুদূর


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৬

032013Pic-34-500x333
ডেস্ক রিপোর্ট :

‘চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা হবে’—এই প্রতিশ্র“তি প্রায় সব সরকারের আমলেই দেওয়া হয়েছে। এই প্রতিশ্র“তি দিয়ে ১৯৯১ সালে নির্বাচনের আগে বিএনপি চট্টগ্রামের প্রায় সব কটি সংসদীয় আসনে বিজয়ী হয়েছিল। এরপর চট্টগ্রামের ৯ জন এমপিকে মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হয়েছিল; কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সেই থেকে আজ অবধি বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম আইনগত কোনো ভিত্তি পায়নি। জাতীয় সংসদেও এ নিয়ে কোনো বিল উত্থাপিত হয়নি। দেশের প্রধান সমুদ্রবন্দর ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু হওয়া সত্ত্বেও চট্টগ্রামে নৌ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উইং বা ডেস্ক নেই। ব্যাংক-বীমার কোনো হেড অফিসও চট্টগ্রামে নেই। কারো কারো মতে, ‘বাণিজ্যিক রাজধানী’ একটি বুলি এবং তা রাজনৈতিক ফায়দা লোটার হাতিয়ার মাত্র।

বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ গুরুত্ব বিবেচনায় চট্টগ্রামকে নানা নামে, বিশেষণে বিভূষিত করা হয়। বলা হয় বন্দরনগরী চট্টগ্রাম, দেশের অর্থনীতির সিংহদ্বার, প্রাচ্যের সৌন্দর্য রানি, বাণিজ্যিক রাজধানী ইত্যাদি। নদী-পাহাড়-সমুদ্রবেষ্টিত এবং প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর চট্টগ্রাম পর্যটন ও শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে দেশ-বিদেশের সবার কাছেই দারুণ আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ স্থান। দেশের প্রধান সমুদ্রবন্দর এই চট্টগ্রামেই। দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রপ্তানি ও ৬৫ শতাংশ রাজস্ব আহরিত হয় চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসের মাধ্যমে। জ্বালানি তেলের বিশাল বিশাল তেলাধারসহ চট্টগ্রাম বন্দরের পাশেই দেশের অন্যতম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড), সীতাকু-, কালুরঘাট ও মোহরা ভারী শিল্পাঞ্চল, দুটি গ্যাসফিল্ড, ২২টি চা বাগান ও চায়ের প্রধান নিলাম কেন্দ্র এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ ও বেশ কটি রপ্তানিমুখী শিল্প বিল্ডিং ইন্ডাস্ট্রিজও এই চট্টগ্রামেই। বিশেষ করে প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সালিসি আদালতে সমুদ্রসীমা নির্ধারণের ফলে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের এবং সেই সঙ্গে মৎস্য ও সমুদ্রতলে বিপুল খনিজ সম্পদ আহরণের সুযোগ ও সম্ভাবনা ত্বরান্বিত হয়েছে, যা চট্টগ্রামের অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্বকে বহুলাংশে বাড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশকে বহুল আকাক্সিক্ষত সমৃদ্ধির হাতছানি দিচ্ছে।

এত কিছু সত্ত্বেও চট্টগ্রাম এখনো সরকারি নীতি নির্ধারণের গাফিলতি বা দীর্ঘসূত্রতার কারণে অবহেলিত। চট্টগ্রামবাসী এটিকে সুনজরে দেখছে না। এখানকার সুধীসমাজের মতে, চট্টগ্রাম কেবল দিয়েই যাচ্ছে, বিপরীতে কিছুই পাচ্ছে না। যা পাচ্ছে, তা কেবলই আশ্বাস। ‘বাণিজ্যিক রাজধানী’ও এখন শুধুই রাজনৈতিক সেøাগান। এই সেøাগান দিয়ে বৃহৎ রাজনৈতিক দলগুলো নিজেরা লাভবান হচ্ছে।

