টেকনাফ এমনই এক জায়গা যেখানে নদী, সাগর, পাহাড় আর সীমান্তের এক অদ্ভুত সমন্বয়। কিন্তু এখন আরো দুটি কারণে টেকনাফ বিখ্যাত। সর্বনাশা ইয়াবা এবং সাগর পথে মলয়েশিয়ায় মানব পাচার।
শুনতে অদ্ভুত মনে হলেও এ দুইটি স্পর্শকাতর বিষয় মাত্রাতিরিক্ত অপরাধের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে আমাদের দেশে কয়েকটি মোবাইল ফোনের নেটওয়ার্ক। টেকনাফের একটি দ্বীপ শাহ পরীর দ্বীপ। এটি বাংলাদেশের মূল ভূখন্ডের সবচেয়ে দক্ষিণে অবস্থিত। সেখানে বা তার আশেপাশে হাতেগোনা গুটিকয় মানুষ বাস করে। কিন্তু দৃষ্টি মেললেই সেখানে দেখা যায় চার-পাঁচটি মোবাইলফোন কোম্পানির টাওয়ার। যেটি টেকনিক্যালি বিটিএস নামে পরিচিত।
মনে একটা প্রশ্ন অবশ্যই জাগে যে নদীর শুন্যলাইন থেকে ২০০ মিটারের মধ্যে কেন টাওয়ার স্থাপনের দরকার পড়লো অপারেটরদের ? অথচ পাঁচ-ছয় বছর আগেও এখানে এমনটি ছিলো না। তখন নিয়ন্ত্রণ সংস্থার নিয়ম ছিলো শুন্য লাইন থেকে ৮ কিলোমিটারের মধ্যে কোন টাওয়ার স্থাপন করা যাবে না।
৮ কিলোমিটারের সেই বাধ্যবাধকতা তুলে নিয়েছে বিটিআরসি আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে এই সব মোবাইল সিম কোম্পানিগুলো বা তাদের অপারেটররা। এর ফলে প্রতিবেশি দেশ মিয়ানমারের অনেক ভেতরও ব্যবহৃত হচ্ছে আমাদের দেশের সিম এবং আমাদের দেশের নেটওয়ার্ক। ফলে ঘটে যাচ্ছে বিভিন্ন ধরনের মারাত্মক সব অপরাধ। অপরাধি, ড্রাগ ডিলার ও বিভিন্ন ধরনের পাচারকারিদের এক উর্বর ভূমি ও অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে টেকনাফ। ফলে মারাত্মক হুমকি ও সর্বনাশা ঝুঁকির মধ্যে পড়ে গেছে দেশের বিশাল এক জনগোষ্টি।
সীমান্ত রক্ষার কাজে, বিভিন্ন ধরনের আপরাধ নির্মূলে, দেশের মানুষের কল্যাণে জীবন বাজি রেখে যারা দায়িত্বটাকে নিজের সত্ত্বায় লালন করেন সেই সীমান্তরক্ষী বাহিনীও সেখানে হিমসিম খেয়ে যান।
এ প্রসঙ্গে বিজিবি ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ বলেছেন, ‘টেকনাফে সব ধরনের মোবাইল ফোনের কাভারেজ আছে’। এছাড়াও সীমান্তের কথা বলতে গেলে আমি মংডুতে গিয়েছিলাম, সেখানে দেখেছি রবি, বাংলালিংক নেটওয়ার্কের অনেক ভালো কাভারেজ পাওয়া যায়। ‘অনেক সময় দেখা যায় রবি সিম আমাদের দেশ থেকে পাচার হচ্ছে মিয়ানমারে, সেখান থেকে বাংলাদেশে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। মূলত এই সুযোগটা নেয় চোরাকারবারিরা। ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন কাজ করে। এতে আমাদের কাছে নিরাপত্তা বিঘিœত একটা ব্যাপার হয়ে দাঁড়ায়’।
এই নেটওয়ার্কের ফলে ব্যাপারটা এমন একটা ঝুঁকিকর পর্যায়ে পৌঁছেছে যে, সিমগুলো পাচার হয়ে যাচ্ছে আর সেই সিমের মাধ্যমে বিভিন্ন মাদক ব্যবসায়ীরা জোর দিয়েই নিয়ন্ত্রণ করছে তাদের ব্যবসা। মাদক ব্যবসায়ীদের পাশাপাশি সেই সুযোগটি গত ২ বছর ধরে কাজে লাগাচ্ছে সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচারকারীরা। এছাড়াও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকার জনগণের অনেকেই ব্যবহার করছে আমাদের দেশের মোবাইল সিম ও আমাদের দেশের নেটওয়ার্ক। কিন্তু এই সমস্যা সমাধানে নেই কারোরই কোন পদক্ষেপ।
তবে সিম কোম্পানিগুলোর এ ধরনের কার্যক্রম প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান বলেছেন, আমি বিষয়টি শুনলাম, জানলাম। এখন বিষয়টি নিয়ে আমরা কাজ করবো। আমরা মোবাইল অপারেটরদের ডেকে কথা বলবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।


























