তবে আশার কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছেন। গতকাল শনিবার তিনি চট্টগ্রামে এসে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, চিটাগাং’ উদ্বোধনকালে এক সুধী সমাবেশে আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক দিক থেকে চট্টগ্রামের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। এর আগে তিনি প্রায় পাঁচ হাজার কোটি টাকার ছয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। সুধী সমাবেশে তিনি কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণ, চট্টগ্রাম বন্দরের অধীনে পতেঙ্গা বে-টার্মিনাল নির্মাণকাজ শুরু ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে আট লেনে উন্নীত করাসহ আরো অনেকগুলো বৃহৎ উন্নয়ন প্রকল্পের কাজ শুরুর ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এ ভাষণ চট্টগ্রামের সুধী সমাবেশে বিপুলভাবে প্রশংসিত হয়েছে।

তবে বর্তমান বাস্তবতা হচ্ছে, কয়েক বছর ধরে চট্টগ্রামে গ্যাস-বিদ্যুৎ সংকট লেগেই আছে। শতাধিক শিল্প-কারখানা গ্যাস সংযোগের অভাবে চালু হচ্ছে না, যার ফলে চট্টগ্রাম বিনিয়োগের আকর্ষণীয় স্থান হওয়া সত্ত্বেও এখানে নতুন বিনিয়োগ হচ্ছে না। কবে এই সংকট দূর হবে সরকারের কাছ থেকে এর নিশ্চয়তা না থাকায় শিল্পপতিরা এখানে বিনিয়োগের বিষয়ে নতুন কোনো পরিকল্পনাও নিতে পারছেন না বলে সংশ্লিষ্টরা জানান। ফলে বেসরকারি বিনিয়োগের অভাবে চট্টগ্রামের উন্নয়ন থমকে আছে। এখানে উন্নয়ন থমকে আছে যোগাযোগ অবকাঠামোর দুর্বলতার কারণেও। দশ বছর আগে হাতে নেওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন হতে হতে আট লেনের দরকার হবে।

বন্দর ব্যবহারকারীরা বলেন, দেশের আমদানি-রপ্তানির ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়। কিন্তু এই বন্দরের উন্নয়নপর্যায়ে চলমান কোনো প্রকল্প নেই। কুতুবদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্পও স্থবির হয়ে আছে। তবে পতেঙ্গা উপকূলে মাদার ভেসেল (বৃহৎ জাহাজ) ভেড়ানোর উপযোগী ‘বে-টার্মিনাল’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) এখনো শুরু হয়নি।

তবে আশার কথা, বিগত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এক জনসভায় যেসব আশ্বাস দিয়েছিলেন, তার কিছু কিছু এখন দৃশ্যমান হয়ে উঠছে। চট্টগ্রামের উন্নয়নে প্রায় এক লাখ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণ ও চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন স্থাপন এবং মহেশখালীতে কয়লাভিত্তিক এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।

গতকাল প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, চিটাগাং উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির ভাষণে কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের কথা উল্লেখ করে বলেন, এতে চীনের সাংহাইয়ের আদলে কর্ণফুলীর দুই তীরে ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ে উঠবে। এ সময় প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে আট লেনে উন্নীত করারও ঘোষণা দেন। তিনি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ছয় কিলোমিটার দীর্ঘ বে-টার্মিনাল নির্মাণকাজ শিগগিরই শুরু হবে বলে উল্লেখ করেন।

সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল সন্ধ্যায় বলেন, ‘বাণিজ্যিক রাজধানী ঘোষণা করে তার অধিকাংশই বাস্তবায়ন করেছে বিএনপি। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিল। বাণিজ্যিক রাজধানীর অবদান বিএনপির। আওয়ামী লীগ কিছুই করেনি। বিএনপির আমলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করার জন্য প্রায় দেড় শ কোটি টাকার জায়গা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নামমাত্র এক টাকা মূল্যে দিয়েছেন। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চট্টগ্রাম চেম্বারের নেতারা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেলেন তখন তিনি তাঁদের বলেছেন, ন্যায্যমূল্য দিয়ে আপনারা কিনে নিতে পারেন। আজকের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হতো না, যদি বিএনপি ওই জায়গা না দিত। আমি নিজ উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য নামমাত্র মূল্যে জায়গা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলাম।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন গতকাল রাতে বলেন, ‘বিএনপি মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করা ছাড়া চট্টগ্রামের জন্য দৃশ্যমান কোনো উন্নয়ন কর্মকা- করেনি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য বর্তমান প্রধানমন্ত্রী ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় আসার পর জায়গা বরাদ্দ দিয়েছিলেন। বিএনপির আমলে জায়গা বরাদ্দের বিষয়টি তাদের মিথ্যাচার ছাড়া আর কিছুই না।’

বিশিষ্ট অর্থনীতিবিদ ও ইস্টডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য ড. সিকান্দর খান বলেন, ‘চট্টগ্রাম নামেই কেবল বাণিজ্যিক রাজধানী; কাগজে-কলমে এর কোনো ভিত্তি নেই। রাজনৈতিক নেতারা মুখে মুখে বাণিজ্যিক রাজধানী বললেও সব সরকারি অফিসের সদর দপ্তর ঢাকায়। উল্টো অল্প যে কটি সদর দপ্তর চট্টগ্রামে ছিল, সেগুলোও ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাণিজ্যিক রাজধানী সেøাগান মূলত রাজনৈতিক ফায়দা নেওয়ার হাতিয়ার।’

চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘বাণিজ্যিক রাজধানী মুখে মুখে বললেও সত্যিকার বাণিজ্যিক রাজধানী এখনো গড়ে ওঠেনি। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে বাণিজ্যিক রাজধানী গড়ে উঠেছে আমরা তা থেকে এখনো অনেক দূরে। তবে বর্তমান সরকারের আমলে কিছু কিছু কাজ দৃশ্যমান হচ্ছে। বাণিজ্যিক রাজধানী হলে চট্টগ্রামের মাধ্যমে সারা দেশের উন্নয়ন হবে।’

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবীর সাবেক সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, ‘বন্দরনগরী চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার জন্য যা যা করার তার সবই করছে আওয়ামী লীগ। বিএনপি বাণিজ্যিক রাজধানীর জন্য অবকাঠামোগত কোনো উন্নয়ন করেনি। তারা ঘোষণা দিলেও অবকাঠামোগত উন্নয়নের যে কর্মকা- তা একের পর এক প্রকল্পের মাধ্যমে সত্যিকার বাণিজ্যিক রাজধানী করছে আওয়ামী লীগ।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম শেঠ বলেন, ‘এ দেশে এরশাদ সরকারের আমলে উন্নয়ন হয়েছে। আর এখন শেখ হাসিনার আমলে উন্নয়ন হচ্ছে। বিএনপির বাণিজ্যিক রাজধানী ঘোষণা ছিল কাগজে-কলমে। তারা কিছুই করেনি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জায়গা বরাদ্দ দিয়েছিল। আর এবার ক্ষমতায় এসে সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন হয়েছে।’

চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন ও মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান বাবুল বলেন, ‘বাণিজ্যিক রাজধানীর অবকাঠামোগত সব উন্নয়ন আওয়ামী লীগই করেছে। বর্তমান সরকারের কাছে চট্টগ্রামবাসীর দাবি, মেগা যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে তা যাতে দ্রুত বাস্তবায়ন হয়। এসব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বাণিজ্যিক রাজধানী পরিপূর্ণতা পাবে।’

বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘বাণিজ্যিক রাজধানীর কোনো চিহ্ন নেই এখানে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হলেই যে বাণিজ্যিক রাজধানী হয়ে গেল এমন নয়। বাণিজ্যিক রাজধানী হলে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উইং থাকত, একাধিক ব্যাংকের হেড অফিস থাকত এখানে। সব কিছুই এখন ঢাকাকেন্দ্রিক। প্রতিদিনই ঢাকা যেতে হয় ব্যবসায়িক কাজে। চট্টগ্রামকে সর্বোচ্চ ‘পোর্টসিটি’ বলা যেতে পারে।’

বিশিষ্ট ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারী বড়তাকিয়া গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৫ থেকে ১০ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোনোর আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রামকে কার্যকর বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়তে হলে সরকারি প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। বিশেষ করে নৌপরিবহন ও বাণিজ্য মন্ত্রণালয়ের শাখাসহ কিছু ব্যাংকের হেড অফিস চট্টগ্রামে স্থাপন করতে হবে।

নবীন উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটনের সভাপতি জসীম আহমদ বলেন, ‘সরকারিভাবে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা উচিত। কেননা চট্টগ্রাম থেকে সরকারের ৬৫ শতাংশ রাজস্ব আহরিত হয় এবং এটিই দেশের অর্থনীতির সিংহদ্বার। তিনি চট্টগ্রামে শিল্পায়নের লক্ষ্যে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি